বড় খেলাপির জন্য বড় ছাড়ের নির্দেশনা
বড় ঋণখেলাপিদের বিশেষ সুবিধা দেওয়ার নীতিমালা আনুষ্ঠানিকভাবে জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বছরের পর বছর ধরে খেলাপি হয়ে থাকলেও শাস্তি না দিয়ে নতুন করে ঋণ পুনর্গঠনের সুযোগ দিল সরকার। এর আগেও ঋণ পুনঃ তফসিলের নামে নানাভাবে সুবিধা পেয়েছেন বড় ঋণখেলাপিরা। এখন আর পুনঃ তফসিল করার সুযোগ নেই। ফলে সুবিধা দেওয়ার নতুন নাম দেওয়া হয়েছে পুনর্গঠন।
পুনর্গঠন নীতিমালা অনুযায়ী, ৫০০ কোটি টাকা বা তার বেশি বড় অঙ্কের ঋণগুলো এখন ১২ বছর পর্যন্ত পুনর্গঠন করা যাবে। গত বৃহস্পতিবার রাতে বাণিজ্যিক ব্যাংকগুলোর শীর্ষ নির্বাহীদের কাছে এ নির্দেশনা পাঠানো হয়। এর আগে গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ-সংক্রান্ত নীতিমালাটি অনুমোদন করা হয়।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক মইনুল ইসলাম বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক থাকাকালে খেলাপি ঋণের ওপর অনেকগুলো গবেষণা চালান। যোগাযোগ করা হলে তিনি প্রথম আলোকে বলেন, এটা বরং জনগণের সঙ্গে প্রতারণা করা হয়েছে। তিনি বলেন, ‘এসব বড় খেলাপিকে জেলের ভাত না খাইয়ে ঋণ আদায় সম্ভব হবে না। ফলে ট্রাইব্যুনাল গঠন করে সেদিকে যেতে হবে।’ তিনি আরও বলেন, ইচ্ছাকৃত এসব খেলাপির কাছ থেকে ঋণ আদায়ে মালয়েশিয়া, পাকিস্তান ও ভারত কঠোর ব্যবস্থা নিয়েছে। আর এখানে যেটি করা হলো তা আসলে অনৈতিকও।
নীতিমালা অনুসারে মেয়াদি ঋণ পুনর্গঠন হবে সর্বোচ্চ ১২ বছরের জন্য। আর তলবি ও চলমান ঋণ পুনর্গঠন হবে ছয় বছরের জন্য। পুনর্গঠিত ঋণের সুদহার হবে ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা ব্যয় ও অতিরিক্ত ১ শতাংশ। অর্থাৎ কোনো ব্যাংকের তহবিল ব্যবস্থাপনা ব্যয় ৮ শতাংশ হলে ওই ব্যাংকের পুনর্গঠিত ঋণের সুদহার হবে ৯ শতাংশ।
নীতিমালায় বড় অঙ্কের ঋণ পুনর্গঠনের সুবিধা কারা পাবে, কীভাবে পাবে, ব্যাংকের করণীয়, গ্রাহকের করণীয়, তদারকি ব্যবস্থা, আবেদন করার প্রক্রিয়া—এসব বিষয় সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এ সুবিধা পেতে হলে গ্রাহকের সব ধরনের তথ্য দিয়ে আবেদন করতে হবে। পুনর্গঠিত ঋণের বিপরীতে ব্যাংকগুলোকে গ্রাহকের কাছ থেকে প্রয়োজনীয় জামানত, কোম্পানি বা গ্রুপের করপোরেট গ্যারান্টি, পরিচালক বা মালিকপক্ষের ব্যক্তিগত গ্যারান্টি নিতে হবে।
ঋণের পরিমাণ এক হাজার কোটি টাকার কম হলে ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিতে হবে ২ শতাংশ হারে। আর এক হাজার কোটি টাকা ও তার বেশি পরিমাণ ঋণের জন্য এককালীন জমা দিতে হবে ১ শতাংশ হারে।
আগামী ৩০ জুন পর্যন্ত এই নীতিমালার আওতায় পুনর্গঠনের আবেদন করা যাবে। আবেদন পাওয়ার পর ব্যাংক পুনর্গঠিত ঋণের আর্থিক প্রক্ষেপণ, ব্যবসায়িক পরিকল্পনা ও বিভিন্ন ঝুঁকির বিশ্লেষণ করে ঋণ পরিশোধের সক্ষমতা যাচাই করবে।
ব্যাংকের ক্রেডিট কমিটি আবেদন যাচাই-বাছাই করে পরিচালনা পর্ষদে পাঠাবে। সেখানে সংখ্যাগরিষ্ঠ সদস্যরা অনুমোদন করলে পুনর্গঠন প্রস্তাব বাংলাদেশ ব্যাংকে অনাপত্তির জন্য পাঠাতে হবে। তবে প্রতারণা ও জাল-জালিয়াতির সঙ্গে জড়িত কোনো ঋণগ্রহীতা এই পুনর্গঠন সুযোগ পাবেন না।
পুনর্গঠিত ঋণ পর পর দুটি ত্রৈমাসিক কিস্তি পরিশোধে ব্যর্থ হলে সুবিধা বাতিল এবং ঋণটি বিদ্যমান শ্রেণীকরণ নীতিমালা অনুযায়ী শ্রেণীকৃত হবে। এরূপ খেলাপি ঋণ আদায়ে নেওয়া প্রচলিত আইনগত পদক্ষেপ কার্যকর না হলে দেউলিয়া আইন, ১৯৯৭-এর আওতায় মামলা দায়ের করা যাবে।
ঋণ পুনর্গঠন সুবিধা নেওয়া কোনো গ্রাহক প্রথম তিন বছর কোনো নগদ লভ্যাংশ বিতরণ করতে পারবেন না। প্রথম তিন বছরে সর্বশেষ ঋণ মঞ্জুর সীমার ৫০ শতাংশ পর্যন্ত তলবি ও চলমান ঋণসুবিধা এবং পাঁচ বছর পর্যন্ত সর্বশেষ মঞ্জুর করা ঋণের ৬০ শতাংশ পর্যন্ত মেয়াদি ঋণ নিতে পারবেন।
পুনর্গঠিত ঋণগুলো ‘স্পেশাল মেনশন অ্যাকাউন্ট’ বা বিশেষ ব্যবস্থাধীনে শ্রেণীকৃত থাকবে এবং নির্ধারিত হারের অতিরিক্ত ১ শতাংশ হারে ব্যাংকগুলোকে প্রভিশন বা নিরাপত্তা সঞ্চিতি রাখতে হবে।
ব্যাংকগুলো তাদের বার্ষিক প্রতিবেদনে পুনর্গঠিত ঋণের বিস্তারিত বিবরণ প্রকাশ করবে।
৫০০ কোটি টাকা বা তার বেশি বড় অঙ্কের ঋণগুলো এখন ১২ বছর পর্যন্ত পুনর্গঠন করা যাবে
এক হাজার কোটি টাকার কম হলে ২ শতাংশ এবং তার বেশি হলে ১ শতাংশ এককালীন জমা দিতে হবে
‘‘এসব বড় খেলাপিকে জেলের ভাত না খাইয়ে ঋণ আদায় সম্ভব হবে না। ফলে ট্রাইব্যুনাল গঠন করে সেদিকে যেতে হবে
অধ্যাপক মইনুল ইসলাম
সাবেক মহাপরিচালক, বিআইবিএম