চট্টগ্রামভিত্তিক মিষ্টি প্রস্তুতকারক প্রতিষ্ঠান বনফুল গ্রুপ অব কোম্পানিজ তার ২৫ বছর পূর্তি উদ্যাপন করেছে। এ উপলক্ষে গত রোববার সন্ধ্যায় নগরের জিইসি কনভেনশন সেন্টারে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাংসদ নজরুল ইসলাম ও ওয়াসিকা বেগম, পুলিশ সুপার এ কে এম হাফিজ আকতার, চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম, শফি মোটর্সের চেয়্যারম্যান শফি আহমদ, বনফুল গ্রুপের চেয়্যারম্যান এম এ মোতালেব প্রমুখ। মোশাররফ হোসেন বলেন, সরকারের একার পক্ষে দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। এ জন্য ব্যবসায়ীদের অবদানও অনস্বীকার্য। অনুষ্ঠানে বিভিন্ন দুর্ঘটনায় নিহত প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মরণোত্তর সম্মাননা ও এককালীন এক লাখ টাকার অনুদান প্রদান করা হয়। উল্লেখ্য, ১৯৮৯ সালের ১৭ আগস্ট চট্টগ্রামে যাত্রা শুরু করে বনফুল।