বড় মাপের অনুষ্ঠান আয়োজনে অর্থনীতি লাভবান হয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক সম্মেলন ও বড় ধরনের ক্রীড়া প্রতিযোগিতার মতো ব্যাপক পরিসরের অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে অর্থনীতিকে লাভবান করা যায়। এতে নতুন নতুন ব্যবসা তৈরি হয়; যা কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে।
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা বিশ্ববিদ্যালয়ের কেলি স্কুল অব বিজনেসের সফররত ইমেরিটাস অধ্যাপক ব্রুস এল জাফি গতকাল বুধবার ঢাকায় এক সেমিনারে কথাগুলো বলেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ব্র্যাক বিজনেস স্কুল ‘অর্থনীতির প্রভাব বিশ্লেষণ’ শীর্ষক এ সেমিনারের আয়োজন করে।
ব্র্যাক বিশ্ববিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ সেমিনারে ব্রুস এল জাফি আরও বলেন, বড় ‘ইভেন্ট’ বা অনুষ্ঠান আয়োজন করলে বিদেশি অতিথিরা আসেন। এতে বিমানবন্দর থেকে শুরু করে হোটেল, রেস্তোরাঁ, শপিং সেন্টার বা বিপণিবিতান সবখানেই তাঁদের পদচারণা থাকে। ফলে অর্থনীতিতে মূল্য সংযোজন হয়। এ ছাড়া বড় অনুষ্ঠানকে কেন্দ্র করে বেশ কিছু খাতে নতুন বিনিয়োগ আসে। ফলে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়।
তবে ব্রুস এল জাফি মনে করেন, বড় ইভেন্টের জন্য যে অবকাঠামো নির্মাণ করা হয়, তা পরবর্তী সময়েও ব্যবহারের সুযোগ না রাখলে লাভ হবে না।
সেমিনারে আরও বক্তব্য দেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক হাফিজ জি এ সিদ্দিকী। সভাপতিত্ব করেন ব্র্যাক বিজনেস স্কুলের উপদেষ্টা রহিম বি তালুকদার।