বছরের শেষ কর্মদিবসে চাঙা ঢাকার শেয়ারবাজার
বছর শেষ হতে এক দিন বাকি থাকলেও আজ বৃহস্পতিবার বছরের শেষ কর্মদিবসে চাঙাভাব লক্ষ করা গেছে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)। আজ সাধারণ সূচক, আর্থিক লেনদেন ও বাজারমূলধন বেড়েছে। গতকাল বুধবার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) মিউচুয়াল ফান্ডে ঋণ দেওয়ার ক্ষেত্রে ইউনিটের বাজারমূল্য প্রকৃত সম্পদমূল্যের (এনএভি) দেড় গুণের মধ্যে থাকার শর্ত প্রত্যাহার করায় আজ মিউচুয়াল ফান্ড খাতে চাঙাভাব লক্ষ করা যায়। এ খাতের আটটি প্রতিষ্ঠান আজ দাম বাড়ায় শীর্ষ ১০-এর তালিকায় স্থান পায়। এ ছাড়া আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংক, বিমা, সিমেন্ট, সিরামিকসহ বেশির ভাগ খাত চাঙা থাকে।ডিএসই সূত্রে জানা যায়, চাঙাভাবের মধ্য দিয়ে আজ লেনদেন শুরু হয়, যা সারা দিনই অব্যাহত থাকে। দিন শেষে সাধারণ মূল্যসূচক ৭৫ দশমিক ৩৫ পয়েন্ট বেড়ে ৮২৯০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। আজ ডিএসইতে মোট এক হাজার ৭৮৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৩০৪ কোটি টাকা বেশি। আজ লেনদেন হওয়া ২৪৬টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৮৬টির, কমেছে ৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে দুটির।এদিকে খাত অনুযায়ী বিশ্লেষণ করলে দেখা যায়, আজ মিউচুয়াল ফান্ড খাতের ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ৩০টির দাম বেড়েছে। এ ছাড়া অন্যান্য খাতের মধ্যে ব্যাংকের ৩০টির মধ্যে ২৩টির, সিমেন্টের পাঁচটির মধ্যে সবকটির, সিরামিকের পাঁচটির মধ্যে সবকটির, প্রকৌশলের ২১টির মধ্যে ১৭টির, আর্থিক প্রতিষ্ঠানের ২১টির মধ্যে সবকটির, জ্বালানির ১১টির মধ্যে সাতটির, আইটির পাঁচটির মধ্যে চারটির, বিবিধ প্রতিষ্ঠানের নয়টির মধ্যে পাঁচটির, ওষুধের ১৯টির মধ্যে ১১টির ও বস্ত্রের ২২টির মধ্যে ১৫টি প্রতিষ্ঠানের দাম বাড়ে ।আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—সাউথইস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, এবি ব্যাংক, ওয়ান ব্যাংক, বেক্সিমকো, সিটি ব্যাংক, বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট ও ইসলামী ব্যাংক।আজ সবচেয়ে বেশি বেড়েছে গ্রামীণ ১ স্কিম ২ মিউচুয়াল ফান্ডের ইউনিটের দাম। এ ছাড়া সিএমসি কামাল, পিএইচপি মিউচুয়াল ফান্ড ১, এইমস প্রথম মিউচুয়াল ফান্ড, পপুলার লাইফ প্রথম মিউচুয়াল ফান্ড, গ্রিন ডেল্টা মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড, আইসিবি এমপ্লয়িজ মিউচুয়াল ফান্ড ১ ও আইএফআইএল ইসলামী মিউচুয়াল ফান্ড ১ দাম বাড়ায় শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে। এ দিকে আজ সবচেয়ে বেশি কমেছে ইস্টার্ন ইনস্যুরেন্সের শেয়ারের দাম। এ ছাড়া মার্কেন্টাইল ইনস্যুরেন্স, এইচআর টেক্সটাইল, সোনালি আঁঁশ, প্রাইম ব্যাংক, ফাইন ফুড, চিটাগাং ভেজিটেবল, আলহাজ টেক্সটাইল, ফার্মা এইড ও মেঘনা কনডেন্সড মিল্ক দাম কমে যাওয়া শীর্ষ ১০টি প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে।আজ ডিএসইর বাজার মূলধন হয়েছে তিন লাখ ৫০ হাজার ৮০০ কোটি টাকা।