বড় ঋণ পুনর্গঠনে কেন্দ্রীয় ব্যাংকের কমিটি গঠন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বড় অঙ্কের ঋণগুলো পুনর্গঠনের নীতিমালা তৈরি করতে বাংলাদেশ ব্যাংকে একটি কমিটি গঠন করা হয়েছে। দুই সপ্তাহের মধ্যে কমিটিকে তাদের প্রতিবেদন তৈরি করতে হবে।
কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এস এম রবিউল হাসানকে প্রধান করে সাত সদস্যের এ কমিটিতে রয়েছেন ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের জিএম চৌধুরী মো. ফিরোজ বিন আলম, অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের জিএম বদরুল হক খান, ব্যাংক পরিদর্শন বিভাগের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) দীপংকর ভট্টাচার্য, ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগের ডিজিএম সাইফুল ইসলাম, ফিন্যান্সিয়াল স্ট্যাবিলিটি বিভাগের ডিজিএম আনোয়ারুল ইসলাম এবং ফিন্যান্সিয়াল ইন্টেগ্রিটি অ্যান্ড কাস্টমার সার্ভিসেস বিভাগের যুগ্ম পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
বাংলাদেশ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় গত ২১ ডিসেম্বর কয়েকটি বড় গ্রুপের ঋণ কেস-টু-কেস বা প্রতিটির জন্য পৃথক বিবেচনায় পুনর্গঠনের আলোচনা উঠলে পর্ষদ একটি নীতিমালা করার নির্দেশনা দেয়। এ নীতিমালা তৈরি করে পর্ষদের কাছে উপস্থাপন করতে হবে। পর্ষদের নির্দেশনা অনুসারেই কেন্দ্রীয় ব্যাংক গত ৩১ ডিসেম্বর এ কমিটি তৈরি করেছে বলে জানা যায়।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর আবু হেনা মোহা. রাজী হাসান প্রথম আলোকে বলেন, পর্ষদের নির্দেশনা অনুসারে তাঁরা এ কমিটি করে দিয়েছেন। কমিটি নীতিমালার প্রতিবেদনগুলো দিলে তা পর্ষদে উপস্থাপন করা হবে।
ব্যাংক খাতে সেপ্টেম্বর পর্যন্ত হিসাবে ৫৭ হাজার ২৯০ কোটি টাকার খেলাপি ঋণ হয়েছে, যা ওই সময় পর্যন্ত মোট বিতরণ করা প্রায় ৪ লাখ ৯৪ হাজার কোটি টাকা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ।
বিষেশত, চট্টগ্রামকেন্দ্রিক একদল ব্যবসায়ী ২০০৯-১০ সালের দিকে নিত্যপণ্য আমদানির পর বাজারজাত করতে বিভিন্ন ব্যাংক থেকে বিপুল পরিমাণ ঋণ নিয়ে আর পরিশোধ করেনি। লোন অ্যাগেইনস্ট ট্রাস্ট রিসিট (এলটিআর) বা কেবল বিশ্বাসের ওপর এ ঋণগুলো দেওয়া হয়েছিল সর্বোচ্চ তিন মাসের জন্য। কিন্তু বিশ্বাস ভঙ্গ করেন ব্যবসায়ীরা। ফলে স্বল্প মেয়াদে ৯০ দিন কিংবা ১২০ দিনে (শিল্পের মধ্যবর্তী পণ্যের ক্ষেত্রে এলটিআরের মেয়াদ) যে অর্থ ব্যাংকের কাছে ফিরে আসার কথা ছিল, তা মেয়াদের ভিন্নতায় পাঁচ বছর অথবা তারও বেশি সময় ধরে ব্যাংকে আসছে না।
মূলত, এ ঋণগুলো এখন পুনর্গঠন করা হবে। তবে এর মধ্যে অনেক বেনামি ঋণ, এক নামে ঋণ নিয়ে ভিন্নখাতে ব্যবহার ইত্যাকার ঋণগুলো রয়েছে।