বন্ড সুবিধার অপব্যবহার বন্ধ হলে দুটি পদ্মা সেতু করা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বন্ডেড ওয়্যারহাউস সুবিধার অপব্যবহারের কারণে সরকার যে পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হয়, তা বন্ধ করতে পারলে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা সম্ভব। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান এসব কথা বলেছেন।
এনবিআর চেয়ারম্যান বলেছেন, ‘বন্ড সুবিধায় কাপড় এনে অনেকেই ইসলামপুরে বিক্রি করেন। বন্ডের অপব্যবহার বন্ধ করা গেলে এনবিআর যে রাজস্ব আদায় করতে পারবে, তা দিয়ে বছরে দুটি পদ্মা সেতু নির্মাণ করা যাবে। আপনারা কি এ জন্য এনবিআরকে সহযোগিতা করবেন?’
পদ্মা সেতুর নির্মাণ ব্যয় এখন পর্যন্ত ২০ হাজার ৫০৭ কোটি টাকা। এ ব্যয় আরও বাড়বে।
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত এক সেমিনারে নজিবুর রহমান এসব কথা বলেন। ‘ব্যবসার ব্যয় বৃদ্ধি নিয়ে উদ্বেগ’ শীর্ষক এ সেমিনার মতিঝিলে ডিসিসিআইয়ের কার্যালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান আরও বলেন, ‘আমরা চীন থেকে ৮০০ কোটি ডলারের পণ্য আমদানি করি। কিন্তু চীন বলে ১ হাজার ২০০ কোটি ডলারের পণ্য তারা রপ্তানি করে বাংলাদেশে। বাকি পণ্য যায় কোথায়?’
মূল প্রবন্ধে ডিসিসিআইয়ের সহসভাপতি শোয়েব চৌধুরী বলেন, ইন্ডেন্টিং এবং কমিশন এজেন্টের লাইসেন্স ফি এক হাজার টাকা থেকে ৪০০ শতাংশ বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। ক্লিয়ারিং ও ফরোয়ার্ডিং এজেন্ট, ট্রাভেল এজেন্ট, রিক্রুটিং এজেন্টের ফি দেড় হাজার থেকে ২৩৩ শতাংশ বাড়িয়ে পাঁচ হাজার টাকা করা হয়েছে। রপ্তানি লাইসেন্স ৫০০ টাকা থেকে ৫০০ শতাংশ বাড়িয়ে তিন হাজার টাকা করা হয়েছে।
ডিসিসিআইয়ের সভাপতি হোসেন খালেদ বলেন, বর্তমান ট্রেড লাইসেন্স ফি অনুযায়ী আমদানি, রপ্তানি এবং ইন্ডেন্টিং ব্যবসা করতে চাইলে একজন নতুন ব্যবসায়ীকে সরকারের বিভিন্ন দপ্তরে ১ লাখ ৩০ হাজার টাকা ব্যয় করতে হবে। ফলে নতুন উদ্যোক্তারা ব্যবসায় আগ্রহ হারাচ্ছেন।
সেন্টার ফর পলিসি ডায়ালগের অতিরিক্ত গবেষণা পরিচালক গোলাম মোয়াজ্জেম বলেন, বিশ্ববাজারের সঙ্গে সংগতি রেখে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হচ্ছে না। বিপিসি মুনাফা করেই যাচ্ছে। এখনো নাকি বিপিসির ঋণের বোঝা রয়েছে। এ বোঝা কেন ভোক্তারা বহন করবে?
সেমিনারের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ বলেন, লাইসেন্স ফিসহ বেশ কিছু ফি অনেক বাড়ানো হয়েছে। কিন্তু ব্যবসার মোট ব্যয়ের এটা কত শতাংশ? জ্বালানি তেলের দাম প্রসঙ্গে তিনি বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমায় বিপিসি এখন লাভ করছে। আপনারা বলছেন, সরকার আন্তর্জাতিক বাজার অনুযায়ী দেশে জ্বালানি তেলের দাম রাখছে না। তাহলে আন্তর্জাতিক বাজার অনুযায়ী দেশে গ্যাসের দাম নির্ধারণ করুক সরকার। তাহলে কিন্তু গ্যাসের দাম এখনকার চার-পাঁচ গুণ হয়ে যাবে।’
বাণিজ্যসচিব হেদায়েতল্লাহ আল মামুন বলেন, সরকার সব নীতিমালা এমনভাবে করে যেন তা ব্যবসার ব্যয় কমায়।