বড় ধরনের দরপতন লেনদেনও কমেছে

রমজান মাসের প্রথম ও সপ্তাহের শেষ লেনদেন দিবসে গতকাল বৃহস্পতিবার দেশের শেয়ারবাজারে মূল্যসূচকের বড় ধরনের পতন হয়েছে। সেই সঙ্গে কমে গেছে লেনদেনের পরিমাণও। তবে বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, লেনদেনের সময়সীমা কমে যাওয়ায় স্বাভাবিকভাবে লেনদেনের পরিমাণও কিছুটা কমে গেছে।
প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ মূল্যসূচক ১ দশমিক ৮০ শতাংশ বা ৮৬ পয়েন্ট কমেছে। আর প্রধান সূচক ডিএসইএক্স কমেছে প্রায় ১ দশমিক ৯০ শতাংশ বা ৮৩ পয়েন্ট। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক কমেছে ১ দশমিক ৫৮ শতাংশ বা ২১৩ পয়েন্ট।
রমজান মাসে দেশের শেয়ারবাজারে এখন লেনদেনের সময়সীমা এক ঘণ্টা কমে গেছে। আগে সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়ে তা একটানা বেলা আড়াইটা পর্যন্ত চলত। এখন বেলা ১১টায় লেনদেন শুরু হয়ে চলে বেলা দুইটা পর্যন্ত।
বাজারের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা গতকালের দরপতনকে স্বাভাবিক মূল্য সংশোধন বলে অভিহিত করেছেন। তাঁরা বলছেন, টানা কয়েক দিন মূল্যবৃদ্ধির পর স্বাভাবিক নিয়মে বাজারে কিছুটা মূল্য সংশোধনের প্রয়োজনীয়তা রয়েছে।
জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি শাকিল রিজভী প্রথম আলোকে বলেন, টানা কয়েক দিনের মূল্যবৃদ্ধির পর গতকাল বাজারে কিছুটা মূল্য সংশোধন হয়েছে। এটা স্বাভাবিক ধারা। মূল্য সংশোধন ছাড়া একটানা মূল্যবৃদ্ধি ঘটতে থাকলে সেটি কখনো স্থায়ী হয় না। টানা মূল্যবৃদ্ধি বাজারে ঝুঁকি বাড়িয়ে তোলে। ঝুঁকি কমাতে মূল্য সংশোধনের প্রয়োজন রয়েছে।
গত কিছুদিনে বাজারে লেনদেন বৃদ্ধির বিষয়ে জানতে চাইলে ডিএসইর সাবেক সভাপতি বলেন, কিছুদিন ধরে লেনদেনের গতি কিছুটা বেড়েছে। দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধির কারণে এটি হয়েছে। ব্যাংকিং খাতের পরিবর্তে শেয়ারবাজারে বিনিয়োগের আগ্রহ আগের চেয়ে বেড়েছে।
কসমোপলিটন ফিন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক মাশরিব জাহিদ বলেন, ‘গত কয়েক দিনে কিছু শেয়ারের মূল্য অস্বাভাবিক হারে বেড়েছে। এর ফলে সূচকেও বড় ধরনের প্রভাব পড়ে। এ অবস্থায় গতকালের মূল্য সংশোধনটি আমার কাছে স্বাভাবিকই মনে হয়েছে।’
ঢাকার বৃহস্পতিবার বাজারে ২৮৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ২২২টিরই দাম কমেছে, বেড়েছে ৪৭টির আর অপরিবর্তিত ছিল ১৪টির দাম।
কসমোপলিটন ফিন্যান্সের তথ্য অনুযায়ী, ঢাকার বাজারে গতকাল সর্বোচ্চ মূল্য সংশোধন হয়েছে সিরামিকস খাতে। এ খাতের প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে প্রায় পৌনে পাঁচ শতাংশ কমেছে। দরপতনে দ্বিতীয় অবস্থানে ছিল ভ্রমণ ও অবকাশ খাত। এ খাতের লেনদেন হওয়া প্রতিটি কোম্পানির শেয়ারের দাম গড়ে সাড়ে চার শতাংশ কমেছে।
এদিকে লেনদেনে ধারাবাহিক আধিপত্য ধরে রেখেছে বিদ্যুৎ ও জ্বালানি খাত। গতকাল এ খাতের সম্মিলিত লেনদেনের পরিমাণ ছিল ১৮৫ কোটি টাকা, যা ডিএসইর মোট লেনদেনের প্রায় ২৫ শতাংশ। একক কোম্পানি হিসেবে লেনদেনে শীর্ষে ছিল সরকারি মালিকানাধীন কোম্পানি পদ্মা অয়েল। এদিন এককভাবে কোম্পানিটির ৫৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইর মোট লেনদেনের ৭ দশমিক ২৮ শতাংশ।
ঢাকার বাজারে দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল ৭৩০ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ৩১০ কোটি টাকা কম।
চট্টগ্রামের বাজারে ২০৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়। এর মধ্যে ১৭২টিরই দাম কমেছে, বেড়েছে ২৮টির আর অপরিবর্তিত ছিল চারটির দাম। দিনের শেষে লেনদেনের পরিমাণ ছিল প্রায় ৫৪ কোটি টাকা, যা আগের দিনের চেয়ে ২৩ কোটি টাকা কম।