বঞ্চনা এখন ভোক্তাদের গা-সওয়া হয়ে গেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস। এবারের প্রতিপাদ্য: আমাদের ফোনের অধিকার। দিবসটি সামনে রেখে ভোক্তাস্বার্থ-সংশ্লিষ্ট নানা বিষয়ে বলেছেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক

কাজী ফারুক
কাজী ফারুক

প্রথম আলো: দেশে ভোক্তাস্বার্থ কতটুকু সংরক্ষিত হচ্ছে?
কাজী ফারুক: দেশে ভোক্তাদের অধিকার আছে বলে মনে হয় না। বহু বছর ধরে ভোক্তা অধিকার আন্দোলন করে আমার এ তিক্ত অভিজ্ঞতা হয়েছে। সকালে ঘুম ভাঙার পর থেকে মধ্যরাতে ঘুমাতে যাওয়ার আগপর্যন্ত খাওয়া থেকে সেবা গ্রহণ—সব ক্ষেত্রেই আমরা অধিকারবঞ্চিত হচ্ছি। অথচ ভোক্তার অধিকার রক্ষায় আইন হয়েছে, একটি অধিদপ্তরও প্রতিষ্ঠিত হয়েছে। আর ১৯৭৮ সালে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই ভোক্তা-স্বার্থ রক্ষায় আমরা কাজ করছি। কিন্তু ভোক্তাদের অধিকার সংরক্ষিত হচ্ছে না। এর বড় কারণ, ভোক্তারা তাঁদের অধিকার সম্পর্কে সচেতন নন। বছর দশেক আগে আমরা দেশব্যাপী একটা জরিপ করেছিলাম। তাতে দেখা দেছে, ৫ থেকে ৬ শতাংশ ভোক্তা অধিকার সম্পর্কে সচেতন। এখন জরিপ হলে হয়তো এ হার ১৫ থেকে ২০ শতাংশে দাঁড়াবে। কারণ, ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর কিছু কাজ করছে। সবচেয়ে ভালো কাজ করছে গণমাধ্যম। ভোক্তাদের মধ্যে সচেতনতা যত বাড়বে, তাঁদের অধিকারও তত সংরক্ষিত হবে। সচেতনতা না থাকায় ভোক্তারা ভোক্তা হিসেবে উপযুক্ত সম্মানটা পান না। সেটা রক্ষার জন্যই আমাদের আন্দোলন।
প্রথম আলো: ভোক্তা-স্বার্থ রক্ষায় কী কী পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে মনে করেন?
কাজী ফারুক: ভোক্তারা খুবই অসহায়। এ অবস্থার পরিবর্তনের জন্য তাঁদের সচেতনতা বাড়ানো প্রয়োজন। আমার অধিকার আমাকে প্রতিষ্ঠা করতে হবে—এ বিষয়টা যখন সবার মধ্যে আসবে, তখন এমনিতেই ভোক্তার স্বার্থ রক্ষা হবে। কিন্তু আমাদের ভোক্তাদের মধ্যে একধরনের সহনশীলতা তৈরি হয়ে গেছে। ভোক্তাস্বার্থ লঙ্ঘিত হলেও তাঁরা প্রতিবাদ করেন না। আবার ভোক্তা অধিকার সংরক্ষণ আইনটির কিছু ত্রুটি রয়েছে। তার সংশোধন হওয়া প্রয়োজন। ভারতে ১৯৮৫ সালে ভোক্তা অধিকার আইন হয়েছে। সময়ের দাবি অনুযায়ী সেখানে চারবার আইনটির সংশোধন হয়েছে। আমাদেরটা কেন হবে না? দেশে ভোক্তা অধিকার সংগঠন খুব বেশি গড়ে ওঠেনি। ভোক্তাদের সচেতনতা বাড়াতে এর প্রয়োজন রয়েছে। গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে ভোক্তা সংগঠন গড়ে তুলতে হবে। ভারতের শুধু পশ্চিমবঙ্গ রাজ্যেই ১৮টি ভোক্তা অধিকার সংগঠন রয়েছে।
প্রথম আলো: ভোক্তা-স্বার্থ রক্ষায় সরকারি উদ্যোগ যথেষ্ট কি না?
