বড় চ্যালেঞ্জ এখন নিরাপত্তা ও অর্থনৈতিক সুশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি ২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ৭ শতাংশ। এই প্রবৃদ্ধি অর্জনে অর্থনৈতিক সুশাসন ও অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সবচেয়ে বড় চ্যালেঞ্জ হিসেবে কাজ করবে। বাংলাদেশকে নিয়ে এমন পর্যবেক্ষণ উঠে এসেছে বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান বিএমআই রিসার্চের গবেষণায়।
২০১৬-১৭ অর্থবছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি ৭ দশমিক ২ শতাংশ হবে বলে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বাজেটে প্রাক্কলন করেছেন। বিএমআইয়ের প্রাক্কলন করা প্রবৃদ্ধির সঙ্গে সরকারের অর্থনৈতিক প্রবৃদ্ধির পার্থক্য হচ্ছে দশমিক ৫ শতাংশ।
জঙ্গিবাদের কারণে সাম্প্রতিক সময়ে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন হত্যাকাণ্ড জিডিপি প্রবৃদ্ধি অর্জনে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব ফেলতে পারে বলে মনে করে বিএমআই। এ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনা ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ পরিবেশকে ঝুঁকির মুখে ফেলবে। এর ফলে রাজনৈতিক ঝুঁকি সূচকে বাংলাদেশের অবস্থা আরও খারাপ হবে।
বিশ্বের অন্যতম বড় ঋণমান কোম্পানি ফিচ রেটিংসের সহযোগী প্রতিষ্ঠান বিএমআই রিসার্চ। তারা ২০০টি দেশের অর্থনৈতিক পরিস্থিতি ও ঝুঁকি এবং ২০ ধরনের শিল্প নিয়ে নিয়মিত গবেষণা করে থাকে। সম্প্রতি এই প্রতিবেদনটি প্রকাশ করা হয়।
চলতি অর্থবছরে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি আগের অর্থবছরের তুলনায় বাড়বে বলে মনে করে বিএমআই। এর জন্য রপ্তানির তুলনায় আমদানি বেশি হওয়ার সম্ভাবনাকে মূল কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। বিএমআইয়ের হিসাবে, ২০১৬-১৭ অর্থবছরে জিডিপির অনুপাতে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি হবে ৩ দশমিক ১ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে যা ছিল ২ দশমিক ৯ শতাংশ। মার্কিন ডলারের বিপরীতে টাকার শক্তিশালী অবস্থান ও জ্বালানি তেলের সম্ভাব্য মূল্যবৃদ্ধিও বাণিজ্য ঘাটতি বৃদ্ধিতে ভূমিকা রাখবে। জিডিপির অনুপাতে চলতি হিসাবের ভারসাম্য আগের চেয়ে কমে ১ দশমিক ১ শতাংশ হবে, গত অর্থবছরে যা ছিল ১ দশমিক ৪ শতাংশ। ২০১৬-১৭ অর্থবছরের আয় ও ব্যয়ের লক্ষ্য বাংলাদেশ সরকার অর্জন করতে পারবে না বলেও মনে করছে বিএমআই।
মূল্যস্ফীতি ও সুদ হার নিয়ন্ত্রণে বাংলাদেশ ব্যাংকের পদক্ষেপ নিয়েও বিশ্লেষণ করেছে বিএমআই। এ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরের জানুয়ারিতে কেন্দ্রীয় ব্যাংক নীতিনির্ধারণী সুদ হার ৫০ শতাংশীয় পয়েন্ট কমানোর যে সিদ্ধান্ত নিয়েছে, সেটির মাধ্যমে খাদ্য ও অন্যান্য মূল্যস্ফীতি অনেকটাই নিয়ন্ত্রণে থাকবে। রপ্তানি আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধিও কেন্দ্রীয় ব্যাংকের নীতিনির্ধারণী সুদ হার নির্ধারণে ইতিবাচক ভূমিকা রাখবে। অর্থনীতির যেসব খাতে বিনিয়োগ বেশি প্রয়োজন, সেসব খাতের অর্থায়নে বাংলাদেশ ব্যাংক সম্প্রসারণমূলক মুদ্রানীতি গ্রহণ করবে।
বিএমআই রিসার্চ বলছে, ২০১৫-১৬ অর্থবছরে সাড়ে ৬ শতাংশ প্রবৃদ্ধি অর্জনের পর চলতি অর্থবছরে এই প্রবৃদ্ধি আরেকটু বাড়বে। এই প্রবৃদ্ধি অর্জনে মোটামুটি স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি, রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ও অবকাঠামো উন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন পদক্ষেপ মূল ভূমিকা রাখবে।