বড় উত্থানের পর বড় পতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকালের বড় উত্থানের পর আজ বৃহস্পতিবার বড় পতন লক্ষ করা গেছে দেশের শেয়ারবাজারে। আজ দিনের লেনদেন শেষে দুই বাজারেই প্রায় সব কোম্পানির শেয়ারের দাম কমেছে। এর ফলে সূচকের বড় পতন লক্ষ করা গেছে। একই সঙ্গে গতকালের চেয়ে লেনদেন কমেছে দুই বাজারে।

সাম্প্রতিক উত্থান-পতনকে অস্বাভাবিক মনে করছেন বাজার-সংশ্লিষ্টরা। তাঁরা বলছেন, কোনো পক্ষ হয়তো বাজারে গুজব ছড়িয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছে। আর এর বলি হচ্ছেন সাধারণ বিনিয়োগকারীরা।

বাজারের সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএসইর পরিচালনা পর্ষদের এক সদস্য প্রথম আলো ডটকমকে বলেন, সাম্প্রতিক সময়ে বাজারে যে উত্থান-পতন লক্ষ করা যাচ্ছে, তার যৌক্তিক কোনো কারণ নেই। বিভিন্ন গুজব ছড়িয়ে একশ্রেণির লোক ফায়দা হাসিল করছেন বলে মনে করেন তিনি। তিনি বলেন, গতকাল বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি নিয়ে বাজারে বিভিন্ন গুজব ছড়ানো হয়। আজ আবার এ নিয়ে নেতিবাচক গুজব ছড়ানো হয়। আর এ গুজবে কান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কিছু বিনিয়োগকারী।

বাংলাদেশ ব্যাংকের ২০১৩-১৪ অর্থবছরের প্রথম ছয় মাসের মুদ্রানীতিতে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান তাঁর বক্তব্যে বলেন, ‘পুঁজিবাজারে স্থিতিশীলতার জন্য প্রয়োজনীয় সমর্থন আগের মতোই অব্যাহত রাখব। সাম্প্রতিক মাসগুলোতে এ লক্ষ্যে বেশ কিছু পদক্ষেপও নেওয়া হয়েছে।’

এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সভাপতি আহসানুল ইসলাম প্রথম আলো ডটকমকে বলেন, ‘এবারের মুদ্রানীতিতে গভর্নরের বক্তব্যে পুঁজিবাজার নিয়ে ইতিবাচক মনোভাব লক্ষ করা গেছে।’ এই মুদ্রানীতি ভবিষ্যতের জন্য বাজার সহায়ক হবে বলে মনে করেন তিনি।

বাজার পরিস্থিতি নিয়ে শেয়ারবাজার বিশ্লেষক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আবু আহমেদ প্রথম আলো ডটকমকে বলেন, মুদ্রানীতিতে শেয়ারবাজার নিয়ে নেতিবাচক কোনো বক্তব্য নেই। তাই বাজারে এর নেতিবাচক প্রভাব না পড়ারই কথা। বাজারের সাম্প্রতিক উত্থান-পতনে যৌক্তিক কোনো কারণ নেই বলেও মনে করছেন তিনি।

এ দিকে আজকের দরপতনের প্রতিবাদে মতিঝিলে ডিএসইর সামনে বিক্ষোভ করেছেন কিছু বিনিয়োগকারী। বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। এ সময় দরপতনের জন্য নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) দুর্বল বাজার নিয়ন্ত্রণকে দায়ী করেন তাঁরা। একই সঙ্গে বিএসইসির চেয়ারম্যানের পদত্যাগ দাবি করেন তাঁরা।

ডিএসই সূত্রে জানা যায়, আজ দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স সূচক দুই দশমিক ৩৮ শতাংশ অর্থাত্ ৯৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৩ হাজার ৯৭৯ পয়েন্টে। এর আগে বেলা ১১টায় সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। শুরুতে ৪০ পয়েন্ট বাড়ে সূচক। এরপর কয়েকবার ওঠানামার পর নিম্নমুখী হয় সূচক। সূচকের নিম্নমুখী এই প্রবণতা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।

আজ ডিএসইতে লেনদেন হওয়া ২৮৫টি প্রতিষ্ঠানের মধ্যে ২৩৮টিরই দাম  কমেছে; বেড়েছে ৩৭টির আর অপরিবর্তিত রয়েছে ১০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম।

ডিএসইতে আজ ৪০৩ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে ৬১ কোটি টাকা কম। গতকাল এই বাজারে ৪৬৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।

আজ ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল মেঘনা পেট্রোলিয়াম। আজ প্রতিষ্ঠানটির ২৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। এ ছাড়া বিএসসিসিএল, তিতাস গ্যাস, অ্যাকটিভ ফাইন, পদ্মা অয়েল, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, যমুনা অয়েল, ইউনিক হোটেল, গ্রামীণফোন, ইউনাইটেড এয়ার লেনদেনের শীর্ষে উঠে আসে।

ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের পতন লক্ষ করা গেছে। দিনের লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক ২৬৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১২ হাজার ৩৭৩ পয়েন্টে।

সিএসইতে লেনদেন হওয়া ২০১টি প্রতিষ্ঠানের মধ্যে ১৬৫টিরই দাম কমেছে; বেড়েছে ২৭টির আর অপরিবর্তিত রয়েছে নয়টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। আজ এই বাজারে ৩৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা গতকালের চেয়ে পাঁচ কোটি টাকা কম। গতকাল সিএসইতে ৩৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।