বড় সংকটে পোশাকশিল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হুমকির মুখে পড়েছে পোশাকশিল্প
হুমকির মুখে পড়েছে পোশাকশিল্প

তৈরি পোশাকশিল্পের সংকটকে এ মুহূর্তে বাংলাদেশের অর্থনীতির জন্য সবচেয়ে বড় সংকট বলে অভিহিত করেছে বিশ্বব্যাংক। এ খাতে বাংলাদেশ যে সাফল্য অর্জন করেছে তা ধরে রাখা যাবে কি না, সেই সংশয়ও তৈরি হয়েছে বলে সংস্থাটির অভিমত।
রাজধানীর শেরেবাংলা নগরে অবস্থিত সংস্থাটির কার্যালয়ে গতকাল বুধবার আয়োজিত ‘বাংলাদেশের উন্নয়ন অগ্রগতি’ শীর্ষক এক প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই মত প্রকাশ করা হয়।
বাংলাদেশের সামগ্রিক অর্থনীতির বিভিন্ন গতিপ্রকৃতির বিশ্লেষণধর্মী এই প্রতিবেদনটি পাঠ করেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন। অনুষ্ঠানে বক্তব্য দেন বিশ্বব্যাংকের বাংলাদেশের প্রধান ইউহা নেস জাট। এ সময় বিশ্বব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
আন্তর্জাতিক এই দাতা সংস্থা বলছে, সাম্প্রতিক সময়ের ঘটে যাওয়ার নানা দুর্ঘটনার কারণে এ খাতের কর্মপরিবেশ ও শ্রমিকের নিরাপত্তার বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঘোষণা দিয়েছে আগামী বছর পোশাক খাতের অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) বিষয়টি পর্যালোচনা করবে। এ ক্ষেত্রে তারা কর্মপরিবেশ, শ্রমিকের নিরাপত্তা, স্বাস্থ্য ও মজুরির বিষয়গুলোকে বিবেচনায় নেবে। যদি কোনো কারণে ইউরোপীয় ইউনিয়নে জিএসপি সুবিধা স্থগিত বা প্রত্যাহারের সিদ্ধান্ত নেয় তাহলে তার ভয়াবহ নেতিবাচক প্রভাব পড়বে এ দেশের রপ্তানি খাতে। এর ফলে রপ্তানি ৪ দশমিক ১ শতাংশ থেকে ৮ দশমিক ১ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।
বিশ্বব্যাংকের মতে, পোশাকশিল্প এরই মধ্যে হুমকির মুখে পড়েছে। এ খাতে এত দিন যে রৌদ্রোজ্জ্বল পরিবেশ ছিল। ২০১২ সালের নভেম্বরে তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের পর তা পরিবর্তন হয়ে গেছে। ২০১২ সালের নভেম্বরের পর তৈরি পোশাক খাতে পাঁচটি ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে। এর মধ্যে রানা প্লাজা দুর্ঘটনার সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। এর পর থেকে এ খাতের কর্মপরিবেশ উন্নত ও শ্রমিকের নিরাপত্তার বিষয়টি বড় হয়ে দেখা দিয়েছে।
বিশ্বব্যাংক বলছে, তৈরি পোশাক খাত নিয়ে এখন ভবিষ্যৎ-মুখী হতে হবে। এ জন্য এখনই কিছু করতে হবে। পোশাক খাতের কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের উদ্যোগগুলো বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর এসব উদ্যোগ বাস্তবায়নের ওপরই নির্ভর করছে ইউরোপীয় ইউনিয়নের জিএসপি ধরে রাখা।
পোশাক খাতের নিম্নতম মজুরি নির্ধারণবিষয়ক এক প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, ২০১০ সালে পোশাকশ্রমিকদের সর্বশেষ বেতন কাঠামো নির্ধারণ হয়েছিল। এরপর গত তিন বছরে দেশে মূল্যস্ফীতির পরিমাণ ছিল ৩৬ শতাংশ। কাজেই মূল্যস্ফীতির কারণে যে লোকসান হয়েছে নিম্নতম মজুরি নির্ধারণের ক্ষেত্রে অবশ্যই সেটিকে পুষিয়ে দিতে হবে। বিশ্বব্যাংক আশা করে, মালিক ও শ্রমিকপক্ষের প্রস্তাবের মাঝামাঝি একটি জায়গায় মজুরি নির্ধারণ করা হবে যা শিল্পমালিকেরা অবশ্যই পোষাতে পারবেন।
জাহিদ হোসেন আরও বলেন, তৈরি পোশাক রপ্তানিতে রাজনৈতিক সমস্যা একটি সংকট। সেসঙ্গে কর্মপরিবেশটিও এখন বড় সমস্যা। সাম্প্রতিক কিছু দুর্ঘটনার পর আন্তর্জাতিক মহল এ খাতে তীক্ষ নজরদারি অব্যাহত রেখেছে। তাই কর্মপরিবেশ উন্নয়নের বিষয়ে সর্বাধিক গুরুত্ব দিতে হবে।