বড় পরিবর্তনে বড় উল্লম্ফন ইসলামী ব্যাংকের শেয়ারে
‘শান্তিপূর্ণভাবে’ ৫ জানুয়ারি বড় ধরনের পরিবর্তন হয়ে গেছে ইসলামী ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনায়। আর তাতেই শেয়ারবাজারে বড় ধরনের উল্লম্ফন ঘটেছে কোম্পানিটির শেয়ারের দামে। ৫ জানুয়ারি পরবর্তী গত ১২ কার্যদিবসে কোম্পানিটির প্রতিটি শেয়ারের দাম বেড়েছে ১৭ টাকা বা ৫৭ শতাংশ।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল মঙ্গলবারও ইসলামী ব্যাংকের প্রতিটি শেয়ারের দাম ৪ টাকা ২০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। মূলত ৫ জানুয়ারির পর থেকে ব্যাংকটির শেয়ারের দামের একটানা উত্থান চলছে। ফলে ৫ জানুয়ারি যে শেয়ারের দাম ছিল ৩০ টাকা, গতকাল দিন শেষে তা বেড়ে দাঁড়িয়েছে ৪৭ টাকায়।
৫ জানুয়ারি অনুষ্ঠিত ব্যাংকটির পরিচালনা পর্ষদের এক সভায় ব্যাংকটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালকসহ একাধিক গুরুত্বপূর্ণ পদে ‘শান্তিপূর্ণভাবে’ বড় রদবদলের ঘটনা ঘটে। আর শেয়ারবাজারে কোম্পানিটির শেয়ারের দামে এই পরিবর্তনের ইতিবাচক প্রভাবই লাগে পরবর্তী কার্যদিবস থেকে। সেই ধারাবাহিকতা গতকালও অব্যাহত ছিল।
ঢাকার বাজারে গতকাল লেনদেনেরও শীর্ষে ছিল ইসলামী ব্যাংক। এদিন এককভাবে ডিএসইতে ব্যাংকটির ৭৩ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। ইসলামী ব্যাংকের পাশাপািশ গতকালের বাজারে লেনদেন ও দর বৃদ্ধিতে আধিপত্য ছিল ব্যাংক খাতের।
ব্যাংক খাতের শেয়ারের দর বৃদ্ধির ওপর ভর করে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩৮ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৭০০ পয়েন্ট ছাড়িয়েছে। ফলে গতকাল দিন শেষেও সূচকটি সর্বোচ্চ অবস্থানের রেকর্ড করেছে। ২০১৩ সালের ২৭ জানুয়ারি চালু হওয়ার পর এটিই ডিএসইএক্সের সর্বোচ্চ অবস্থান।
ঢাকার বাজারে গতকাল দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ২ হাজার ১৩ কোটি টাকায়, যা আগের দিনের চেয়ে ১৬৮ কোটি টাকা কম। মার্চেন্ট ব্যাংক আইডিএলসি ইনভেস্টমেন্টসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ডিএসইর মোট লেনদেনের মধ্যে ৫৭০ কোটি টাকায় ছিল ব্যাংক খাতের।
অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচকটি গতকাল ১৩৮ পয়েন্ট বেড়ে ছাড়িয়েছে ১৭ হাজার ৭০০ পয়েন্ট। দিন শেষে লেনদেনের পরিমাণ ছিল ১২০ কোটি টাকা, যা আগের দিনের প্রায় সমপরিমাণ।