বন্ড ছেড়ে জলবায়ু তহবিল জোগাড় করবে এডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ড ছেড়ে জলবায়ু রক্ষায় অর্থ জোগাড় করবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। ৫ ও ১০ বছর মেয়াদি দুটি গ্রিন বন্ড বা সবুজ বন্ড ছেড়ে ১২৫ কোটি ডলার জোগাড় করতে চায় এই ঋণদাতা সংস্থা। ৫ ও ১০ বছর মেয়াদি বন্ডের আকার যথাক্রমে ৭৫ কোটি ডলার ও ৫০ কোটি ডলার।

এডিবির সদর দপ্তর ফিলিপাইনের ম্যানিলা থেকে গতকাল বুধবার প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে। সেখানে আরও বলা হয়েছে, এই বন্ডের মাধ্যমে পাওয়া অর্থ কার্বন কমানো এবং জলবায়ু পরিবর্তনে সহনশীলতা তৈরির প্রকল্পে দেওয়া হবে। তুলনামূলক কঠিন বা অনমনীয় শর্তের ঋণ হিসেবে বিভিন্ন দেশে বিতরণ করবে এডিবি।

এডিবির সদস্যরাষ্ট্রগুলোর মধ্যে বাংলাদেশ, মালদ্বীপ, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দ্বীপদেশগুলো জলবায়ু পরিবর্তনের বেশি ঝুঁকিতে আছে।

২০১৫ সালে এডিবি ঘোষণা দিয়েছে, ২০২০ সালের মধ্যে জলবায়ু তহবিল ৬০০ কোটি ডলারে উন্নীত করা হবে। এই জলবায়ু তহবিল গঠনের ফলে চলতি দশক শেষে এডিবির সামগ্রিক তহবিল ৩০ শতাংশ বাড়বে। জলবায়ু তহবিলের ৬০০ কোটি ডলারের মধ্যে ৪০০ কোটি ডলার যাবে নবায়নযোগ্য জ্বালানি, জ্বালানির কার্যকারিতা বৃদ্ধি, টেকসই পরিবহন ইত্যাদি প্রকল্পে। অন্যদিকে বাকি ২০০ কোটি ডলার যাবে জলবায়ু পরিবর্তনে সহনশীল অবকাঠামো, ক্লাইমেট স্মার্ট কৃষি—এসব খাতে।

এডিবি বলছে, পাঁচ বছর মেয়াদি বন্ডের সুদের হার (কুপন রেট) হলো বার্ষিক ১ দশমিক ৮৭৫ শতাংশ। আর ২০২২ সালের ১০ আগস্ট এর মেয়াদ পূর্ণ হবে। অন্যদিকে ১০ বছর মেয়াদি বন্ডের সুদের হার বার্ষিক ২ দশমিক ৩৭৫ শতাংশ, যা ২০২৭ সালের ১০ আগস্ট এর মেয়াদ পূর্ণ হবে।

প্রাথমিক বাজারে কোন কোন অঞ্চলের জন্য বন্ডের কত অংশ বরাদ্দ আছে, তা-ও নির্দিষ্ট করে দিয়েছে এডিবি। এডিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৫ বছর মেয়াদি বন্ডের ২৪ শতাংশ বরাদ্দ আছে এশিয়ার জন্য। আর ৪৭ শতাংশ আছে আমেরিকার জন্য। এ ছাড়া বাকি ২৯ শতাংশ পাচ্ছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা। অন্যদিকে বিনিয়োগকারীর দিক থেকে এই বন্ডের ৩৮ শতাংশই বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী প্রতিষ্ঠানের জন্য। বিভিন্ন ব্যাংক ও তহবিল ব্যবস্থাপকদের জন্য বরাদ্দ ৩১ শতাংশ।

অন্যদিকে প্রাথমিক বাজারের ক্ষেত্রে ১০ বছর মেয়াদি বন্ডের সবচেয়ে বেশি ৬৯ শতাংশই আছে ইউরোপ, মধ্যপ্রাচ্য ও আফ্রিকা দেশগুলোর জন্য। এ ছাড়া ১৩ শতাংশ এশিয়া, ১৮ শতাংশ আমেরিকার জন্য বরাদ্দ। এই বন্ডে ৫২ শতাংশ বিনিয়োগকারী বিভিন্ন ব্যাংক। এ ছাড়া কেন্দ্রীয় ব্যাংক ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২৫ শতাংশ এবং তহবিল ব্যবস্থাপকদের জন্য ২৩ শতাংশ।