
বিদেশের মাটিতে কষ্ট করে যাঁরা আয় করছেন এবং কয়েক বছর পরপর মোটা অঙ্কের টাকা দেশে পাঠাবেন বলে ভাবছেন, তাঁদের জন্য বিনিয়োগের সহজ পথ তৈরি করে রেখেছে সরকার। আর সেটি হচ্ছে ‘ইউএস ডলার প্রিমিয়াম বন্ড’।
প্রবাসী বাংলাদেশিরা সহজেই এ বন্ড কিনতে পারেন। কেউ যদি মনে করেন বিদেশে তিনি অর্থ নিজের কাছে ধরে রাখবেন না, অর্থাৎ দেশে পাঠিয়ে দেবেন। সে ক্ষেত্রে যাঁদের নামে প্রবাসী আয় (রেমিট্যান্স) দেশে পাঠানো হচ্ছে, তাঁরা কিনতে পারবেন এ বন্ড।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর ৩ বছর মেয়াদি এ বন্ডটি চালু করে ২০০২ সালে। বন্ডটির অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে কেনার পর বন্ড ধারক মারা গেলে মৃত্যুঝুঁকি সুবিধা দেওয়া হয়। বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিও (সিআইপি) হওয়া যায় এ বন্ড কিনে।
জাতীয় সঞ্চয় অধিদপ্তর সূত্রে জানা গেছে, ৫০০, ১ হাজার, ৫ হাজার, ১০ হাজার ও ৫০ হাজার ডলার মূল্যমানের ইউএস ডলার প্রিমিয়াম বন্ড কেনা যায়। কেনার সর্বোচ্চ সীমা নেই। বন্ডের আসল অঙ্ক পরবর্তী তিন বছরের জন্য স্বয়ংক্রিয়ভাবে পুনর্বিনিয়োগযোগ্য।
মেয়াদ শেষে এ বন্ডে মুনাফা দেওয়া হয় ৭ দশমিক ৫ শতাংশ। বন্ড ধারকেরা চাইলে ছয় মাস পরপর সরল সুদে মুনাফা তুলে নিতে পারেন, আবার মেয়াদ শেষে একবারেও নিতে পারেন।
তবে মেয়াদ শেষ হওয়ার আগে বন্ড নগদায়ন করতে চাইলে মুনাফা কম দেওয়া হয়। এমনকি এক বছর পূর্ণ হওয়ার আগে নগদায়ন করতে চাইলে মুনাফা দেওয়াই হয় না।
কেনার এক বছর পূর্ণ হওয়ার পরে কিন্তু দুই বছরের আগে নগদায়ন করতে চাইলে এ বন্ডে মুনাফা দেওয়া হয় ৬ দশমিক ৫ শতাংশ। দুই বছর পূর্ণ হওয়ার পর কিন্তু তিন বছরের আগে নগদায়ন করতে চাইলে মুনাফা দেওয়া হবে ৭ শতাংশ।
বন্ডের বিপরীতে বাংলাদেশ থেকে ঋণ গ্রহণেরও সুবিধা আছে। বিদেশে বাংলাদেশি ব্যাংক ও তাদের প্রতিনিধিত্বকারী ব্যাংক এবং অনুমোদিত এক্সচেঞ্জ হাউস থেকে প্রবাসী বাংলাদেশিরা এ বন্ড কিনতে পারেন।
আর প্রবাসী আয় গ্রহণকারী বাংলাদেশিরা বন্ডটি কিনতে পারেন দেশের সব তফশিলি ব্যাংকের অনুমোদিত ডিলার (এডি) শাখা থেকে।
ইউএস ডলার প্রিমিয়াম বন্ডে কারও প্রাথমিক বিনিয়োগ ন্যূনতম ১০ হাজার ডলার হলে এবং প্রতিবছর ধারাবাহিকভাবে এ বিনিয়োগ বাড়তে থাকলে বন্ড ধারককে মৃত্যুঝুঁকি সুবিধা দেওয়া হয়। মেয়াদপূর্তির আগে বন্ড ধারকের মৃত্যু হলে মনোনীত ব্যক্তি বা নমিনিকে মৃত্যুঝুঁকি সুবিধা দেওয়া হয় ক্রয়কৃত বন্ডের ১৫ থেকে ২৫ শতাংশ পর্যন্ত।
এ বন্ডে মৃত্যুঝুঁকি সুবিধা অবশ্য ২০ লাখ টাকার বেশি দেওয়া হয় না এবং বন্ড ধারকের বয়সও হতে হয় ৫৫ বছরের নিচে। মৃত্যুঝুঁকি সুবিধাটি নিতে গেলে মারা যাওয়ার ৩ মাসের মধ্যে আবেদন করতে হয়। বন্ড ধারকের মৃত্যুর পর বন্ডের মেয়াদপূর্তিতে আসল ও মুনাফা পাবেন তাঁর উত্তরাধিকারীরা।
অন্যদিকে এ বন্ড কিনে কেউ সিআইপি হতে চাইলে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করতে হবে। নগদায়নের কারণে বিনিয়োগ ১০ লাখ ডলারের চেয়ে কমে গেলে এবং বন্ড ধারক তা পরবর্তী তিন মাসের মধ্যে পূরণ করতে না পারলে সিআইপি সুবিধা বাতিল করা হয়।