বছরের শুরুতেই চাঙা শেয়ারবাজার
চাঙাভাবের মধ্য দিয়ে আজ রোববার বছরের প্রথম কর্মদিবসে লেনদেন শেষ হয়েছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম ও বাজার মূলধন বেড়েছে। তবে আর্থিক লেনদেন কিছুটা কমেছে। আজ অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, বিমা ও বস্ত্র খাতে বেশ চাঙাভাব দেখা গেলেও ব্যাংকিং ও মিউচুয়াল ফান্ড খাতের বেশির ভাগ প্রতিষ্ঠানের দাম কমেছে। তবে অন্য খাতগুলোয় মিশ্র অবস্থা দেখা গেছে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়। দিনের শেষে সাধারণ মূল্যসূচক ১৪ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ৮৩০৪.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট এক হাজার ৬১২ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ১৭১ কোটি টাকা কম।এদিকে আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৪৪টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে মোট দুটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান খাতের ২১টির মধ্যে ১৮টির, বিমা খাতের ৪৪টির মধ্যে ৩৮টির ও বস্ত্র খাতের ২২টির মধ্যে ১৭টি প্রতিষ্ঠানের দাম বেড়েছে। এ ছাড়া সিমেন্ট খাতের পাঁচটির মধ্যে চারটির, প্রকৌশল খাতের ২১টির মধ্যে ১২টির, জ্বালানি খাতের ১১টির মধ্যে সাতটির, আইটি খাতের পাঁচটির মধ্যে তিনটির, বিবিধ খাতের নয়টির মধ্যে পাঁচটির, ওষুধ খাতের ১৯টির মধ্যে নয়টির শেয়ারের দাম বাড়ে। তবে ব্যাংকিং খাতের ৩০টি প্রতিষ্ঠানের মধ্যে ২৬টির ও মিউচুয়াল ফান্ড খাতের ৩১টির মধ্যে ২৭টির দাম কমে আজ।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো বেক্সিমকো টেক্সটাইল, সাউথইস্ট ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, এবি ব্যাংক, প্রাইম ব্যাংক, ওয়ান ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, বেক্সিমকো, পিপলস লিজিং ফিন্যান্স সার্ভিসেস ও এক্সিম ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে এইচআর টেক্সটাইলের শেয়ারের দাম। এ ছাড়া গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, প্রাইম ইনস্যুরেন্স, সাভার রিফ্রেক্টরিজ, জনতা ইনস্যুরেন্স, এক্সিম ব্যাংক, প্রিমিয়ার লিজিং, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল ও এশিয়া প্যাসিফিক ইনস্যুরেন্স দাম বৃদ্ধিতে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে ঢাকা ডাইয়িংয়ের শেয়ারের দাম। এ ছাড়া প্রথম জনতা ব্যাংক মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ প্রথম মিউচুয়াল ফান্ড, ট্রাস্ট ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, প্রথম বিএসআরএস মিউচুয়াল ফান্ড, প্রাইম ব্যাংক প্রথম আইসিবিএ মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ওয়ান ব্যাংক ও আইএফআইএল ইসলামি মিউচুয়াল ফান্ড ১ দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে তিন লাখ ৫১ হাজার ৩২৭ কোটি টাকা।