বড় ধরনের বাণিজ্যিক সম্প্রসারণে যাচ্ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি জিপিএইচ ইস্পাত। ১ হাজার ৭০০ কোটি টাকা ব্যয়ে নতুন এ সম্প্রসারণ উদ্যোগের ফলে কোম্পানিটির বার্ষিক উৎপাদনক্ষমতা পাঁচ গুণ বাড়বে।
নতুন এ সম্প্রসারণ কার্যক্রমে ব্যবহার করা হবে সর্বাধুনিক বিদ্যুৎ ও জ্বালানিসাশ্রয়ী পরিবেশবান্ধব প্রযুক্তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব তথ্য তুলে ধরেন কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম। এ জন্য ১৯ জানুয়ারি অস্ট্রিয়ার প্রাইমেটালস টেকনোলজিসের সঙ্গে চুক্তি সই হবে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নতুন সম্প্রসারণ প্রকল্পে রড তৈরিতে সর্বাধুনিক কোয়ান্টাম প্রযুক্তি ব্যবহার করা হবে। এশিয়ায় প্রথম কোম্পানি হিসেবে জিপিএইচ ইস্পাত এ প্রযুক্তির ব্যবহার করতে যাচ্ছে। বর্তমানে কোম্পানিটির এমএস রড উৎপাদনক্ষমতা রয়েছে ১ লাখ ২০ হাজার মেট্রিক টন আর এমএস বিলেট উৎপাদনক্ষমতা ১ লাখ ৬৮ হাজার মেট্রিক টন। সম্প্রসারণ কার্যক্রম শেষ হলে কোম্পানিটির এমএস বিলেটের বার্ষিক উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ১০ লাখ ৮ হাজার মেট্রিক টন। আর এমএস রডের উৎপাদনক্ষমতা বেড়ে দাঁড়াবে ৭ লাখ ৬০ হাজার মেট্রিক টন। রড ও বিলেট ছাড়া নতুন প্রযুক্তির মাধ্যমে উৎপাদন করা হবে ইস্পাতের ভবন তৈরিতে ব্যবহার্য বিভিন্ন গুরুত্বপূর্ণ উপাদান, যা এখন বিদেশ থেকে আমদানি করতে হয়।
পুরো সম্প্রসারণ কার্যক্রমে যে খরচ ধরা হয়েছে তার মধ্যে ১ হাজার ২০০ কোটি টাকা দেশি-বিদেশি বিভিন্ন ব্যাংক থেকে সংগ্রহ করা হবে। ২৬২ কোটি টাকা সংগ্রহ করা হবে পুঁজিবাজার থেকে। আর বাকি অর্থ কোম্পানির নিজস্ব তহবিল এবং উদ্যোক্তাদের মাধ্যমে সংগ্রহ করা হবে বলে জানান মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
কোম্পানিটির বড় ধরনের এই বাণিজ্যিক সম্প্রসারণের কারণ হিসেবে বলা হয়, বাংলাদেশে স্টিলের মাথাপিছু ব্যবহার এ অঞ্চলের মধ্যে সর্বনিম্ন ৩০ থেকে ৩২ কেজি। বাংলাদেশে এখন নানা ধরনের উন্নয়ন কর্মকাণ্ড হচ্ছে। পাশাপাশি কংক্রিটের ভবনের পরিবর্তে ইস্পাতের ভবন তৈরির প্রবণতাও দিন দিন বাড়ছে। তাই ভবিষ্যতে স্টিলের চাহিদা অনেক বেড়ে যাবে। সেটিকে মাথায় রেখেই বড় ধরনের এ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে।
এ প্রসঙ্গে মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেন, অতীত ব্যবসায়িক অভিজ্ঞতা থেকে দেখেছি, ধীরে ধীরে উৎপাদনক্ষমতা বাড়ালে তাতে বাজার ধরা কঠিন হয়ে পড়ে। তাতে অপচয়ও বেড়ে যায়। তাই একেবারে বড় ধরনের সম্প্রসারণের এ উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রসারণ কার্যক্রম শেষে ২০১৮ সালের মধ্যে কোম্পানিটি পুরোদমে উৎপাদন সক্ষমতাকে কাজে লাগাতে পারবে বলেও তিনি জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কোম্পানিটির চেয়ারম্যান আলমগীর কবির, পরিচালক আবদুর রউফ, আশরাফুজ্জামান ও আবদুল আহাদ। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়, নতুন প্রকল্পটি বাস্তবায়িত হলে তাতে প্রায় ৯ হাজার লোকের কর্মসংস্থান হবে।