বড় হচ্ছে ফ্রিজের বাজার

দরজায় কড়া নাড়ছে কোরবানির ঈদ। এ উৎসবকে কেন্দ্র করে সব সময়ই বেড়ে যায় ফ্রিজ (রেফ্রিজারেটর) ও ডিপ ফ্রিজের (ফ্রিজার) বেচাকেনা। কোরবানির পশুর মাংস সংরক্ষণের জন্য মূলত এই সময়ে বাড়তি চাহিদা তৈরি হয়। এ খাতের সংশ্লিষ্ট ব্যবসায়ীরা বলছেন, মৌসুমি এ চাহিদার পাশাপাশি দেশে বিদ্যুতের উৎপাদন ও সংযোগ বৃদ্ধি পাওয়ায় ফ্রিজের বাজার গত দুই বছরে ৫০ শতাংশ বেড়েছে।
দেশি ফ্রিজ নির্মাতাদের সংগঠন বাংলাদেশ রেফ্রিজারেটরস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের হিসাব অনুযায়ী, দেশে ২০১৫ সালে বিভিন্ন ধরনের ফ্রিজ বিক্রি হয়েছে ১৮ লাখ। ২০১৪ সালে এ সংখ্যা ছিল ১২ লাখ। অর্থাৎ এ সময় ফ্রিজের বাজার বেড়েছে ৬ লাখ ইউনিট বা ৫০ শতাংশ। এ বছর বিক্রি ২০ লাখ ইউনিট ছাড়িয়ে যাবে বলে আশা করছেন ব্যবসায়ীরা।
বিদ্যুৎ বিভাগের পরিসংখ্যান অনুযায়ী, দেশে বর্তমানে ৭৭ শতাংশ জনগোষ্ঠী বিদ্যুতের সুবিধা পাচ্ছে। দুই বছর আগে বিদ্যুৎ-সুবিধা পেত ৬০ শতাংশ জনগোষ্ঠী। আবার বহুজাতিক গবেষণা প্রতিষ্ঠান বোস্টন কনসালটিং গ্রুপের (বিসিজি) গবেষণা অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ২০ লাখ মানুষ মধ্যবিত্ত শ্রেণিতে উন্নীত হচ্ছে। বিদ্যুতের সংযোগ বৃদ্ধি ও মানুষের ক্রয়ক্ষমতায় উন্নতি—এ দুটো বিষয় ফ্রিজের বাজার বাড়াতে ভূমিকা রাখছে বলে মনে করেন এই খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা।
বাংলাদেশ ইলেকট্রনিক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কোষাধ্যক্ষ গৌরাঙ্গ দে প্রথম আলোকে বলেন, মফস্বল এলাকায় যেখানে বিদ্যুৎ আছে, সেখানে বাসাবাড়ি, হোটেল ও চায়ের দোকানে ফ্রিজের ব্যবহার অনেক বেড়েছে। যত বেশি মানুষ বিদ্যুতের আওতায় আসবে, ফ্রিজের বাজার তত বেশি বাড়বে। বিদ্যুতের ব্যবহার বৃদ্ধির সুফল মিলছে এখন।
ব্যবসায়ীদের হিসেবে, সারা বছরে বিভিন্ন ব্র্যান্ডের যত ফ্রিজ বিক্রি হয় তার ৩০-৪০ শতাংশই হয় কোরবানি ঈদের সময়। বাজারে ১০০ থেকে ৪০০ লিটার ধারণক্ষমতাসম্পন্ন ফ্রিজ পাওয়া যায়। তবে বিক্রি বেশি হয় ১৫০-২০০ লিটার ক্ষমতাসম্পন্ন ফ্রিজের, যা মধ্যবিত্ত মানুষের বেশি পছন্দ। ট্রান্সটেক, ওয়ালটন, মার্সেল, র্যাংগস, ইকো প্লাস, যমুনা, মাইওয়ান, ভিশন, মিনিস্টার, বসের মতো দেশিয় ব্র্যান্ডের পাশাপাশি হিটাচি, সিঙ্গার, এলজি, ওয়ার্লপুল, অ্যারিস্টন, সামস্যাং, হায়েস, হায়ার, শার্পসহ আমদানি করা বিভিন্ন ব্র্যান্ডের ফ্রিজের বাজারও বেশ ভালো। ক্রেতা আকর্ষণে তাৎক্ষণিক অর্থ ছাড়, বিভিন্ন উপহারসামগ্রী, স্ক্র্যাচ কার্ড ঘষে বিদেশে বেড়ানোর সুযোগ দেওয়া হচ্ছে। এমনকি বিনা পয়সায় কসাই সরবরাহের সুযোগও দিচ্ছে অনেক প্রতিষ্ঠান।