কাজী ফারুক: বিশ্বের অনেক দেশেই ভোক্তাবিষয়ক মন্ত্রণালয় রয়েছে। তারাই ভোক্তাদের স্বার্থ দেখে। আমাদের দেশে দেখে বাণিজ্য মন্ত্রণালয়। সমস্যাটা এখানেই। বাণিজ্য মন্ত্রণালয় ব্যবসায়ীদের স্বার্থও দেখে, আবার ভোক্তাদের স্বার্থও দেখে। ফলে স্বার্থের দ্বন্দ্বও দেখা দেয়। সে কারণেই ভোক্তাবিষয়ক আলাদা মন্ত্রণালয় করা প্রয়োজন। তা না হওয়া পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ কার্যক্রমের আরও সম্প্রসারণ এবং তা জোরদার করা প্রয়োজন। ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সচেতনতামূলক কার্যক্রম চালাচ্ছে, কিন্তু তা আরও বেশি করা উচিত।
প্রথম আলো: অভিযোগ না পেলে অধিদপ্তর ব্যবস্থা নিতে পারে না। কিন্তু ভোক্তারা তো প্রতারিত হয়েও অধিদপ্তরে অভিযোগ করেন না?
কাজী ফারুক: ভোক্তাদের মধ্যে অভিযোগ জানানোর মানসিকতা গড়ে ওঠেনি। আগেই বলেছি, আমরা সহনশীল হয়ে গেছি। ‘কী হবে বিচার চাহিয়া’—এমন ভাব দেখা যায় ভোক্তাদের মধ্যে। সে কারণেই বিক্রেতারা যে প্রতারণা করছেন, তা ভোক্তাদের সহ্য হয়ে গেছে। অধিকার রক্ষায় মানুষকে আইনও জানতে হয়। কিন্তু অনেকেই আইন জানার চেষ্টা করেন না। আবার অভিযোগ করতে হলে কিছু নিয়ম মানতে হয়। পাকা রসিদ লাগে। কিন্তু আমরা এসব বিষয়ে বেশি উদাসীন থাকি। পাকা রসিদ নিই না। ভোক্তাদের কাছে আমার আহ্বান, তাঁরা যেন ক্ষুদ্র স্বার্থহানির ঘটনাতেও ভোক্তা অধিদপ্তরে অভিযোগ করেন। অভিযোগ করে তাঁরা প্রতিকার তো পাবেনই, এর জন্য পুরস্কারের ব্যবস্থাও রয়েছে। কোনো অভিযোগ প্রমাণিত হলে অধিদপ্তর যে জরিমানা আদায় করবে, এর ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী ভোক্তা। কিন্তু বিষয়টি ভোক্তারা জানেনই না।
প্রথম আলো: দেশে বিশ্ব ভোক্তা অধিকার পালিত হচ্ছে। এ দিবস পালনের মূল লক্ষ্য কী হওয়া উচিত?
কাজী ফারুক: বিশ্বের ১১৫টি দেশে ২২০টি ভোক্তা অধিকার সংগঠন ভোক্তা অধিকার দিবস পালন করছে। শুধু জাকার্তাতেই ভোক্তাকেন্দ্রিক সংগঠন আছে শতাধিক। সে দেশের সরকার তাদের প্রণোদনা দেয়। আমরা কিন্তু কোনো প্রণোদনা পাই না। এদিকে সরকারের নজর দেওয়া উচিত। আমি মনে করি, ভোক্তা অধিকার দিবস পালনের ফলে মানুষের মধ্যে ভোক্তা অধিকার সম্পর্কে সচেতনতা বাড়বে, তাদের জানার সুযোগ তৈরি হবে। এ কারণেই বড় পরিসরে দেশব্যাপী ভোক্তা অধিকার দিবস পালন করা প্রয়োজন।
প্রথম আলো: প্রতিযোগিতা আইন পাস হয়েছে দেড় বছরের বেশি হলো। কিন্তু এখনো প্রতিযোগিতা কমিশনই গঠন করেনি সরকার। এটাকে কীভাবে দেখছেন?
কাজী ফারুক: ২০১২ সালে বিগত সরকার প্রতিযোগিতা আইনটি পাস করে। প্রতিযোগিতা আইন আর ভোক্তা অধিকার সংরক্ষণ আইন দুটি এমনই যে এগুলো কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে। কিন্তু সেটা হলোই না। একটা ভালো আইন পাস করা হলো। কিন্তু এটি কাজ করার জন্য প্রতিযোগিতা কমিশনই গঠন করা হয়নি। এর মধ্য দিয়ে আইনটিকে একধরনের অকার্যকর করে রাখা হয়েছে। এটা খুবই অন্যায় করা হচ্ছে। সরকারের উচিত অবিলম্বে প্রতিযোগিতা কমিশন গঠনের জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া। কারণ, এতে ভোক্তারাই লাভবান হবে।
[সাক্ষাৎকার নিয়েছেন আবুল হাসনাত]