বন্ড বাজারের নতুন যাত্রা শুরু হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি ট্রেড ওয়ার্ক স্টেশনের (টিডব্লিউএস) মাধ্যমে শেয়ারবাজারের মতো অনলাইনে সরকারের ট্রেজারি বিল ও বন্ড কেনাবেচার ব্যবস্থা চালু হতে হচ্ছে। বিল ও বন্ডের সেকেন্ডারি মার্কেট বা দ্বিতীয় স্তরের বাজার সম্প্রসারণের বিষয়টি আলোচনায় ছিল। দেশের শেয়ারবাজারে বিল ও বন্ড দুটিই তালিকাভুক্ত। কিন্তু কেনাবেচা হয় না। গ্রাহক আগ্রহ পায় না। কেন্দ্রীয় ব্যাংক এবার নতুনভাবে বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে ‘টিকার স্ক্রিন’ দিয়ে বিল-বন্ড বেচাকেনার ব্যবস্থা করছে। ১৭ ডিসেম্বর বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান এর উদ্বোধন করবেন।এত দিন কেনাবেচা করতে যে প্রতিষ্ঠানগুলো অংশ নিত তারা তা করত নিজেদের মধ্যে প্রধানত, টেলিফোনের মাধ্যমে আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে। তারপর বাংলাদেশ ব্যাংককে জানালে তা নিষ্পত্তি হতো উভয় ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের চলতি হিসাব ও সিকিউরিটিজের বিনিময়ের মাধ্যমে।টিডব্লিউএসের মাধ্যমে কে বিক্রি করছে, কে কিনছে তা কেউ জানতে পারবে না। এখানে টিকার স্ক্রিনে বা পর্দায় বিভিন্ন মেয়াদের বিল-বন্ডের সর্বোচ্চ ও সর্বনিম্ন মূল্য, বিক্রি বা কেনার পরিমাণের আগ্রহ, আয় (ইল্ড) এসব তথ্য থাকবে।বাংলাদেশ ব্যাংকের ঋণ ব্যবস্থাপনা ডেট ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের মহাব্যবস্থাপক বিষ্ণুপদ সাহা প্রথম আলোকে বলেন, কেন্দ্রীয় ব্যাংক সক্রিয়ভাবেই চেষ্টা করছে একটা বিল ও বন্ডের সেকেন্ডারি বাজার তৈরি করতে। টিডব্লিউএসের মাধ্যমে লেনদেন সে ক্ষেত্রে বড় অগ্রগতি। তিনি বলেন, ‘আমি মনে করি টিডব্লিউএসের মাধ্যমে অনলাইনে যে লেনদেন হবে তাতে গ্রাহকদের লেনদেনের একটা সুযোগ আসছে। আশা করি বাজার সম্প্রসারণে যা কাজে লাগবে।’টিডব্লিউএসের মাধ্যমে যেকোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান যেমন: ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, বিমা কোম্পানি, করপোরেট প্রতিষ্ঠান, ভবিষ্য-তহবিল, পেনশন তহবিল, মিউচ্যুয়াল ফান্ড ইত্যাদি সরকারের ট্রেজারি বন্ড (বিজিটিবি) ও ট্রেজারি বিল ক্রয়-বিক্রয় করতে পারবে। যেকোনো ব্যক্তি বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী বাংলাদেশ ব্যাংকে চলতি হিসাব রয়েছে—এমন প্রাইমারি ডিলার বা তফসিলি ব্যাংক বা আর্থিক প্রাতিষ্ঠানের টিডব্লিউএসে ক্রয়-বিক্রয়ে অংশ নিতে পারবে।পদ্ধতি: শেয়ারবাজারের মতোই সাধারণ গ্রাহক বিজনেস পার্টনার আইডি (বিপি আইডি) খুলে ট্রেজারি বিল ও বন্ড কেনাবেচা করতে পারবেন। প্রাইমারি ডিলার বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান অনলাইনে এই লেনদেনে অংশ নিতে বাংলাদেশ ব্যাংক থেকে একটা ব্যবহারকারীর পরিচিতি (ইউজার আইডি) নেবে। সেই আইডি দিয়েই প্রাইমারি ডিলার বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান নিজেরা বা গ্রাহকের পক্ষে টিডব্লিউএসে লেনদেন সারবে।ইতিপূর্বে যেসব বিল ও বন্ড বাজারে রয়েছে সেগুলোও টিডব্লিউএসের মাধ্যমে লেনদেনযোগ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে (http://180.211.208.61 /bbwebsite /ticker /miticker.php) প্রদর্শিত টিকার স্ক্রিনে এসব ট্রেজারি বিল ও বন্ডের বর্তমান বাজারমূল্য, আয়, পরিমাণ, ইস্যুর তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ ইত্যাদি তথ্য প্রদর্শিত হবে।টিডব্লিউএসের মাধ্যমে ট্রেজারি বিল ক্রয়-বিক্রয়ের নিষ্পত্তি হবে দিনে দিনেই। বাজারদরের অস্বাভাবিক ওঠানামা রোধে প্রয়োজনবোধে কেন্দ্রীয় ব্যাংক টিডব্লিউএসে সার্কিট ব্রেকার (গতিরোধক) আরোপ করবে। টিডব্লিউএসের মার্কেট পর্দায় বাজারের তথ্য-উপাত্ত বা গতিবিধি পর্যবেক্ষণের সুযোগ রয়েছে। এতে সব আদেশ এবং ক্রয়-বিক্রয় করা সিকিউরিটিজের বিস্তারিত তথ্য জানা যাবে।