বড়পুকুরিয়ার কয়লার দাম কমল
দেশের একমাত্র কয়লাখনি পার্বতীপুরের বড়পুকুরিয়ায় উৎপাদিত কয়লার দাম টনপ্রতি ২ হাজার ৬৮০ টাকা কমানো হয়েছে। ফলে প্রতি টন কয়লা এখন ১১ হাজার টাকায় বিক্রি হচ্ছে, যা এত দিন ছিল ১৩ হাজার ৬৮০ টাকা।
কয়লার দাম কমানোর সিদ্ধান্তটি নেওয়া হয় গত বৃহস্পতিবার। আর তা গতকাল রোববার থেকে কার্যকর হয়েছে।
খনি কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে দেশের ইটভাটা ও বয়লারচালিত শিল্প-কারখানার মালিকেরা যাতে তাঁদের চাহিদামতো কয়লার সরবরাহ পান, সে জন্য এর দাম কমানো হয়েছে।
তবে বাস্তব চিত্র ভিন্ন। আন্তর্জাতিক বাজারে দাম কমায় দেশে আমদানি করা কয়লার দাম প্রায় অর্ধেকে নেমে গেছে। এই অবস্থায় প্রতিযোগিতায় টিকে থাকতে দাম কমানো হয়েছে। যেমন, দেশে এখন প্রতি টন কয়লা ৮ থেকে ৯ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে, যা গত বছরে ছিল ১৭ থেকে ২০ হাজার টাকা।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, বর্তমানে এই বড়পুকুরিয়া কয়লাখনির চত্বরে প্রায় ৩ লাখ মেট্রিক টন কয়লা মজুত রয়েছে। উন্নতমানের ও সালফারমুক্ত এ কয়লা প্রধানত খনিসংলগ্ন কয়লাভিত্তিক বড়পুকুরিয়ার তাপবিদ্যুৎকেন্দ্রে ব্যবহার করা হয়। এরপরও বিপুল পরিমাণে উদ্বৃত্ত থাকে, যা দেশের ইটভাটা ও বয়লারচালিত শিল্পকারখানার কাছে বিক্রি করা হয়।