বড় বাধা এখন বিপুল পরিমাণ খেলাপি ঋণ

ব্যাংকঋণের সুদহার ধীরে ধীরে কমছে। এখন গড় ভারিত্ব সুদহার ১২ দশমিক ৪৯ শতাংশ। এক বছর আগে ছিল ১৩ দশমিক ৫১ শতাংশ। তবে ব্যবসায়ীরা মনে করেন, সুদের হার কাঙ্ক্ষিত পর্যায়ে এখনো আসেনি।
ব্যাংকঋণের সুদহারের ক্ষেত্রে প্রধান উপাদান হচ্ছে মূল্যস্ফীতি। মূল্যস্ফীতি কমে আসায় সুদের হার কমতে শুরু করেছে। তবে দেশে বিপুল পরিমাণ খেলাপি ঋণই ব্যাংকঋণের উচ্চ সুদহারের অন্যতম উৎস। এই খেলাপি ঋণ সহনীয় বা আন্তর্জাতিক পর্যায়ে নামিয়ে আনতে পারলে অন্তত ২ শতাংশ সুদহার কমানো সম্ভব। আর তাতে ব্যাংক খাতের বর্তমান ঈল্ড বা আয়ে কোনো পরিবর্তন হবে না।
সুদের হার হিসাবে ব্যাংকগুলোকে মূল্যস্ফীতির হার, আমানতের সুদ ও খেলাপি ঋণের জন্য ‘রিস্ক প্রিমিয়াম’ বা ঝুঁকি ব্যয় যোগ করতে হয়।
মূল্যস্ফীতির চাপ কমাতে সরকার রাজস্ব নীতিতে পদক্ষেপ নিতে পারে। আর বিশেষত খাদ্যবহির্ভূত পণ্যে মূলস্ফীতি ও খেলাপি ঋণ উভয় ক্ষেত্রে নীতিনির্ধারণী পদক্ষেপ নিতে পারে বাংলাদেশ ব্যাংক।
যোগাযোগ করা হলে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান প্রথম আলোকে বলেন, বাজারভিত্তিক ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দেয় না, বাজারই ঠিক করে। বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিলে সেটি টেকসইও হবে না।
সুদের হার বেশি থাকায় কেন্দ্রীয় ব্যাংক এরই মধ্যে বেশকিছু পরোক্ষ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে ১২০ কোটি ডলারের বৈদেশিক মুদ্রায় রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) ঋণ রয়েছে, যা দেড় শ কোটি ডলার পর্যন্ত বাড়ানো হচ্ছে। এ ঋণের সুদের হার লন্ডন আন্তব্যাংক সুদহার (লাইবর, যা এখন দশমিক ৫ শতাংশ) ও আড়াই শতাংশ। সব মিলিয়ে সুদহার হয় ৩ শতাংশ। আবার বিদেশ থেকে বেসরকারি খাতে ঋণ আনার সুযোগও দেওয়া রয়েছে। দুই ক্ষেত্রেই ৫ থেকে ৬ শতাংশ পর্যন্ত সুদ দিতে হয়। এর বাইরে প্যাকিং ক্রেডিট নামে ৭ শতাংশ সুদে টাকাতে ঋণও জোগান দেওয়া হচ্ছে।
আতিউর রহমান বলেন, এসব সুবিধা হিসাবে নিলে এখনই সুদের হার একক অঙ্কের কাছে এসে পৌঁছেছে।
