বড় হচ্ছে সিমেন্টের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রমশ বড় হচ্ছে সিমেন্টের বাজার। মূলত অভ্যন্তরীণ চাহিদার কারণে এই বিস্তার। এক দশকের ব্যবধানে আমদানিনির্ভর সিমেন্টের বাজার এখন পুরোটাই নিয়ন্ত্রণ করছেন দেশীয় উৎপাদকেরা। চলতি বছর শেষে স্থানীয়ভাবে সিমেন্টের বাজার এক কোটি ৬০ লাখ টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে আরও থাকবে আড়াই লাখ টনের রপ্তানি। এখন রপ্তানি প্রবৃদ্ধিতে রয়েছে ধীর গতি। তবে রপ্তানির ক্ষেত্রে মিয়ানমারকে সম্ভাবনাময় বাজার মনে করা হচ্ছে। বর্তমানে রপ্তানি সীমাবদ্ধ রয়েছে ভারতের কয়েকটি অঙ্গরাজ্যে।সম্ভাবনা যেমন, তেমনি সমস্যাও আছে বিকাশমান এই খাতটিতে। বর্তমানে সবচেয়ে বড় সমস্যা ব্যাংকঋণের সুদ ও পর্যাপ্ত অর্থায়নের অভাব। সময়মতো ঋণপত্র (এলসি) খুলতে না পারায় ব্যাহত হচ্ছে কাঁচামাল আমদানি। এতে উৎপাদন প্রক্রিয়াও বাধাগ্রস্ত হচ্ছে। পাশাপাশি রয়েছে গ্যাস-বিদ্যুতের সংকট। কয়েক বছর ধরে চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে দেশে সিমেন্টের উৎপাদনও বাড়ছে। অভ্যন্তরীণ চাহিদাকে সামনে রেখে কোম্পানিগুলোর অনেকেই নতুন বিনিয়োগ বাড়াচ্ছে। এর মধ্যে রয়েছে: শাহ সিমেন্ট, প্রিমিয়ার সিমেন্ট, এমআই সিমেন্ট, হাইডেলবার্গ সিমেন্টসহ বেশ কয়েকটি কোম্পানি। যদিও বিদ্যমান কোম্পানিগুলো এখনো পুরোপুরি তাদের উৎপাদনসক্ষমতাকে কাজে লাগাতে পারছে না। গত দুই বছরে দেশে-বিদেশে সিমেন্টের চাহিদা বেড়েছে প্রায় ২০ লাখ মেট্রিক টন। একাধিক ব্যবসায়ী ও এ খাতের ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ সিমেন্ট প্রস্তুতকারক সমিতি (বিসিএমএ) সূত্রে এ তথ্য জানা গেছে। বিসিএমএ-সংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, ২০১০ সালে দেশে-বিদেশে সিমেন্টের চাহিদা ছিল প্রায় এক কোটি ৪০ লাখ মেট্রিক টন। যদিও ওই বছরই দেশে বিদ্যমান সিমেন্ট কোম্পানিগুলোর উৎপাদনক্ষমতা ছিল প্রায় এক কোটি ৮০ লাখ মেট্রিক টন। ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে এ খাতের বিপুল সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরে চাহিদা বাড়ছে। গ্রামীণ জনপদে অবকাঠামো উন্নয়নের কারণে এই চাহিদ বৃদ্ধি পাচ্ছে। প্রিমিয়াম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আমিরুল হক টেলিফোনে প্রথম আলোকে বলেন, ‘সিমেন্ট খাতের ক্রমশ বিস্তারের পেছনে বড় ভূমিকা রাখছে গ্রামীণ অঞ্চলের অবকাঠামো উন্নয়ন। এ ক্ষেত্রে প্রবাসী বাংলাদেশিদেরই অবদান বেশি।’ বিদ্যমান সমস্যা মেটানো গেলে আরও বিস্তার লাভ করা সম্ভব বলে মত দেন তিনি।সিমেন্ট খাতে মোট বিনিয়োগের পরিমাণ এখন প্রায় সাত হাজার কোটি টাকা। বর্তমানে প্রায় ৪৩টি সিমেন্ট কোম্পানি রয়েছে দেশে। এর মধ্যে পাঁচটি বিদেশি কোম্পানি। এগুলো হলো: হাইডেলবার্গ, হোলসিম, লাফার্জ সুরমা, সিমেক্স ও আলট্রাটেক সিমেন্ট কোম্পানি। এ খাতে বিভিন্ন পর্যায়ের এখন প্রায় ২৫ হাজার লোকবল রয়েছে। গোড়ার কথা: নব্বইয়ের দশকের আগে সিমেন্টের চাহিদার সিংহভাগই মিটত আমদানি করে। ২০০০ সালের আগ পর্যন্ত দেশে সিমেন্ট কোম্পানি ছিল হাতে গোনা ছয়-সাতটি। এদের মধ্যে ছিল সরকারি খাতের ছাতক সিমেন্ট কারখানা, বেসরকারি খাতের কোম্পানিগুলোর মধ্যে ছিল কিংব্যান্ড সিমেন্ট, এলিফ্যান্ট ব্র্যান্ড, সাতঘোড়া, রুবি, কনফিডেন্স সিমেন্টসহ আরও কয়েকটা। এদের মধ্যে বেশি উৎপাদন করার ক্ষমতা ছিল