তৈরি পোশাকশ্রমিকদের ক্ষতিপূরণের বিষয়টি আড়ালেই থেকে যাচ্ছে
বড় দুর্ঘটনায় অর্থসহায়তা বেশি, ক্ষতিপূরণ কম
আশুলিয়ার নিশ্চিন্তপুরের তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত ১০৯ শ্রমিকের পরিবার সাত লাখ টাকা করে অর্থসহায়তা পেয়েছে। আহত ৯০ জন শ্রমিক এক লাখ টাকা করে পেয়েছেন। তবে আইনিভাবে ক্ষতিপূরণের বিষয়টি আড়ালেই রয়ে গেছে।
দেশের শ্রমিক সংগঠনগুলোর বক্তব্য, অর্থসহায়তা অনুদান, কোনো ক্ষতিপূরণ নয়। এই সাত লাখ টাকা প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল, শ্রম মন্ত্রণালয়, ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ, সিঅ্যান্ডএ, লিঅ্যান্ডফাং ও বিজিএমইএ দিয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় পুরো বিষয়টি সমন্বয় করে। তবে এসব সহায়তা আইনি কাঠামোর মধ্যে হয়নি। তাজরীনের মালিক দেলোয়ার হোসেন কোনো অর্থ দেননি।
একই ঘটনা রানা প্লাজা ধসে আহত-নিহত ব্যক্তিদের বেলায়ও হয়েছে। তাঁদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য আইএলওর নেতৃত্বে সমন্বয় কমিটি গঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে অর্থসহায়তা দেওয়া হয়েছে। তবে সব কটিই বিশেষ উদ্যোগ। এ কারণেই ভবিষ্যতে কোনো দুর্ঘটনা ঘটলে এসব সহায়তা আইনিভাবে উদাহরণ হিসেবে দাঁড়াবে না। ফলে শ্রম আইন অনুযায়ী নিহত শ্রমিকের পরিবারের জন্য ক্ষতিপূরণ বাবদ এক লাখ এবং কোনো শ্রমিক সম্পূর্ণ অক্ষম হলে এক লাখ ২৫ হাজার টাকাই প্রযোজ্য হবে। যদিও দীর্ঘদিন ধরেই এই ক্ষতিপূরণের পরিমাণ বাড়ানোর দাবি করে আসছে দেশের বিভিন্ন শ্রমিক সংগঠন।
শ্রম আইন ২০০৬ সংসদে পাস হওয়ার আগে শ্রমিক সংগঠনের পক্ষ থেকে নিহত শ্রমিকের ক্ষতিপূরণের পরিমাণ পাঁচ লাখ টাকা করার দাবি জানানো হয়। তখন তা এক লাখ টাকা নির্ধারণ করা হয়। পরে গত বছর শ্রম আইন সংশোধনীর সময় দাবিটি উত্থাপিত হলেও বিষয়টি নিয়ে তেমন কোনো আলোচনাই হয়নি। গত বছরের মধ্য জুলাইয়ে বাংলাদেশ শ্রম আইন (সংশোধন), ২০১৩ সংসদে পাস হয়।
একাধিক শ্রমিকনেতা বলেন, তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজা ধসের ঘটনায় চারদিকে হইচই পড়ে যাওয়ায় বিজিএমইএ আইনের চেয়ে বেশি অর্থসহায়তা দিতে তৎপরতা দেখিয়েছে। তবে তারা আইনিভাবে ক্ষতিপূরণ বাড়ানোর বিরুদ্ধে অবস্থান নেয়।
জানতে চাইলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি আমিরুল হক বলেন, মালিকপক্ষ অর্থসহায়তা দিলেও আইনিভাবে ক্ষতিপূরণের অর্থ বাড়াতে চায় না। কারণ এটি হলে একধরনের বাধ্যবাধকতা তৈরি হবে। আবার আইন না মানলে তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করতে পারবেন শ্রমিকেরা।
২০১২ সালে ২৪ নভেম্বর তাজরীন ফ্যাশনসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর গত বছরের মার্চে সরকার, আন্তর্জাতিক শ্রম সংস্থা (আইএলও) ও মালিকপক্ষের সঙ্গে জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিপিএ) চুক্তি হয়। চুক্তির ১৩টি কর্মপরিকল্পনার মধ্যে ১২ নম্বরে আছে, আহত ও নিহত শ্রমিকদের ক্ষতিপূরণের জন্য একটি ত্রিপক্ষীয় নীতিমালা তৈরি করতে হবে। শ্রম মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সংসদীয় কমিটির এ কাজটি করার কথা। এ জন্য সময়সীমা নির্ধারণ করা ছিল গত বছরের ৩১ ডিসেম্বর। তবে এখনো হয়নি।
অবশ্য এ বিষয়ে বিজিএমইএর সভাপতি আতিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘মানবিক কারণেই আইনের কথা না ভেবে আমরা সাধ্যমতো ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের সহায়তা করার চেষ্টা করেছি। তবে সরকার যদি ক্ষতিপূরণ বাড়াতে চায়, আমাদের আপত্তি থাকার কোনো কারণ নেই। সেটি অবশ্যই যৌক্তিক পর্যায়ে হতে হবে।’
রানা প্লাজা ধসের পর ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ক্ষতিপূরণ দেওয়ার জন্য হাইকোর্টের বিচারপতি মির্জা হোসেইন হায়দার ও মুহাম্মদ খুরশীদ আলম সরকারের বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে একটি উদ্যোগ নেন। গত বছরের আগস্টে গঠন করা হয় ৩১ সদস্যের উচ্চপর্যায়ের একটি কমিটি। কমিটি আহত ও নিহত ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণের একটি নির্দিষ্ট অঙ্ক নির্ধারণ করে চলতি বছর হাইকোর্টে সুপারিশ আকারে জমা দেয়।
অবশ্য ওই সুপারিশেও বাগড়া দিয়েছিল বিজিএমইএ। কমিটির সদস্য বিজিএমইএর এক নেতা চূড়ান্ত সুপারিশে স্বাক্ষর করলেও তাতে লিখে দেন, ক্ষতিপূরণ শ্রম আইন অনুযায়ীই হতে হবে। অবশ্য শেষ পর্যন্ত হাইকোর্ট কোনো সিদ্ধান্ত দেননি।
ওই সময় ক্ষতিপূরণ নির্ধারণ উপকমিটির প্রধান অধ্যাপক এম এম আকাশ প্রথম আলোকে বলেছিলেন, হাইকোর্ট থেকে কোনো সিদ্ধান্ত না এলে বিজিএমইএর লাভ হয়। ফলে ভবিষ্যতের জন্য প্রযোজ্য হবে না। তবে হাইকোর্ট থেকে সিদ্ধান্ত এলে সেটি আইন আকারে না হলেও অনুকরণীয় হয়েই থাকত। তাতে শ্রমিকদের জীবনের নিশ্চয়তা বাড়ত। মালিকেরাও সতর্ক ও সচেতন থাকতেন।
জানতে চাইলে শ্রমবিশেষজ্ঞ সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ প্রথম আলোকে বলেন, শ্রম আইনে ক্ষতিপূরণের সব বিষয় অন্তর্ভুক্ত নেই। ক্ষতিপূরণের পরিমাণও খুবই কম। সে জন্য ক্ষতিপূরণের একটি জাতীয় মানদণ্ড থাকা দরকার। যেখানে কোনো ক্ষতির বিপরীতে কত ক্ষতিপূরণ সেটি সুস্পষ্ট উল্লেখ থাকবে। এটি হলে পোশাকসহ সব খাতের শ্রমিকেরাই উপকৃত হবেন।