বছরের শেষ দিনে সূচক ঊর্ধ্বমুখী
বছরের শেষ কর্মদিবস আজ রোববার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার মধ্য দিয়ে শেষ হয়েছে শেয়ারবাজারের লেনদেন। বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে দুই স্টক এক্সচেঞ্জে হাতবদল হওয়া বেশির ভাগ কোম্পানির শেয়ারের দাম বেড়েছে। ফলে সূচকও বেড়েছে। একই সঙ্গে প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন সামান্য বাড়লেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) কমেছে।ডিএসই ওয়েবসাইট সূত্রে জানা যায়, দিনশেষে ডিএসইর সাধারণ মূল্যসূচক ১৪ পয়েন্ট বেড়ে ৪২১৯ পয়েন্টে দাঁড়িয়েছে। সকাল সাড়ে ১০টায় সূচকের ঊর্ধ্বগতি প্রবণতায় লেনদেন শুরু হয়। একপর্যায়ে সূচক ২৭ পয়েন্ট বাড়লেও পরে এই হার কমতে শুরু করে। তবে শেষ পর্যন্ত সূচক ঊর্ধ্বমুখী ছিল।আজ ডিএসইতে মোট ২৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৬২টির দাম বেড়েছে, কমেছে ৮৭টির আর অপরিবর্তিত রয়েছে ২৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। স্টক এক্সচেঞ্জে ২৪৯ কোটি টাকার শেয়ারের লেনদেন হয়েছে, যা গত বৃহস্পতিবারের চেয়ে ২২ কোটি টাকা বেশি।দিনশেষে ডিএসইতে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো: বেক্সিমকো, ইউনাইটেড এয়ার, ইউনিক হোটেল, বেক্সিমকো ফার্মা, গ্রামীণফোন, তিতাস গ্যাস, প্রাইম ব্যাংক, এনবিএল, সামিট পাওয়ার ও ঢাকা ডাইং।অন্যদিকে, বেলা আড়াইটায় দিনের লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক ৪৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১২৮৫৪ পয়েন্টে। সিএসইতে আজ ১৮০টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ৯৫টির দাম বেড়েছে, কমেছে ৬২টির আর অপরিবর্তিত রয়েছে ২৩টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে আজ ২৪ কোটি টাকার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ছয় কোটি টাকা কম।