বড় পতনের পর সূচক আবার বাড়ল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগের দুই দিনের নিম্নমুখী প্রবণতা এবং সোমবারের সূচকের বড় পতনের পর গতকাল মঙ্গলবার আবার ইতিবাচক প্রবণতা দেখা গেছে দেশের পুঁজিবাজারে। এদিন দুই বাজারেই সূচক বেড়েছে। তবে লেনদেন আগের কার্যদিবসের চেয়ে সামান্য কমেছে।
গতকালের লেনদেন শেষে শেয়ারবাজারের সঙ্গে সংশ্লিষ্ট আইডিএলসির প্রতিবেদনে বলা হয়, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও গতকাল দেশের পুঁজিবাজারে ইতিবাচক প্রবণতা ছিল।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স সূচক ৩১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪,৮০০ পয়েন্টে। একই সঙ্গে ডিএসই শরিয়াহ সূচক বেড়েছে ৪ পয়েন্ট। আর ডিএস৩০ সূচক ১১ পয়েন্ট বেড়েছে। ডিএসইর পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক বেড়েছে। লেনদেন শেষে সিএসইর সার্বিক মূল্যসূচক বেড়েছে ৬৩ পয়েন্ট। আগের কার্যদিবস অর্থাৎ সোমবার ডিএসইএক্স সূচক কমেছিল ৬১ পয়েন্ট। আর সিএসইর সার্বিক মূল্যসূচক কমেছিল ২০২ পয়েন্ট।
দিনের শুরুতে সূচকের ইতিবাচক প্রবণতায় ডিএসইতে লেনদেন শুরু হয়। কিন্তু আধা ঘণ্টা পরই সূচক ২২ পয়েন্ট নেমে যায়। এরপর সূচক আবার ইতিবাচক প্রবণতায় যায়, যা লেনদেনের শেষ পর্যন্ত অব্যাহত ছিল।
ডিএসইতে গতকাল ৩১২টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১৭৮টির দাম বেড়েছে। কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ৫১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। গতকাল এই স্টক এক্সচেঞ্জে ২৪৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩২ কোটি টাকা বেশি। আগের দিন সোমবার এ বাজারে ২৮০ কোটি টাকার লেনদেন হয়।
অন্যদিকে সিএসইতে গতকাল ২৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ড লেনদেন হয়েছে। এর মধ্যে ১১৮টির দাম বেড়েছে। কমেছে ৮৬টির আর অপরিবর্তিত রয়েছে ৩১টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম। সিএসইতে গতকাল ২১ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ কোটি টাকা কম। আগের দিন এ বাজারে ২৪ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
গতকাল ডিএসইতে লেনদেনে শীর্ষে ছিল আমরা টেকনোলজিস। এ প্রতিষ্ঠানের ১২ কোটি টাকার শেয়ার লেনদেন হয় গতকাল। এ ছাড়া লেনদেনে শীর্ষে থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে বেক্সিমকো, গ্রামীণফোন, ইফাদ অটোস, সামিট অ্যালায়েন্স পোর্ট, অগ্নি সিস্টেমস, স্কয়ার ফার্মা, এমজেএল বিডি, ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফিন্যান্সিয়াল সার্ভিসেস, বেক্সিমকো ফার্মা প্রভৃতি।
রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড: গতকাল রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করেছে রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের (আরএলআইএফএমএফ) সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি প্রাইম ফাইন্যান্স অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি। সংবাদ সম্মেলনে মিউচুয়াল ফান্ডের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মঈন আল কাশেম।
সংবাদ সম্মেলনে মঈন আল কাশেম বলেন, রূপালী লাইফ ইনস্যুরেন্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আকার ৫০ কোটি টাকা। এটি একটি ওপেন-এন্ড বা বে-মেয়াদি ফান্ড। ইতিমধ্যে উদ্যোক্তাদের ২০ কোটি টাকা সংগ্রহ সম্পন্ন হয়েছে। বাকি ৩০ কোটি টাকা সংগ্রহ করা হবে সাধারণ বিনিয়োগকারীদের কাছ থেকে। এ লক্ষ্যে ১ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়েছে, চলবে ১৮ মার্চ পর্যন্ত। ফান্ডের প্রতি ইউনিটের প্রস্তাবিত মূল্য ১০ টাকা। তিনি আরও বলেন, বে-মেয়াদি ফান্ড তুলনামূলক কম ঝুঁকিপূর্ণ। কারণ, এখানে ফান্ডের প্রকৃত সম্পদমূল্যের ওপর দর নির্ধারিত হয়। বিনিয়োগকারীদের জন্য এ ফান্ডে বিনিয়োগ লাভজনক হবে বলে আশা করেন তিনি।