বন্ডের সিদ্ধান্ত আগামী বৈঠকে
বেসিক ব্যাংকের জন্য ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতির নথি আবার সচল হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগও ইতিবাচক মতামত দিয়েছে এ ব্যাপারে। বাকি শুধু অর্থ বিভাগের সম্মতি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব ইউনুসুর রহমান সম্প্রতি বেসিক ব্যাংকের বন্ড ছাড়ার ব্যাপারে মত দিয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কাছে একটি সারসংক্ষেপ উপস্থাপন করেছেন। অর্থমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের আরেকটি বৈঠক হওয়ার কথা রয়েছে। এরপরই চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
জানতে চাইলে গতকাল বুধবার সচিব ইউনুসুর রহমান প্রথম আলোকে বলেন, ‘শুধু বেসিক ব্যাংক নয়, আরও অনেকেরই একই ধরনের প্রস্তাব রয়েছে। তবে বিষয়টা যেহেতু নতুন, তাই আমরা পরীক্ষা-নিরীক্ষা একটু বেশি করছি।’
অর্থমন্ত্রীর কাছে উপস্থাপন করা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সারসংক্ষেপে বলা হয়েছে, মূলধন ঘাটতি পূরণের জন্য ১০ থেকে ২০ বছর মেয়াদি ২ হাজার ৬০০ কোটি টাকার ‘বেসিক ব্যাংক মূলধন বন্ড’ ছাড়ার প্রস্তাবটি বর্তমানে অর্থ বিভাগ যাচাই করছে। আর অর্থমন্ত্রী গত ২১ ডিসেম্বর এ বন্ড ছাড়ার প্রস্তাব অনুমোদন করেন।
এক বছর ধরেই ২ হাজার ৬০০ কোটি টাকার বন্ড ছাড়ার অনুমতি চেয়ে আসছে বেসিক ব্যাংক। ব্যাংকটির দাবি, মূলধন ঘাটতি থাকায় তারা বৈদেশিক বাণিজ্য করতে পারছে না। আর ব্যাংকের স্বাভাবিক আয় থেকে মূলধন ঘাটতি পূরণ করাও সম্ভব নয়। তবে বন্ড ছাড়ার অনুমতি দিলে সরকারকে কোনো টাকা দিতে হবে না।
মোট বন্ড হবে ১০০ কোটি টাকার করে ২৬টি এবং এগুলো হবে সুদবিহীন। এর মধ্যে ১০ বছর মেয়াদি ৮০০ কোটি, ১৫ বছর মেয়াদি ৮০০ কোটি এবং ২০ বছর মেয়াদি হবে ১০০০ কোটি টাকার বন্ড।
বেসিক ব্যাংকের শতভাগ শেয়ারের মালিক যেহেতু সরকার, ব্যাংকটির মূলধন ঘাটতি পূরণের দায়ও সরকারের ঘাড়েই পড়ে। অর্থ বিভাগের কর্মকর্তারা অবশ্য আর্থিক দায় বিষয়ে বেসিক ব্যাংকের ব্যাখ্যার সঙ্গে পুরোপুরি একমত নন। তাঁদের মতে, বেসিক ব্যাংক যদি পর্যাপ্ত মুনাফা অর্জন করতে না পারে, তখন বন্ডের মূল্য হিসেবে মেয়াদ শেষে পুরো টাকা শেষ পর্যন্ত সরকারকেই দিতে হবে।
সরকারের ঘনিষ্ঠ বলে পরিচিত আবদুল হাই বাচ্চুকে ২০০৯ সালে চেয়ারম্যান নিয়োগ দেওয়ার পর থেকেই এ বেসিক ব্যাংকের অবস্থা খারাপ হতে থাকে। অনিয়ম-দুর্নীতির মাধ্যমে মাত্র চার বছরে বেসিক ব্যাংক থেকে ৪ হাজার ২০০ কোটি টাকা বেরিয়ে যায়। অনেকের নামে মামলা হলেও আবদুল হাই বাচ্চুর বিরুদ্ধে কোনো ব্যবস্থা সরকার নেয়নি।
বেসিক ব্যাংকের চেয়ারম্যান আলাউদ্দিন এ মজিদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘আগের অনিয়ম-দুর্নীতির জের টানছি আমরা। সরকার যেহেতু আমাদের প্রতি আস্থা রেখেই দায়িত্বটা দিয়েছে, আমরা চাই আরেকটু সাহায্য। আপাতত বন্ড ছাড়ার ভালো কোনো বিকল্প নেই।’ অর্থমন্ত্রীর সঙ্গে অনুষ্ঠেয় আগামী বৈঠকে বন্ড ছাড়ার পক্ষের যুক্তিগুলো তুলে ধরে একটি পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হবে বলে জানান আলাউদ্দিন এ মজিদ।
বেসিক ব্যাংকের মূলধন ঘাটতি পূরণে কয়েক দফায় ২ হাজার ৩০০ কোটি টাকা দেওয়া হয়। অর্থাৎ দুর্নীতির মাধ্যমে ব্যাংকটি থেকে যে টাকা লুট হয়, সরকার তা পূরণ করে দেয় জনগণের করের টাকা দিয়ে। গত বছরের সেপ্টেম্বর পর্যন্ত বেসিক ব্যাংকের খেলাপি ঋণ দাঁড়িয়েছে ৬ হাজার ৭৯৪ কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের প্রায় ৫৩ শতাংশ।