বড় ঋণ পর্যবেক্ষণে কেন্দ্রীয় ব্যাংকের নতুন তথ্যভান্ডার
আর্থিক খাতে শৃঙ্খলা বাড়াতে বাংলাদেশ ব্যাংক সেন্ট্রাল ডেটাবেইস ফর লার্জ ক্রেডিট (সিডিএলসি) নামে একটি নতুন তথ্যভান্ডার গঠন করেছে।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের বিতরণ করা ৫০ কোটি টাকা বা এর বেশি অঙ্কের ঋণের তথ্য সংগ্রহ ও সংরক্ষণের জন্য সিডিএলসি কাজ করবে। তথ্যভান্ডারটি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর দুর্দশাগ্রস্ত সম্পদ ব্যবস্থাপনায় সহায়ক হবে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানকে মন্দ ঋণের ব্যাপারে আগে থেকেই সতর্ক করার জন্য এই তথ্যভান্ডার সব ঋণকে চারটি শ্রেণিতে ভাগ করবে। নিয়মিত ঋণকে স্ট্যান্ডার্ড-‘০’; যে ঋণের মেয়াদ ১ থেকে ২৯ দিন আগেই শেষ হয়েছে সেগুলো স্ট্যান্ডার্ড-১; ৩০ থেকে ৫৯ দিনের মেয়াদ উত্তীর্ণ ঋণকে স্ট্যান্ডার্ড-২ এবং গুণগত মানের ভিত্তিতে স্ট্যান্ডার্ড-এলকিউ হিসেবে গণ্য হবে।
কোনো ঋণ একবার স্ট্যান্ডার্ড-২ অথবা স্ট্যান্ডার্ড-এলকিউ হলে ওই ঋণ প্রদানকারী সংশ্লিষ্ট ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলে একটি লেন্ডার্স কমিটি করবে, যা জয়েন্ট লেন্ডারস ফোরাম (জেএলএফ) নামে পরিচিত হবে।
আর্থিক দুর্দশার কারণ হওয়ার আগেই দুর্বল ঋণ চিহ্নিত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে তথ্যভান্ডারটি সহায়ক হবে বলে আশা করছে কেন্দ্রীয় ব্যাংক। ব্যাংকের আর্থিক স্থিতি বিভাগ (এসএফডি) এ তথ্যভান্ডার তৈরির সার্বিক বিষয়টি সমন্বয় করবে।