বদি আলমদের দৌরাত্ম্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম কাস্টম হাউসে ঘুষ ছাড়া আমদানি-রপ্তানি ফাইল নড়ে না বললেই চলে। এসব ফাইল নাড়াতে ‘বদি আলম’দের সহায়তা নেন ব্যবসায়ীরা। এঁরা ‘ফালতু’ নামেও পরিচিত। এঁরা শুল্ক বিভাগের নিয়োগকৃত কোনো কর্মচারী নন। তবে শুল্ক কর্মকর্তারা তাঁদের অবৈধ অর্থ লেনদেনের জন্য নিয়োজিত করেন। শুল্ক কর্মকর্তাদের একাংশ নিজেরা সরাসরি ঘুষের অর্থ না নিয়ে এসব বদি আলম বা ফালতুদের মাধ্যমে নেন। এই বদি আলম বা ফালতুরা অনেকটা দালালের ভূমিকা পালন করেন।
চট্টগ্রাম কাস্টম হাউসে এমন ৬০ থেকে ৭০ জন বদি আলম বা ফালতু রয়েছেন, যাঁরা নিয়মবহির্ভূত লেনদেনে ব্যবসায়ী ও শুল্ক কর্মকর্তাদের সহায়তা করে থাকেন। চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস নিয়ে টিআইবির গবেষণায় এসব তথ্য দেওয়া হয়েছে। ফাইল দ্রুত সই করানোর কাজ করেন এসব বদি আলম। বিনিময়ে পদে পদে ঘুষ দিতে হয় ব্যবসায়ীদের।
গবেষণায় আরও বলা হয়েছে, এসব বদি আলমই শুল্কায়নের বিভিন্ন পর্যায়ে নিয়মবহির্ভূত লেনদেনে সমঝোতা করে থাকেন। শুল্ক কর্মকর্তাদের কার্যক্রম এসব ফালতুর ওপর অনেকাংশে নির্ভরশীল। অনেক ক্ষেত্রে কর্মকর্তাদের কম্পিউটারের পাসওয়ার্ড ফালতুদের জানা থাকায় তা অপব্যবহারের অভিযোগ রয়েছে।
এ সম্পর্কে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, একটি ফাইলে ১১ থেকে ১৬টি সই দরকার হয়। এসব সই ত্বরান্বিত করার নামে ওঁরা (বদি আলম) দালালের ভূমিকা পালন করেন। তিনি মনে করেন, ব্যবসায়ীদের একাংশ এই বদি আলমদের সহায়তা নিয়ে থাকেন।
প্রসঙ্গত, ২০০৭ সালে কাস্টম হাউস থেকে বদি আলমদের বের করে দেওয়া হলেও পরবর্তী সময়ে তাঁদের ওপর কর্মকর্তাদের নির্ভরশীলতার কারণে পুনর্বহাল করা হয়।