বড়পুকুরিয়ার কয়লার দাম কমলেও ক্রেতা নেই
এক মাসের মধ্যে বড়পুকুরিয়ায় কয়লার মূল্য দুই দফায় টনপ্রতি সাড়ে চার হাজার টাকা কমানো হয়েছে। তারপরও ক্রেতা মিলছে না। ফলে কয়লার বিপুল মজুত নিয়ে বিপাকে পড়েছে খনি কর্তৃপক্ষ।
এবারে আমদানি করা কয়লা গত বছরের চেয়ে কম দামে বিক্রি হচ্ছে। সেটির সঙ্গে সামঞ্জস্য রাখতে বড়পুকুরিয়া খনি কর্তৃপক্ষ গত ২৯ নভেম্বর তাদের কয়লার দাম কমিয়ে টনপ্রতি ১১ হাজার টাকায় নির্ধারণ করে। এতে ভালো সাড়া না পেয়ে গত ২৫ ডিসেম্বর আবার কয়লার দাম কমিয়ে নয় হাজার টাকা করে। অন্যদিকে, আমদানি করা কয়লা প্রতি টন বিক্রি হচ্ছে ৭ হাজার ৮০০ টাকায়। গত ইটভাটা মৌসুমে আন্তর্জাতিক ও স্থানীয় বাজারে চাহিদা বেশি থাকায় বড়পুকুরিয়ার প্রতি টন কয়লা বিক্রি হয় ১৩ হাজার ৬৮০ টাকা দরে। আর আমদানি করা প্রতি টন কয়লার দাম ছিল আট-নয় হাজার টাকা। তবে আমদানি করা কয়লার মান নিয়ে প্রশ্ন রয়েছে।
কয়েকজন ইটভাটা মালিক বলেন, প্রায় দুই মাস আগে মৌসুমের শুরুতেই তাঁরা নিজেদের চাহিদা অনুযায়ী কয়লা কিনে মজুত করেন। এখন ইট পোড়ানোর মৌসুম প্রায় শেষের দিকে। মৌসুমের শুরুতে খনি কর্তৃপক্ষ কয়লার দাম কমালে প্রচুর বিক্রি হতো।
সংশ্লিষ্ট সূত্রমতে, বড়পুকুরিয়া কোল ইয়ার্ডের ধারণ ক্ষমতা দুই লাখ মেট্রিক টন। অথচ সেখানে বর্তমানে মজুত আছে প্রায় আড়াই লাখ মেট্রিক টন। কোল ইয়ার্ডে ধারণ ক্ষমতার চেয়ে বেশি কয়লা মজুত থাকায় কয়লার স্তূপে তাপমাত্রা বৃদ্ধি পেয়ে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
অবশ্য প্রতিদিন বড়পুকুরিয়া খনির দেড় থেকে দুই হাজার মেট্রিক টন কয়লা বড়পুকুরিয়া তাপবিদুৎ কেন্দ্রে ব্যবহৃত হচ্ছে।
বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আমিনুজ্জামান প্রথম আলোকে বলেন, ‘আমদানি করা কয়লার চেয়ে বড়পুকুরিয়ার কয়লা উন্নত ও সালফারের পরিমাণ কম। সে জন্য এখানকার কয়লা উচ্চ মূল্যে বিক্রি হওয়ার কথা। তবে বিশ্ববাজারে কয়লাসহ সব ধরনের জ্বালানির মূল্য কমে যাওয়ায় আমরাও কম দামে কয়লা বিক্রি করতে বাধ্য হচ্ছি।’