সরকারি খাতের ছাতক সিমেন্ট কারখানার। ১৯৪১ সাল থেকে এই কারখানায় সিমেন্ট উৎপাদিত হচ্ছে। দেশে বেসরকারি খাতে প্রথম সিমেন্ট কারখানা গড়ে ওঠে ১৯৯২ সালে। এরপর ২০০০ সালে এ খাতে সবচেয়ে বড় বিনিয়োগ নিয়ে আসে শাহ সিমেন্ট। মাসে প্রায় এক লাখ ৮০ হাজার টন উৎপাদনক্ষমতার কারখানা স্থাপন করে কোম্পানিটি। গত শতকের শেষভাগেই মূলত সিমেন্ট খাতে বিনিয়োগ ব্যাপকভাবে বৃদ্ধি পায়। ওই সময়কালে ৭০টিরও বেশি দেশি-বিদেশি সিমেন্ট কোম্পানি বিনিয়োগ বোর্ডে নিবন্ধিত হয়। অবশ্য এর অনেকগুলো পরবর্তী সময়ে প্রতিযোগিতায় টিকতে না পেরে বন্ধ হয়ে গেছে। বর্তমানে ছোট-বড় ও দেশি-বিদেশি ৪০টিরও বেশি সিমেন্ট কোম্পানি রয়েছে দেশে। অভ্যন্তরীণ বাজার: এক যুগ আগেও দেশের বাজার দখলে ছিল বিদেশ থেকে আমদানি হওয়া সিমেন্টের। আর এখন উল্টো চিত্র, সিংগভাগই চলে এসেছে দেশীয় উৎপাদকদের হাতের মুঠোয়। প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে বিদেশি কোম্পানিগুলো। বিসিএমএ দাবি করছে, অভ্যন্তরীণ চাহিদার ৭৫ থেকে ৮০ ভাগ এখন মেটাচ্ছে দেশীয় কোম্পানিগুলো, বাকিটা বিদেশি কোম্পানির উৎপাদিত সিমেন্ট। এদিকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১০ মাসে প্রায় এক কোটি ৪০ লাখ টন সিমেন্ট দেশীয় ও আন্তর্জাতিক বাজারে বাজারজাত হয়েছে। বছর শেষে এর পরিমাণ বৃদ্ধি পেয়ে এক কোটি ৬০ লাখ টন ছাড়িয়ে যাবে বলে ধারণা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। এটিই হবে এযাবৎকালের সর্বোচ্চ বাজার। তবে এক কোটি ৬০ লাখ টনের বাজার পাওয়া গেলেও স্থাপিত কোম্পানিগুলোর উৎপাদনক্ষমতা প্রায় তিন কোটি টনের। ফলে অর্ধেকই এখনো অব্যবহূত থাকছে। রপ্তানি বাজার: রপ্তানিকারকদের তথ্য অনুযায়ী, এখন প্রতি মাসে গড়ে ২০ হাজার টন সিমেন্ট রপ্তানি হচ্ছে। এর পুরোটাই যাচ্ছে বাংলাদেশের সীমান্তবর্তী সেভেন সিস্টার হিসেবে পরিচিত ভারতের সাত অঙ্গরাজ্যে। ভারতের বাজারে বছরে এই চাহিদা প্রায় দুই থেকে আড়াই লাখ টন। রপ্তানিবাজারের সিংহভাগই দখলে নিয়েছে এমআই সিমেন্ট। এদের উৎপাদিত ক্রাউন সিমেন্ট এককভাবেই রপ্তানি বাজারের ৪০ ভাগজুড়ে আছে। বাকি কোম্পানিগুলো ৬০ ভাগ রপ্তানি চাহিদা পূরণ করে। রপ্তানি হওয়া অন্যান্য সিমেন্টের মধ্যে রয়েছে: প্রিমিয়ার, আরামিট, আলট্রাটেক, সেভেন রিং, হোলসিম। দরদাম: বিভিন্ন কোম্পানির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে প্রতি টন সিমেন্টের গড় মূল্য প্রায় নয় হাজার টাকা। ২০০২ সালে ছিল চার হাজার ৬০০ টাকা। অর্থাৎ ১০ বছরের ব্যবধানে প্রতি টন সিমেন্টের দাম প্রায় চার হাজার ৪০০ টাকা বা প্রায় ৯৬ শতাংশ বেড়েছে। সিমেন্ট বিক্রি হয় বস্তা হিসেবে। বর্তমানে ৫০ কেজির প্রতি বস্তা সিমেন্টের গড় দাম ৪৫০ টাকা। সিমেন্টের কাঁচামাল হিসেবে ব্যবহূত হয় ক্লিংকার। যার পুরোটাই আমদানিনির্ভর। তবে সরকারি কোম্পানি ছাতক ও বেসরকারি বহুজাতিক কোম্পানি লাফার্জ নিজেরা কাঁচামাল উৎপাদন করে থাকে। সিমেন্টের কাঁচামাল ক্লিংকার আমদানি করা হয় মূলত ভিয়েতনাম, চীন, থাইল্যান্ড ও ইন্দোনেশিয়া থেকে। ২০০৪ সালে প্রতিটন ক্লিংকারের দাম ছিল ২৮ ডলার। বর্তমানে এ দাম বেড়ে দাঁড়িয়েছে ৫২ থেকে ৬০ ডলার। ২০০৪ সালে প্রতি ডলারের বিপরীতে টাকার বিনিময় মূল্য ছিল ৬০ থেকে ৬৫ টাকা। আর বর্তমানে সেটি বেড়ে হয়েছে ৮৩ টাকা। যে কারণে আন্তর্জাতিক বাজারে দাম যে পরিমাণ বেড়েছে তারচেয়ে বেশি বেড়েছে আমদানিমূল্য।