বছরের শেষ সপ্তাহে চাঙা ছিল ঢাকার শেয়ারবাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঙাভাবের মধ্য দিয়ে ২০১০ সালের শেষ সপ্তাহ অতিক্রম করেছে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএই)। গত সপ্তাহে সাধারণ সূচক ও বেশির ভাগ শেয়ারের দাম বাড়ার পাশাপাশি বেড়েছে বাজার মূলধনও। তবে আর্থিক লেনদেন আগের সপ্তাহের চেয়ে কিছুটা কমেছে।ডিএসই সূত্রে জানা যায়, গত সপ্তাহে (২৬ থেকে ৩০ ডিসেম্বর) সাধারণ মূল্যসূচক ২ দশমিক ২৫ শতাংশ বা ১৮২ দশমিক ৩১ পয়েন্ট বেড়ে সপ্তাহ শেষে ৮২৯০ দশমিক ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা সপ্তাহের শুরুতে ছিল ৮১০৮ দশমিক ১১ পয়েন্ট। সপ্তাহের পাঁচ দিনের চার দিনই চাঙাভাব ছিল শেয়ারবাজারে। তবে একই সময়ে আর্থিক লেনদেন গড়ে প্রতিদিন শূন্য দশমিক ৩৬ শতাংশ কমে গড়ে প্রতিদিন এক হাজার ৫১৩ কোটি টাকা করে হয়েছে। সপ্তাহ জুড়ে মোট লেনদেন হয়েছে সাত হাজার ৫৬৯ কোটি টাকা।এদিকে সপ্তাহের শুরুতে ডিএসইর বাজার মূলধন ছিল তিন লাখ ৪৬ হাজার ৭৯০ কোটি টাকা, যা সপ্তাহ শেষে এক দশমিক ১৬ শতাংশ বেড়ে তিন লাখ ৫০ হাজার ৮০০ কোটি টাকায় দাঁড়ায়।গেল সপ্তাহে বেশির ভাগ শেয়ারের দাম বেড়েছে। এ সময় লেনদেন হওয়া মোট ২৫১টি প্রতিষ্ঠানের মধ্যে দাম বেড়েছে ১৫৩টির, কমেছে ৯৭টির এবং অপরিবর্তিত ছিল একটি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।গত সপ্তাহে লেনদেনে শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—এনবিএল, প্রাইম ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, তিতাস গ্যাস, ওয়ান ব্যাংক, ইসলামী ব্যাংক, এবি ব্যাংক, ইউনাইটেড এয়ারওয়েজ, বেক্সিমকো ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক।সমাপনী মূল্যের ভিত্তিতে গত সপ্তাহে দাম বৃদ্ধির শীর্ষে থাকা ১০টি প্রতিষ্ঠান হলো—রহিম টেক্সটাইল, গ্রামীণ দ্বিতীয় মিউচুয়াল ফান্ড, ইস্টার্ন হাউজিং, পিএইচপি প্রথম মিউচুয়াল ফান্ড, ইউনাইটেড এয়ারওয়েজ, সাউথইস্ট ব্যাংক, সিএমসি কামাল, ওয়ান ব্যাংক, জনতা ব্যাংক প্রথম মিউচুয়াল ফান্ড এবং আইএফআইএল প্রথম ইসলামিক মিউচুয়াল ফান্ড। সমাপনী মূল্যের ভিত্তিতে দাম কমে যাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে শীর্ষ ১০টি প্রতিষ্ঠান হলো—ইস্টার্ন ইনস্যুরেন্স, এইচআর টেক্সটাইল, দুলামিয়া কটন, আলহাজ টেক্সটাইল, সায়হাম টেক্সটাইল, ফার্মা এইড, তিতাস গ্যাস, ফাইন ফুড, পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ ও গ্রামীণফোন।