বন্ড বাজার উন্নয়ন ও জীবন বিমার অর্থ বন্ডে খাটানোর পরামর্শ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রাইমারি ডিলার (পিডি) ব্যাংকগুলোর কাছে বিপুল পরিমাণে সরকারের ট্রেজারি বিল ও বন্ড চাপিয়ে রাখা হয়েছে। ফলে হিসাবে ব্যাংকগুলোর হাতে টাকা থাকার তথ্য মিললেও কার্যত নগদ অর্থ নেই। এতে ব্যাংকগুলোর শিল্প-ব্যবসা-বাণিজ্যে বিনিয়োগের সুযোগ নেই। এদিকে দেশের সেকেন্ডারি বন্ড মার্কেট উন্নত না হওয়ায় পিডি ব্যাংকগুলো তাদের হাতে থাকা অতিরিক্ত বন্ড কেনাবেচা করে নগদ অর্থের সংস্থান করতে পারছে না। তারল্য পরিস্থিতির চাপ কমাতে তাই বিমা কোম্পানিগুলোকে ব্যাংকের হাতে থাকা বন্ড কেনার পরামর্শ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমানের সভাপতিত্বে এক বৈঠকে আজ সোমবার এসব আলোচনা ও পরামর্শ এসেছে। বৈঠকে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (ইডরা), সমবায় অধিদপ্তর, ক্ষুদ্র ঋণ নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ ও যৌথমূলধনী কোম্পানি ও ফার্মসমূহের নিবন্ধকের পরিদপ্তরের (আরজেএসসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।বৈঠক শেষে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী ও এসইসি’র সদস্য হেলাল উদ্দিন নিজামী সাংবাদিকদের সভার বিষয়গুলো তুলে ধরেন।সুর চৌধুরী বলেন, তারল্যের চাপ বিবেচনায় রেখে ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া পদক্ষেপ নেওয়া হয়েছে। বিশেষ তারল্য সহায়তা দেওয়া হচ্ছে। এর আগে বন্ডের বিপরীতে পিডিদের দুই মাস তারল্য সহায়তা দেওয়া হত, বর্তমানে আড়াই মাসের দেওয়া হচ্ছে।ডেপুটি গভর্নর বলেন, কেন্দ্রীয় ব্যাংক বিমা কোম্পানিগুলোর হাতে থাকা লাইফ পেনশন ফান্ডের টাকার নির্ধারিত হারের বেশি অর্থ ব্যাংকের হাতে থাকা সরকারি সিকিউরিটিজে বিনিয়োগের অনুরোধ করা হয়েছে ইডরাকে। যদি তারা তা করে তবে ব্যাংকের তারল্য সংকট অনেকাংশেই কেটে যাবে। তিনি মনে করেন, নতুন করে তারল্য বৃদ্ধি পেলে ব্যাংক আইনের মধ্যে থেকে শেয়ারবাজারসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারবে। এ ব্যাপারে ইডরা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানান এসকে সুর।এ ছাড়া দেশের বন্ড বাজার শক্তিশালী করা জরুরি বলেও মন্তব্য করেন সুর চৌধুরী। তিনি বলেন, কয়েকদিন আগে অব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের বৈঠক হয়েছে। সেখানেও বন্ড বাজার উন্নয়নের ব্যাপারে আলোচনা হয়েছে। এটা উন্নত হলে শেয়ারবাজারও উন্নত হবে।হেলাল উদ্দিন নিজামী বলেন, মিউচুয়াল ফান্ড ও বিমা কোম্পানিগুলো কীভাবে সরকারি সিকিউরিটিজে বিনিয়োগ করতে পারে সে সব বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এছাড়া বিভিন্ন ক্ষেত্রে নিয়ন্ত্রক সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতা চলছে। বিভিন্ন নীতি নির্ধারকেরা সিদ্ধান্ত যে যার জায়গা থেকে নিচ্ছেন। যা কেবল পুঁজিবাজার নয় সার্বিক অর্থনীতিতে অনেক ক্ষেত্রে অস্থিতিশীলতার সৃষ্টি করছে। আগামীতে পুঁজিবাজার বা সার্বিক অর্থনীতিতে কোনো অস্থিতিশীল অবস্থার সৃষ্টি যাতে না হয় সে ব্যাপারে নিয়ন্ত্রক সংস্থাগুলো সঙ্গে আলোচনা হয়েছে।