
বাংলাদেশের তৈরি পোশাক রপ্তানির শীর্ষ ১৫ বাজারে গড় প্রবৃদ্ধি থাকলেও তা আগের চেয়ে কমেছে। ফলে সার্বিকভাবে দেশের সর্বোচ্চ রপ্তানি আয়ের এ খাতের অগ্রযাত্রা কিছুটা হলেও থমকে গেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুযায়ী, চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম আট মাস জুলাই-ফেব্রুয়ারিতে পোশাক রপ্তানি করে ১ হাজার ৬৫৫ কোটি মার্কিন ডলার আয় হয়েছে। এর মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডাসহ শীর্ষ ১৫ দেশ থেকেই এসেছে ১ হাজার ৩৬৪ কোটি ডলার বা ৮২ শতাংশ রপ্তানি আয়। আলোচ্য সময়ে বাজারগুলোতে গড়ে ৫ দশমিক ৪৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। তবে গত ২০১৩-১৪ অর্থবছরের একই সময়ে এই ১৫ বাজারে ১ হাজার ৪৪২ কোটি ডলারের পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৩৪ শতাংশ। অর্থাৎ এক বছরের ব্যবধানে প্রবৃদ্ধির হার ১০ দশমিক ৮৮ শতাংশ কম হয়েছে।
জানতে চাইলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম গতকাল প্রথম আলোকে বলেন, ‘আমরা সব গুছিয়ে আনি, আবার সব এলোমেলো হয়ে যায়। অনেক ব্র্যান্ড ও ক্রেতা বাংলাদেশকে তো এখন “অনিশ্চিত দেশ” হিসেবে অভিহিত করছে।’ তিনি বলেন, রাজনৈতিক স্থিতিশীলতা ছাড়া পরিস্থিতির উন্নতির কোনো সুযোগ নেই।