বছরের শুরুতেই পুঁজিবাজারে বড় ধরনের ধাক্কা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বছর শুরুতে বড় ধরনের ধাক্কা খেল দেশের পুঁজিবাজার। গত বছরের শেষ সপ্তাহ শেয়ারবাজারে বিনিয়োগকারীদের জন্য কিছুটা ভালো কাটলেও ২০১১ সালের প্রথম সপ্তাহ মোটেই ভালো কাটেনি তাঁদের। গোটা সপ্তাহই কেটেছে অস্থিরতার মধ্যে। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার দিনের দরপতন এই অস্থিরতার প্রধান কারণ। আর এই দরপতনের কারণে গোটা সপ্তাহে বেশ অস্থিরতার মধ্যে কাটাতে হয়েছে বিনিয়োগকারীদের। তবে সপ্তাহের প্রথম দিন কিছুটা চাঙা ছিল। বিনিয়োগকারীদের অস্থিরতার বহিঃপ্রকাশ ঘটে সপ্তাহের শেষ দুই দিন। এই দুই দিন সূচক বেশ নেমে গেলে পুঁজি হারানোর ভয়ে আতঙ্কিত বিনিয়োগকারীরা রাস্তায় নেমে বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মতিঝিলের বাণিজ্যিক এলাকা অনেকটা স্থবির হয়ে পড়ে। গোটা সপ্তাহে ডিএসইর সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম, আর্থিক লেনদেন ও বাজার মূলধন কমেছে।বাজার বিশ্লেষকেরা বলছেন, বাজারে তারল্য-সংকট হওয়ায় এই দরপতনের ঘটনা ঘটছে। কেননা, এর আগে বাজার ছিল অতি মূল্যায়িত। কিন্তু ডিসেম্বরে বিভিন্ন ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাজার থেকে তারল্য বের করে নেওয়ায় বাজার তারল্য-সংকটে পড়ে। এর ফলে বেশির ভাগ মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো এসইসির নির্দেশনা মতো বিনিয়োগকারীদের মার্জিন ঋণও দিতে পারছে না। এ বিষয়টিকেও দরপতনের কারণ হিসেবে মনে করা হচ্ছে।শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদের মতে, শেয়ারবাজার এখন ‘ভালুকের’ কবলে পড়েছে। তাই লেনদেনের পরিমাণও আগের চেয়ে অনেক কমেছে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক এবং বড় বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার আবার আগের অবস্থায় ফিরে আসবে।তবে বিনিয়োগকারীরা এই দরপতন কারসাজির মাধ্যমে ঘটানো হচ্ছে বলে অভিযোগ করেন। তাঁরা বলেন, একশ্রেণীর গ্যাম্বলার বাজার নিয়ে ইচ্ছামতো খেলছে। এতে পুঁজি হারিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা। ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে (২ থেকে ৬ জানুয়ারি) সাধারণ মূল্যসূচক ছয় দশমিক ৭০ শতাংশ বা ৫৫৫ দশমিক ২০ পয়েন্ট কমে সপ্তাহ শেষে ৭৭৩৫ দশমিক ২২ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুতে ছিল ৮২৯০ দশমিক ৪১ পয়েন্ট। সপ্তাহের পাঁচ দিনের মধ্যে প্রথম দিন বাজার ছিল ঊর্ধ্বমুখী আর বাকি চার দিনই ছিল নিম্নমুখী। একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন ১৮ দশমিক ৮৭ শতাংশ কমে গড়ে প্রতিদিন এক হাজার ২২৮ কোটি টাকা করে হয়েছে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে ছয় হাজার ১৪০ কোটি টাকা। তবে বৃহস্পতিবার ৯৬৯ কোটি ৮৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৫০ হাজার ৮০০ কোটি টাকা, যা সপ্তাহ শেষে পাঁচ দশমিক ৭৯ শতাংশ কমে তিন লাখ ৩০ হাজার ৪৭২ কোটি টাকায় দাঁড়ায়।গেল সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৪৯টি প্রতিষ্ঠানের মধ্যে দাম কমেছে ২৩৫টির এবং বেড়েছে ১৪টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, সাউথইস্ট ব্যাংক, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি)।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা আটটি প্রতিষ্ঠান হলো—গ্রামীণ মিউচুয়াল ফান্ড ১, বেক্সিমকো সিনথেটিকস, এসিআই ২০% কনভারটিবল জিরো কুপন বন্ড, গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ড, সিএমসি কামাল, সিঙ্গার বাংলাদেশ, সাভার রিফ্রাক্টরিজ ও প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড।সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—মুন্নু জুটেক্স, ঢাকা ডাইং, রহিম টেক্সটাইল, উত্তরা ব্যাংক, প্রাইম ব্যাংক, ফাইন ফুডস, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ড্যাফোডিল কম্পিউটারস, লিব্রা ইনফিউশনস ও সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ।