বছরের সেরা বিমান সংস্থা এমিরেটস দেশে রিজেন্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি নিয়মিত বিমানযাত্রীদের মতামত জরিপে এমিরেটস ২০১১ সালের সেরা এয়ারলাইন বা বিমান সংস্থা হিসেবে বিবেচিত হয়েছে। এ ছাড়া দেশের ভেতর সেরা বিমান সংস্থা হিসেবে নাম উঠে এসেছে রিজেন্ট এয়ারওয়েজের। আবার পণ্য পরিবহনের ক্ষেত্রে সিঙ্গাপুর এয়ারলাইনস সেরা কার্গো এয়ারলাইন মনোনীত হয়েছে। আর সবচেয়ে জনপ্রিয় ভ্রমণ গন্তব্য হিসেবে নির্বাচিত হয়েছে দুবাই।পর্যটন ও বিমান চলাচলবিষয়ক পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর প্রায় দুই হাজার ৫০০ নিয়মিত বিমান ভ্রমণকারীদের ওপর এই মতামত জরিপ চালায়। গতকাল শনিবার রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল প্রকাশ ও বিমানসেবার বিভিন্ন বিভাগে নির্বাচিত সেরা সংস্থাগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী মোহাম্মদ ফারুক খান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিমান সংস্থাগুলোর প্রতিনিধিদের হাতে পুরস্কার তুলে দেন। বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম, ইস্টার্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আলী রেজা ইফতেখার এবং বিচারকমণ্ডলীর সভাপতি আজিম শাহ্ অন্যান্যের মধ্যে অনুষ্ঠানে বক্তব্য দেন। ইস্টার্ন ব্যাংক এ আয়োজনের পৃষ্ঠপোষকতা করে।সেরা এয়ারলাইন ছাড়াও সেরা দূরপাল্লার এয়ারলাইন, সেরা ইনফ্লাইট বিনোদন সেবা ও অন্যতম বিশ্বস্ত এয়ারলাইনের স্বীকৃতি লাভ করেছে এমিরেটস। সেরা ইকোনমি ক্লাস ও অন্যতম বিশ্বস্ত এয়ারলাইন হিসেবে সিঙ্গাপুর এয়ারলাইনসও পুরস্কার লাভ করে।অন্যদিকে সেরা বাজেট এয়ারলাইন হিসেবে স্বীকৃতি লাভ করেছে শ্রীলঙ্কার মিহিনলঙ্কা।থাই এয়ারওয়েজ সেরা স্বল্পপাল্লার এয়ারলাইন ও নিয়মিত ভ্রমণকারীদের জন্য সেরা লয়ালটি প্রোগ্রাম প্রদানকারী হিসেবে পুরস্কৃত হয়েছে।কাতার এয়ারওয়েজ সেরা বিজনেস ক্লাস এবং মালয়েশিয়া এয়ারলাইনস বিজনেস ক্লাসে সেরা খাবার পরিবেশনের জন্য পুরস্কার লাভ করে। ইকোনমি ক্লাসে সেরা খাবার পরিবেশন ও অন্যতম বিশ্বস্ত এয়ারলাইনের পুরস্কার লাভ করে টার্কিশ এয়ারলাইনস।এ ছাড়া ইতিহাদ এয়ারওয়েজ, সৌদি এরাবিয়ান এয়ারলাইনস অন্যতম বিশ্বস্ত এয়ারলাইনের স্বীকৃতি লাভ করে।সংযুক্ত আরব-আমিরাতের দুবাই এ বছর বাংলাদেশের পর্যটকদের কাছে সবচেয়ে পছন্দের গন্তব্য হিসেবে বিবেচিত হয়েছে। কুয়ালালামপুর ও প্যারিস যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থানে রয়েছে।এ বছর নতুন প্রবর্তিত সেরা এয়ার এক্সপ্রেস ক্যাটাগরিতে ডিএইচএল এক্সপ্রেস সর্বাধিক ভোট লাভ করেছে; দ্বিতীয় ও তৃতীয় রয়েছে যথাক্রমে ফেডেক্স ও টিএনটি এক্সপ্রেস।