
আকাশপথে বাংলাদেশের নিয়মিত ভ্রমণকারীদের মতামত জরিপে ২০১৫ সালের সেরা বিমান সংস্থা নির্বাচিত হয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইনস। স্থানীয় ইউএস-বাংলা মনোনীত হয়েছে সেরা অভ্যন্তরীণ বিমান সংস্থা। এ ছাড়া সেরা কার্গো বিমানের স্বীকৃতি পেয়েছে ক্যাথে প্যাসিফিক ড্রাগন এয়ার।
ভ্রমণ ও পর্যটনবিষয়ক স্থানীয় পাক্ষিক দ্য বাংলাদেশ মনিটর এই জরিপ পরিচালনা করে। রাজধানীর একটি হোটেলে গত বৃহস্পতিবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিমান সংস্থাগুলোকে পুরস্কার দেওয়া হয়েছে।
ক্যাটাগরি বা শ্রেণি অনুযায়ী সেরা হিসেবে পুরস্কার পাওয়া বিমান সংস্থাগুলো হচ্ছে এমিরেটস এয়ারলাইনস (বিজনেস ক্লাস), ইত্তেহাদ এয়ারওয়েজ (ইকোনমি ক্লাস), টার্কিশ এয়ারলাইনস (বিজনেস ক্লাসে খাবার পরিবেশন), বিমান বাংলাদেশ এয়ারলাইনস (ইকোনমি ক্লাসে খাবার পরিবেশন), ব্যাংকক এয়ারওয়েজ (স্বল্পপাল্লার বিমান সংস্থা), এমিরেটস এয়ারলাইনস (দূরপাল্লার বিমান সংস্থা), টাইগার এয়ারওয়েজ (বাজেট এয়ারলাইন), স্কাইওয়ার্ডস-এমিরেটস এয়ারলাইনস (ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম)। নভোএয়ার এবং কাতার এয়ারওয়েজ জুরিদের বিশেষ পুরস্কার লাভ করেছে।
এ ছাড়া ডিএইচএল এক্সপ্রেস সেরা এয়ারএক্সপ্রেস কোম্পানি এবং মালয়েশিয়ার কুয়ালালামপুর সর্বাধিক জনপ্রিয় গন্তব্য নির্বাচিত হয়।
জরিপের ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বিশেষ অতিথি ছিলেন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন মনিটর সেরা বিমান সংস্থা পুরস্কার-২০১৫-এর জুরি কমিটির চেয়ারম্যান ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আবদুল মুয়ীদ চৌধুরী এবং বাংলাদেশ মনিটর সম্পাদক কাজী ওয়াহিদুল আলম। বিজ্ঞপ্তি।