বছরের শুরুতেই বড় ধরনের দরপতন
নতুন বছরের শুরুটা ভালো হলো না বিনিয়োগকারীদের। বছরের প্রথম সপ্তাহে বড় ধরনের দরপতন ঘটেছে দেশের পুঁজিবাজারে। আর পুঁজি হারিয়ে রাস্তায় নেমে বিনিয়োগকারীরা পর পর দুই দিন বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় বিনিয়োগকারীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। বিক্ষোভকারীদের ওপর পুলিশের লাঠিপেটা, টিয়ার গ্যাস নিক্ষেপ ও জলকামান ব্যবহারের ঘটনা ঘটেছে। এমনকি এই প্রথমবারের মতো বিনিয়োগকারীদের গ্রেপ্তার করেছে পুলিশ। গোটা সপ্তাহে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক, বেশির ভাগ শেয়ারের দাম, লেনদেনের পরিমাণ ও বাজার মূলধন অনেক কমেছে। ডিএসইতে গত সপ্তাহে সাধারণ মূল্যসূচক ৫৫৫ পয়েন্টের বেশি বা ৬ দশমিক ৭০ শতাংশ কমেছে। তার মানে এ সময় প্রতিদিন গড়ে সূচক কমেছে ১১১ পয়েন্ট হারে। আর এর প্রভাবে স্টক এক্সচেঞ্জটির বাজার মূলধন ১৯ হাজার ৩২৮ কোটি টাকার বেশি হারিয়েছে। বর্তমানে মোট বাজার মূলধন তিন লাখ ৩০ হাজার ৪৭২ কোটি টাকার কিছু বেশি। যা গত সপ্তাহের বাজার মূলধন তিন লাখ ৫০ হাজার ৮০০ কোটি টাকার চেয়ে ৫ দশমিক ৭৯ শতাংশ কম।গত সপ্তাহে ডিএসইতে মোট ২৫১টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ২৩৫টি কোম্পানির শেয়ারের দাম কমেছে, বেড়েছে মাত্র ১৪টি কোম্পানির শেয়ারের দাম। সপ্তাহ শেষে ডিএসইর সাধারণ সূচক কমে দাঁড়ায় সাত হাজার ৭৩৫ পয়েন্টে। যা সপ্তাহের শুরুতে ছিল ৮২৯০ দশমিক ৪১ পয়েন্ট।গত সপ্তাহে লেনদেনের পরিমাণ আগের সপ্তাহের তুলনায় ১৮ দশমিক ৮৭ শতাংশ কমেছে। গত সপ্তাহে লেনদেনের পরিমাণ ছিল ছয় হাজার ১৪০ কোটি টাকা। যা আগের সপ্তাহে ছিল সাত হাজার ৫৬৯ কোটি টাকা। গত সপ্তাহে প্রতিদিন গড়ে এক হাজার ২২৮ কোটি টাকা করে লেনদেন হয়েছে। তবে বৃহস্পতিবার ৯৬৯ কোটি ৮৬ লাখ টাকার আর্থিক লেনদেন হয়, যা গত নয় মাসের মধ্যে সর্বনিম্ন। গত বছরের শেষ সপ্তাহের গড়ে প্রতিদিন লেনদেন হয়েছে এক হাজার ৪১৪ কোটি টাকা।খোঁজ নিয়ে জানা গেছে, চলতি ২০১১ সালের প্রথম সপ্তাহ বিনিয়োগকারীদের মোটেই ভালো কাটেনি। সপ্তাহের পাঁচ কর্মদিবসের মধ্যে চার দিনই দরপতন ঘটায় বিনিয়োগকারীরা ছিলেন আতঙ্কিত। পুঁজি হারিয়ে তাঁরা সপ্তাহের শেষ দুই দিন বুধ ও বৃহস্পতিবার রাস্তায় নেমে বিক্ষোভ ও ভাঙচুর চালান। এ সময় পুলিশ ঘটনাস্থল ও ব্রোকারেজ হাউসের মধ্য থেকে ছয়জনকে আটক করে নিয়ে যায়। এ ছাড়া মতিঝিল থানায় এক হাজার অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা করা হয়। বিনিয়োগকারীদের মতে, একসময় পুঁজিবাজার চাঙা করার জন্য ডিএসই ও সিএসইর পক্ষ থেকে বিনিয়োগকারীদের আমন্ত্রণ জানানো হতো। আর সেই বিনিয়োগকারীদের পুলিশ আটক করে মামলা দিচ্ছে। এ ধরনের ঘটনায় বিনিয়োগকারীরা ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন। অন্যদিকে শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদের মতে, শেয়ারবাজার এখন ভালুকের কবলে পড়েছে। তাই লেনদেনের পরিমাণও আগের চেয়ে অনেক কমেছে। এ ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক এবং বড় বড় বিনিয়োগকারীরা সক্রিয় হলে বাজার আবার আগের অবস্থায় ফিরে আসবে।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: এনবিএল, সাউথইস্ট ব্যাংক, বেক্সটেক্স, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট, এবি ব্যাংক, পিপলস লিজিং অ্যান্ড ফিন্যান্স সার্ভিসেস, বেক্সিমকো, ওয়ান ব্যাংক, প্রাইম ব্যাংক ও ইউনাইটেড এয়ারওয়েজ (বিডি)।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধিতে শীর্ষে থাকা আটটি প্রতিষ্ঠান হলো: গ্রামীণ মিউচুয়াল ফান্ড এক, বেক্সিমকো সিনথেটিকস, এসিআই বন্ড, গ্রামীণ মিউচুয়াল ফান্ড দুই, সিএমসি কামাল, সিঙ্গার বাংলাদেশ, সাভার রিফ্রাক্টরিজ ও প্রথম আইসিবি মিউচুয়াল ফান্ড।