বছরের সেরা রপ্তানিকারক পুরস্কারের মনোনয়ন চেয়েছে এইচএসবিসি

বাংলাদেশের পাঁচজন কৃতী রপ্তানিকারককে সম্মাননা দেবে দি হংকং অ্যান্ড সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) লিমিটেড বাংলাদেশ। রপ্তানির মাধ্যমে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অবদানের স্বীকৃতি হিসেবে পঞ্চমবারের মতো বাংলাদেশের রপ্তানিকারকদের ‘এইচএসবিসি এক্সপোর্ট একসিলেন্স অ্যাওয়ার্ডস’ দেওয়ার ঘোষণা করা হয়েছে।
রাজধানীর একটি হোটেলে গতকাল এক সংবাদ সম্মেলনে এইচএসবিসি বাংলাদেশের পক্ষ থেকে এ খবর জানানো হয়। এতে বক্তব্য দেন এইচএসবিসি বাংলাদেশের প্রধান নির্বাহী অ্যান্ড্রু টিল্ক, করপোরেট ব্যাংকিং প্রধান মো. মাহবুব-উর-রহমান এবং হেড অব কমিউনিকেশনস তালুকদার নোমান আনোয়ার।
সংবাদ সম্মেলনে জানানো হয়, এই পুরস্কারের নমিনেশন ফরম পূরণের মাধ্যমে ‘বছরের সেরা রপ্তানিকারক’ হিসেবে চারটি বিভাগে নির্বাচিত হওয়ার সুযোগ রয়েছে। এগুলো হলো, বছরের সেরা রপ্তানিকারক (তৈরি পোশাকশিল্প ও টেক্সটাইলস) বিভাগে বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলার বা তার বেশি হলে এ গ্রুপে এবং বার্ষিক রপ্তানি আয় পাঁচ কোটি ডলারের কম হলে খ গ্রুপে; বছরের সেরা রপ্তানিকারক (ইপিজেড এন্টারপ্রাইজেস) বিভাগে বাংলাদেশের রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগুলোতে অবস্থিত শিল্পপ্রতিষ্ঠানগুলোর মধ্যে বছরের সেরা রপ্তানিকারক (সনাতন ও উদীয়মান ক্ষেত্র) বিভাগে বার্ষিক রপ্তানি আয় (তৈরি পোশাকশিল্প ও টেক্সটাইলস বাদে) ৫০ লাখ ডলার বা তার বেশি হলে; এবং বছরের সেরা রপ্তানিকারক (ক্ষুদ্র ও মাঝারি শিল্প) বার্ষিক রপ্তানি আয় (তৈরি পোশাকশিল্প ও টেক্সটাইলস বাদে) ৫০ লাখ ডলারের কম হলে।
নমিনেশন ফরম ও অন্যান্য বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.hsbc.com.bd/eea ওয়েবসাইটে। রপ্তানিকারকেরা অন্য রপ্তানিকারকদেরও মনোনয়ন দিতে পারবেন। নমিনেশন জমা দেওয়ার শেষ তারিখ ২১ মে, ২০১৪।
প্রথম আলো, দি ডেইলি স্টার এবং বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম এই পুরস্কারের কৌশলগত অংশীদার।