বঞ্চিতদের ব্যাংকিং সেবার আওতায় আনার তাগিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইতিবাচক আর্থিক ভবিষ্যত্ গড়ার প্রতিশ্রুতি নিয়ে ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধবিষয়ক বিশ্ব জোট (গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ) ঢাকায় তিন দিনব্যাপী সম্মেলন শুরু করেছে। রাজধানীর ব্র্যাক সেন্টারে গতকাল শনিবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সম্মেলনের উদ্বোধন করেন। এতে তিনি বলেন, যেসব বঞ্চিত জনগণ ব্যাংকের সেবার বাইরে রয়েছে, তাদের এর আওতায় আনতে হবে। অর্থমন্ত্রী বলেন, গরিবদের কাছে ব্যাংকের সেবা পৌঁছে দিতে পারলে তা সম্পদের সমতাভিত্তিক বণ্টনে ভূমিকা রাখবে।অর্থমন্ত্রী ব্যাংকিং জোটের নৈতিক মূল্যবোধ মানুষ, মর্ত্য ও মুনাফার পাশাপাশি ব্যাংকগুলোর মূলধন সংরক্ষণ বাড়ানোর তাগিদ দেন।আবুল মাল আবদুল মুহিত মত প্রকাশ করে বলেন, ‘আমার জানামতে আরও দুটি ব্যাংক এই জোটে অংশ নিতে যাচ্ছে। তবে আমি মনে করি, এর সদস্যসংখ্যা সীমিত থাকা উচিত। তবে জোটের সহযোগী আরও হতে পারে।’এতে ব্র্যাকের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ফজলে হাসান আবেদ বলেন, নিকট ভবিষ্যতে দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রামই ব্যাংকিং খাতের প্রধান অগ্রাধিকার। তিনি একই সঙ্গে ব্যাংকিংয়ে নৈতিক মূল্যবোধসংক্রান্ত বিশ্ব জোটের যুগ্ম প্রতিষ্ঠাতা।ফজলে হাসান আবেদ বলেন, ‘আমাদের জোটটি হয়তো ছোট। কিন্তু এর প্রভাব অনেক বড় হতে পারে।’ তিনি উদাহরণ দিয়ে বলেন, ব্র্যাক ‘মিসিং মিডল’ (ছোট বা বড় কোনো ঋণই যারা ভোগ করতে পারে না) এর জন্য তৈরি হয়েছিল। অন্য ব্যাংক এখন তাদের অনুসরণ করছে।উদ্বোধনী অনুষ্ঠান শেষে এক সংবাদ সম্মেলনে জোটের নেতারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।এক প্রশ্নের জবাবে ফজলে হাসান আবেদ বলেন, প্রতিষ্ঠানকে টিকে থাকতে হলে মুনাফার দরকার আছে। কিন্তু তাঁদের সংস্থাটি মনে করে কেবল মুনাফাই সব নয়। বরং এর সঙ্গে আরও কিছু লক্ষ্য থাকতে হবে। জনকল্যাণের বিষয়টি সঙ্গে থাকতে হবে।সংবাদ সম্মেলনে শোরব্যাংক ইন্টারন্যাশনালের প্রেসিডেন্ট লুরে জে স্পেনজলার, জিএলএস ব্যাংকের থমাস জোরবার্গ, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ এ (রুমী) আলী প্রশ্নের জবাব দেন।গ্লোবাল অ্যালায়েন্স ফর ব্যাংকিং অন ভ্যালুজ নামে এই জোটটি ২০০৮ সালের মে মাসে সুইজারল্যান্ডে গঠিত হয়। বিশ্বের ১১টি ব্যাংকের সমন্বয়ে এই জোট গড়ে উঠেছে। ইতিবাচক আর্থিক ভবিষ্যত্ গড়তে এই জোটের মূল প্রতিপাদ্য বিষয় হলো—মানুষ, মর্ত্য ও মুনাফা।ঢাকায় এটি তাদের দ্বিতীয় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। বিভিন্ন উন্নত ও উন্নয়নশীল দেশের প্রতিশ্রুতিশীল ব্যাংকের সমন্বয়ে গড়ে ওঠা এই জোট বিশ্বব্যাপী একটি টেকসই ব্যাংকিং খাত গড়ে তোলার আকাঙ্ক্ষা নিয়ে কাজ করছে। এই সম্মেলনের উদ্দেশ্য—একযোগে কাজ করার মাধ্যমে মূলধন বাড়ানোর কর্মসূচি প্রণয়ন ও একটি শিক্ষা কর্মসূচির উন্নয়ন। যাতে তাদের সংগৃহীত অর্থ ব্যাংকাররা টেকসই উপায়ে যথাযথভাবে কাজে লাগাতে ও এই প্রক্রিয়াটিকে মূলধারার আর্থিক খাতের সঙ্গে সম্পৃক্ত করে তুলতে পারে।বর্তমানে বিশ্বের ২০টি দেশে এসব ব্যাংকের মোট ৭০ লাখ গ্রাহক রয়েছে বলে সম্মেলনে জানানো হয়েছে। জোটের সদস্য ব্যাংকগুলোর বার্ষিক মোট লেনদেনের পরিমাণ এক হাজার ৪০০ কোটি ডলারের বেশি। এই সংস্থাটি বিশ্বব্যাপী পরিবেশবান্ধব প্রকল্প ও কম সুবিধা পাওয়া জনগোষ্ঠীকে ২০০ কোটি ডলারের ঋণসহায়তা দিতে অঙ্গীকার করেছে। এই জোটে সুইজারল্যান্ডের অলটারনেটিভ ব্যাংক এবিএস, ইতালির ব্যাঙ্কা পোপোলেয়ার এটিকা, নিকারাগুয়ার ব্যানেক্স, বাংলাদেশের ব্র্যাক ব্যাংক ও ব্র্যাক মাইক্রোফিন্যান্স প্রোগ্রাম, জার্মানির জিএলএস ব্যাংক, ডেনমার্কের মার্কার ব্যাংক, পেরুর মাইব্যাঙ্কো ও ব্যাঙ্কো ডি লা মাইক্রোএমপ্রেসা, যুক্তরাষ্ট্রের নিউ রিসোর্স ব্যাংক, শোরব্যাংক করপোরেশন, নেদারল্যান্ডের ট্রাইডস ব্যাংক এবং মঙ্গোলিয়ার জ্যাকব্যাংক রয়েছে।