বাংলাদেশ ব্যাংক সূত্র বলছে, বিশ্বব্যাংক বাংলাদেশের বেসরকারি উৎপাদন খাতে মেয়াদি অর্থায়ন করতে যাচ্ছে। ইতিমধ্যে এ বিষয়ে সরকার ও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সংস্থাটির কয়েক দফা আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে ৩০ কোটি ডলার বা বাংলাদেশি মুদ্রায় দুই হাজার ৩৪০ কোটি টাকা (প্রতি ডলার ৭৮ টাকা ধরে) এ খাতে বরাদ্দও করেছে বিশ্বব্যাংক। আগামী মার্চে ওয়াশিংটনে বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে এর অনুমোদন হবে বলে আশা করা হচ্ছে।
পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় সব ধরনের উৎপাদন খাত বিশেষত দেশের রপ্তানিমুখী শিল্পে এ অর্থ বিনিয়োগ করা হবে। বিশ্বব্যাংক এই অর্থ কেন্দ্রীয় ব্যাংককে দেবে দশমিক ৫ শতাংশ সুদে। তবে কেন্দ্রীয় ব্যাংক অন্যান্য বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে পুনঃ অর্থায়ন কর্মসূচির আওতায় এই অর্থ দিয়ে সুদ নেবে ৪ শতাংশের (লাইবর হার ও আড়াই শতাংশ) মতো। আর শিল্পমালিকদের কাছে বাণিজ্যিক ব্যাংকগুলো ঋণ দেবে সর্বোচ্চ ৬ শতাংশ সুদে।
তৈরি পোশাক মালিক সমিতি, বিজিএমইএর আয়োজনে ৭-৯ ডিসেম্বর রাজধানীতে ‘ঢাকা অ্যাপারেল সামিট’ অনুষ্ঠিত হয়। বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে অর্থাৎ ২০২১ সালে দেশের পোশাক খাতের রপ্তানি ৫ হাজার কোটি ডলারে উন্নীত করার লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিজিএমইএ। সে ক্ষেত্রে অবকাঠামোর পাশাপাশি উচ্চ সুদহারকে অন্যতম প্রধান বাধা হিসাবে তুলে আনা হয়েছে।
যোগাযোগ করা হলে বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম এ প্রতিবেদককে বলেন, ‘ব্যাংকগুলোর খারাপ ব্যবস্থাপনার জন্যই খারাপ (খেলাপি) ঋণ তৈরি হয়। সেটার দায় ভালো গ্রাহকেরা কেন নেবে?’ তিনি আরও বলেন, ‘আমার কোম্পানিতে যখন ঋণ দেয়, তখন তো দেখি ব্যাংক কত কী দেখে। কিন্তু বেসিক ব্যাংকের ঋণ, হল-মার্কের ঋণ, বিসমিল্লাহর ঋণ কি যাচাই-বাছাই করে দেওয়া হয়েছিল? এর দায় কেন আমি নেব?’
মূল্যস্ফীতি: মূল্যস্ফীতি মোটামুটি ধারাবাহিকভাবে কমছে। গত জুন মাসে চলমান গড়ে মূল্যস্ফীতি ও পয়েন্ট টু পয়েন্ট মূল্যস্ফীতি ছিল যথাক্রমে ৭ দশমিক ৩৫ ও ৬ দশমিক ৯৭ শতাংশ। সর্বশেষ তথ্য অনুসারে, গত নভেম্বরে তা কমে দাঁড়িয়েছে যথাক্রমে ৭ দশমিক ১০ ও ৬ দশমিক ২১ শতাংশ। খাদ্য মূল্যস্ফীতিও কমতে শুরু করেছে।
