চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের বিরুদ্ধে পোশাকশিল্পসহ রপ্তানিমুখী শিল্পের সরঞ্জাম প্রস্তুতকারক কারখানাগুলোকে সহযোগিতা না করার অভিযোগ উঠেছে। বাংলাদেশ গার্মেন্টস অ্যাকসেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) এ অভিযোগ তুলেছে।
নগরের একটি রেস্তোরাঁয় গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বিজিএপিএমইএর নেতারা ওই কমিশনারের বিরুদ্ধে নানা ধরনের হয়রানির অভিযোগ তোলেন। নেতারা বলেন, এই কমিশনার ব্যবসাবান্ধব নন। তাঁর কারণে কারখানার বন্ড লাইসেন্স প্রদান, লাইসেন্স নবায়ন ও কাঁচামালের আমদানির প্রাপ্যতা পেতে ব্যবসায়ীরা হয়রানির শিকার হচ্ছেন।
এদিকে জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটের কমিশনার মুহাম্মদ মুবিনুল কবীর বিজিএপিএমইএর অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, বন্ডের আওতায় আমদানি হওয়া কাঁচামালের অপব্যবহার কমানোর জন্য পদক্ষেপ নেওয়ার কারণে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়েছে। ব্যবসায়ীদের সহযোগিতায় কমিশনারেটের কার্যালয় সচেষ্ট।
সংবাদ সম্মেলনে বিজিএপিএমইএর প্রথম সহসভাপতি তসলিমউদ্দিন চৌধুরীর নামে লিখিত বক্তব্য পড়ে শোনান সংগঠনের উপদেষ্টা শাহজাদা মাহমুদ চৌধুরী। এ সময় সংগঠনের পরিচালক খন্দকার লতিফুর রহমান, আবদুল জাব্বার, এম এ সবুর ও নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বিজিএপিএমইএ বলেছে, নীতিমালা অনুসারে ১৪টি নথি জমা দেওয়ার ৩০ দিনের মধ্যে বন্ড লাইসেন্স প্রদানের কথা। কিন্তু বাস্তবে এসব নথি দেওয়ার পরও নির্ধারিত সময়ে লাইসেন্স পাওয়া যায় না। উদাহরণ দিয়ে বলা হয়, প্রায় ৮ কোটি টাকা বিনিয়োগে স্থাপিত ডিজিটাল অ্যাকসেসরিজ ইন্ডাস্ট্রিজ সব নথি জমা দিলেও তাদের লাইসেন্স দেওয়া হয়নি।
অভিযোগ প্রসঙ্গে মুহাম্মদ মুমিনুল কবীর বলেন, ডিজিটাল অ্যাকসেসরিজ প্রতিষ্ঠান পরিবেশগত ছাড়পত্রের নথি না দেওয়ায় লাইসেন্স দেওয়া যাচ্ছে না। বিদ্যুৎ বিলের কপি নেওয়া হচ্ছে প্রতিষ্ঠানটি শুল্কমুক্ত সুবিধায় পণ্য এনে উৎপাদন করেছে কি না, তা যাচাইয়ের জন্য। কারখানা মালিকদের কাছে পিআরসি চাওয়া হচ্ছে না। এটি বন্ড কমিশনারেট থেকে যাচাই করা হচ্ছে। আইন অনুযায়ী, বন্ড সুবিধায় আনা কাঁচামাল দিয়ে কারখানায় উৎপাদন হয়েছে কি না, মজুত পণ্য আছে কি না তা এখন যাচাই-বাছাই করা হচ্ছে।