ওয়ালটন কোরবানির ঈদকে সামনে রেখে এবার সাড়ে চার লাখ ফ্রিজ বিক্রির পরিকল্পনা নিয়েছে। গত ঈদে প্রতিষ্ঠানটি তিন লাখ ফ্রিজ বিক্রি করেছিল। সারা দেশে ২৮৪টি ওয়ালটন প্লাজা ও ৯ হাজারের বেশি বিক্রয়কেন্দ্রের মাধ্যমে বিক্রি হচ্ছে ওয়ালটনের ফ্রিজ। ২০১৫ সালে মোট ৯ লাখ ৬৫ হাজার ফ্রিজ বিক্রি করেছে ওয়ালটন। আর এ বছর মোট ১৫ লাখ ফ্রিজ বিক্রির লক্ষ্য আছে এই প্রতিষ্ঠানের, যার ৩০ শতাংশই এবারের ঈদে বিক্রির আশা করা হচ্ছে। ১৭ হাজার টাকা থেকে শুরু করে ৭০ হাজার টাকার মধ্যে পাওয়া যাচ্ছে ওয়ালটনের ফ্রিজ।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম প্রথম অালোকে বলেন, ননফ্রস্ট বা বরফ জমে না, এমন মডেলের ওয়ালটন ফ্রিজ এবার বেশি বিক্রি হচ্ছে। সাশ্রয়ী মূল্য, উন্নত মান এবং সারা দেশে সবচেয়ে বেশি বিক্রয়কেন্দ্র থাকায় ওয়ালটন ফ্রিজের চাহিদা বেশি।
ফ্রিজের আরেকটি জনপ্রিয় ব্র্যান্ড সিঙ্গার এবারের ঈদে ৯০ হাজার ফ্রিজ বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। প্রতিষ্ঠানটির একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, চলতি বছরের জুন থেকে সাভারে নিজস্ব কারখানায় সিঙ্গার ব্র্যান্ডের ফ্রিজ বাজারজাত করতে শুরু করেছে প্রতিষ্ঠানটি। সিঙ্গার ছাড়াও বেকো ব্র্যান্ডের ফ্রিজে ৫ থেকে সর্বোচ্চ ২০ শতাংশ পর্যন্ত অর্থ ছাড় মিলছে।
কারওয়ান বাজারের ট্রান্সকম ডিজিটালের বিক্রয়কেন্দ্রের শাখা ব্যবস্থাপক গোলাম আতোয়ার রহমান বলেন, নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক ছাড়াও হিটাচি, স্যামসাং, ওয়ার্লপুল ব্র্যান্ডের ফ্রিজ, ডিপ ফ্রিজ বিক্রি হচ্ছে এখানে। নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেকের পাশাপাশি স্যামসাং ব্র্যান্ডের ফ্রিজ বেশি বিক্রি হচ্ছে বলে জানান তিনি।
ট্রান্সকমের বিক্রয়কেন্দ্র থেকে ২৮ হাজার টাকায় ২৫২ লিটার ধারণক্ষমতার একটি ট্রান্সটেক ফ্রিজার কেনেন মোহাম্মদপুরের বাসিন্দা জাহিদুল ইসলাম। তিনি বলেন, ‘অনেক দিন ধরেই একটি ফ্রিজার কেনার পরিকল্পনা ছিল। সামনে ঈদ, দেরি না করে তাই এবার কিনেই ফেললাম।’