নমিনাল বা সাধারণভাবে গ্রাহক ঋণের যে সুদহার দেখছে, তা বেশি মনে হলেও রিয়েল বা প্রকৃত সুদহার কিন্তু অত বেশি নয়। মূল্যস্ফীতি বাদ দিয়ে প্রকৃত সুদ হিসাব করা হয়। বিশ্লেষণে দেখা যায়, গত ১০ বছরের ভারিত্ব গড়ে (২০০৩ থেকে ’১৩ সাল) ব্যাংকঋণের প্রকৃত সুদহার রয়েছে ৪ দশমিক ৫৩ শতাংশ। একই সময়ে আমানতের প্রকৃত সুদহার ছিল ঋণাত্মক (-) শূন্য দশমিক ৭২ শতাংশ।
খেলাপির প্রভাব: মূল্যস্ফীতি কমাতে সরকার ও বাংলাদেশ ব্যাংক পদক্ষেপ নিলেও খেলাপি ঋণ কমাতে তেমন কোনো কার্যকর পদক্ষেপের কথা বলেন না ব্যবসায়ী নেতারা।
এক হিসাব থেকে দেখা যায়, দ্বিতীয় প্রজন্মের একটি বেসরকারি ব্যাংকের মোট বিতরণ করা ঋণ আট হাজার কোটি টাকা এবং শ্রেণীকৃত ঋণের পরিমাণ ৯০০ কোটি টাকা বা ১১ দশমিক ২৫ শতাংশ। ২০১২ সালে ব্যাংকটির সুদ আয় ছিল এক হাজার ২০০ কোটি টাকা। এর অর্থ-ঋণ খাতে ব্যাংকের গড় ঈল্ড (আয়) ১৫ শতাংশ।
যদি ব্যাংকটির খেলাপি ঋণ ২০০ কোটি টাকা বা ২ দশমিক ৫০ শতাংশ হতো, তাহলে ব্যাংক সুদ আয় করত এক হাজার ৩০০ কোটি টাকা। অর্থাৎ গড় ঈল্ড ১৬ দশমিক ২৫ শতাংশ। এতে ব্যাংকটি সুদ আয় একই রেখে তাদের (২০১২ সালের সুদ ১৫ থেকে ১৬.২৫ শতাংশ) ঋণের সুদ ১ দশমিক ২৫ শতাংশ কমাতে পারত। ২০১৪ সালের মাঝামাঝিতে ব্যাংকটির গড় সুদহার ১৩ শতাংশের কাছাকাছি ছিল। ১ দশমিক ২৫ শতাংশ কমানো গেলে হতো ১১ দশমিক ৭৫ শতাংশ। তাতে করে করপোরেট গ্রাহকের ঋণের সুদহার আরও কিছুটা কমে ১০-এর নিচে চলে আসত মনে করে ব্যাংক কর্তৃপক্ষ।
গত সেপ্টেম্বর প্রান্তিক শেষে ব্যাংক খাতে খেলাপি ঋণের পরিমাণ হয়েছে ৫৭ হাজার ২৯১ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের ১১ দশমিক ৬০ শতাংশ। আর প্রতিযোগী দেশ ভারত, চীন, থাইল্যান্ড প্রভৃতি দেশের খেলাপি ঋণের পরিমাণ ৩ শতাংশের মতো।
দেশে ব্যাংকঋণে সুদহার ধীরে ধীরে কমছে
‘‘বাজারভিত্তিক ব্যবস্থায় কেন্দ্রীয় ব্যাংক সুদের হার নির্ধারণ করে দেয় না, বাজারই ঠিক করে। বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিলে সেটি টেকসইও হবে না
আতিউর রহমান
গভর্নর, বাংলাদেশ ব্যাংক
‘‘ব্যাংকগুলোর খারাপ ব্যবস্থাপনার জন্যই খেলাপি ঋণ তৈরি হয়। সেটার দায় ভালো গ্রাহকেরা কেন নেবে?
শহিদউল্লাহ আজিম
সহসভাপতি, বিজিএমইএ
বাংলাদেশে গড় ভারিত্ব সুদহার ১২ দশমিক ৪৯ শতাংশ। এক বছর আগে ছিল ১৩ দশমিক ৫১ শতাংশ
দেশে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৭ হাজার ২৯১ কোটি টাকা, যা মোট বিতরণ করা
ঋণের ১১.৬০ শতাংশ
প্রতিযোগী দেশ ভারত, চীন, থাইল্যান্ড প্রভৃতি দেশের খেলাপি ঋণের পরিমাণ মোট ঋণের ৩ শতাংশের মতো