বড় সাইবার হামলা সামলানোর সামর্থ্য আছে ২০ ব্যাংকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের ব্যাংকিং খাতে বড় ধরনের সাইবার হামলা হলে সেটি সামাল দেওয়ার মতো কারিগরি সামর্থ্য আছে ২০টি ব্যাংকের। আর কেন্দ্রীয় তথ্যভান্ডার অচল হয়ে গেলে সেটি সামলে কার্যক্রম চালিয়ে যাওয়ার সামর্থ্য কোনো ব্যাংকেরই নেই। তবে ছোটখাটো সাইবার হামলা সামাল দেওয়ার সামর্থ্য কম-বেশি সব ব্যাংকেরই আছে। সাইবার হামলা সামাল দিতে তাই ব্যাংকগুলোর সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই।

‘সাইবার ঝুঁকি মোকাবিলায় ব্যাংকের সামর্থ্য’ শীর্ষক এক সেমিনারে দেশের ব্যাংক খাতের সাইবার সক্ষমতার চিত্র এভাবেই তুলে ধরেন বেসরকারি ডাচ্‌-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবুল কাশেম মো. শিরিন। রাজধানীর মিরপুরে গতকাল রোববার বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও বেসরকারি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান ট্রান্স আইটি সলিউশন যৌথভাবে এই সেমিনারের আয়োজন করে। বিআইবিএম মিলনায়তনে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ফজলে কবির। সেমিনারে ব্যাংক ও আর্থিক খাতে সাইবার হামলার সার্বিক ঝুঁকির চিত্র তুলে ধরে উপস্থাপনা করেন ট্রান্স আইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিরুল আই চৌধুরী ও কর্মকর্তা রুবাইয়াত আকবর।

ট্রান্স আইটির উপস্থাপনায় বলা হয়, বিশ্বজুড়ে ২০১৬ সালে ব্যাংক ও আর্থিক খাতের প্রতিষ্ঠানের ওপর প্রতি ৩৯ সেকেন্ডে একটি করে সাইবার হামলার ঘটনা ঘটেছে। গত বছর র‍্যানসমওয়্যার নামের বিশেষ সাইবার হামলা থেকে বাঁচতে এই খাতের প্রতিষ্ঠানগুলো ১০০ কোটি মার্কিন ডলার খরচ করেছে।

র‍্যানসমওয়্যার হলো একটি বিশেষ ধরনের সাইবার হামলা, যা ক্ষতিকর সফটওয়্যার বা ম্যালওয়্যারের মাধ্যমে চালানো হয়। এর মাধ্যমে একটি কম্পিউটারে সংরক্ষিত সব তথ্যের নিয়ন্ত্রণ হ্যাকারদের কাছে চলে যায়। নির্দিষ্ট পরিমাণ র‍্যানসম বা মুক্তিপণ আদায়ের পর হ্যাকাররা আসল ব্যবহারকারীকে কম্পিউটারে প্রবেশের সুযোগ করে দেয়।

গভর্নর ফজলে কবির বলেন, ব্যাংক ও আর্থিক খাতে সাইবার হামলা এখন বৈশ্বিক একটি ইস্যু হয়ে দাঁড়িয়েছে। গত বছর বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনা সবার জন্যই একটি বড় ধরনের সতর্কবার্তা ছিল। সেই ঘটনা থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশ ব্যাংক সাইবার নিরাপত্তা নিশ্চিতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। অনলাইন ব্যাংকিং পরিচালনার জন্য নতুন নীতিমালা করা হয়েছে।

ফজলে কবির আরও বলেন, সাইবার হামলাকারীদের সক্ষমতা দিনে দিনে বাড়ছে। তারা হামলা করার ক্ষেত্রে নতুন নতুন কৌশল প্রয়োগ করছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যাংক ও আর্থিক খাতে আইটিবিষয়ক সুশাসন নিশ্চিত করতে হবে।

আবুল কাশেম মো. শিরীন বলেন, অনলাইনভিত্তিক কেন্দ্রীয় তথ্যভান্ডারের মাধ্যমে এখন বেশির ভাগ ব্যাংকের কার্যক্রম পরিচালিত হচ্ছে। অধিকাংশ ব্যাংকের বিকল্প তথ্যভান্ডার ঢাকা শহর বা এর আশপাশে অবস্থিত। এটি দুর্যোগকালীন বিপর্যয় মোকাবিলার জন্য ভালো নয়। কারণ কাছাকাছি দূরত্বে দুটি তথ্যভান্ডার থাকলে তা ব্যাংকের ঝুঁকি কমাতে সহায়ক হয় না। তিনি আরও বলেন, কেন্দ্রীয় তথ্যভান্ডারসহ বিভিন্ন স্পর্শকাতর স্থানে কর্মীরা যাতে সহজে প্রবেশ করতে না পারে, সেটি নিশ্চিত করতে হবে।

অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের (এবিবি) সভাপতি এবং বেসরকারি মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের এমডি ও সিইও আনিস এ খান বলেন, অনেক ব্যাংকের শীর্ষ কর্মকর্তা এখনো প্রযুক্তি ব্যবহারে ততটা আগ্রহী নন। এবিবির উদাহরণ তুলে ধরে তিনি বলেন, এখানে ৫৭ জন সিইওর মধ্যে ১২ থেকে ১৪ জনের ই-মেইল নেই। শীর্ষ কর্মকর্তারা যদি প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব না বোঝেন, তাহলে কর্মীদের শেখার জায়গাটা থাকে না।

সাইবার হামলার ঝুঁকি এড়াতে করণীয় সম্পর্কে আনিস এ খান বলেন, বিভিন্ন অ্যাকাউন্ট লগইন পাসওয়ার্ড প্রতি দুই সপ্তাহ পর পর পরিবর্তন করা উচিত। ব্যাংকের অভ্যন্তরীণ নজরদারি এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ।