বছরের সেরা বিমান পুরস্কার প্রদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এয়ারলাইন অব দ্য ইয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা
এয়ারলাইন অব দ্য ইয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির সঙ্গে পুরস্কারপ্রাপ্তরা

বাংলাদেশি নিয়মিত বিমান ভ্রমণকারীদের মতামত জরিপে এমিরেটস ২০১২ সালের সেরা এয়ারলাইন বিবেচিত হয়েছে। এ ছাড়া ইউনাইটেড এয়ারওয়েজ সেরা অভ্যন্তরীণ এয়ারলাইন, ক্যাথে প্যাসিফিক ড্রাগনএয়ার সেরা কার্গো এয়ারলাইন এবং কুয়ালালামপুর সবচেয়ে জনপ্রিয় গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে।
শীর্ষস্থানীয় পর্যটন ও বিমান চলাচলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর কর্তৃক নিয়মিত বিমান ভ্রমণকারীদের মাঝে পরিচালিত মতামত জরিপে এসব তথ্য উঠে আসে। দুই হাজার ২০০ নিয়মিত ভ্রমণকারী এ মতামত জরিপে অংশগ্রহণ করেন। ইস্টার্ন ব্যাংক এ আয়োজনের টাইটেল স্পনসর এবং ওয়েস্টিন হোটেল স্পনসর হিসেবে সহযোগিতা প্রদান করে।
রাজধানীর ওয়েস্টিন হোটেলে গত শনিবার সন্ধ্যায় আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে বিমানসেবার বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা এয়ারলাইনগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এয়ারলাইন প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। দ্য বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং দি ওয়েস্টিন ঢাকার মহাব্যবস্থাপক ও বিচারকমণ্ডলীর সভাপতি আজিম শাহ্ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন।
সেরা এয়ারলাইন ছাড়াও সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা ইনফ্লাইট বিনোদন ও সেরা ইকোনমি শ্রেণীর পুরস্কার লাভ করে এমিরেটস।
সেরা বিজনেস শ্রেণী ও সর্বাধিক জনপ্রিয় ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম পুরস্কার লাভ করে সিঙ্গাপুর এয়ারলাইনস।
থাই এয়ারওয়েজ সেরা স্বল্পপাল্লার এয়ারলাইন এবং টাইগার এয়ারওয়েজ সেরা বাজেট এয়ারলাইন হিসেবে পুরস্কৃত হয়েছে।
কাতার এয়ারওয়েজ বিজনেস শ্রেণীতে এবং জেট এয়ারওয়েজ ইকোনমি শ্রেণীতে সেরা খাবার পরিবেশনের জন্য পুরস্কার লাভ করে।
মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এ বছর বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। দুবাই ও ব্যাংকক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।
সেরা এয়ার এক্সপ্রেস ক্যাটাগরিতে ডিএইচএল এক্সপ্রেস সর্বাধিক ভোট লাভ করেছে; দ্বিতীয় ও তৃতীয় রয়েছে যথাক্রমে ফেডেক্স ও ইউপিএস।
তিনটি বিমান সংস্থা এবার বিচারক কমিটির পক্ষ থেকে বিশেষ পুরস্কার লাভ করেছে। বিভিন্ন বিবেচনায় পুরস্কারপ্রাপ্ত এয়ারলাইনগুলো হচ্ছে বিমান, রিজেন্ট এয়ারওয়েজ ও সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইনস।
দ্য বাংলাদেশ মনিটর দেশে চলাচলকারী বিভিন্ন এয়ারলাইনের সেবার মান যাচাই এবং তাদের মধ্যে প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার লক্ষ্যে ২০০৭ সাল থেকে প্রতিবছর নিয়মিতভাবে এ মতামত জরিপ এবং পুরস্কার প্রদান অনুষ্ঠানের আয়োজন করে আসছে।