বন্দর ও কাস্টম হাউস ছয় দিন খোলা রাখার সুপারিশ
চট্টগ্রাম বন্দর ও কাস্টম হাউস সপ্তাহের ছয় দিন খোলা রাখার সুপারিশ করা হয়েছে। আমদানি-রপ্তানি বাণিজ্যে খরচ সাশ্রয় ও সময় কমিয়ে আনতে এই দুই সরকারি সংস্থার অফিস এক দিন বাড়তি খোলা রাখাসহ মোট ১৫টি সুপারিশ করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উদ্যোগে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইনস্টিটিউটে বন্দর ব্যবহারকারীদের সঙ্গে চার ঘণ্টাব্যাপী এক বৈঠকে এসব সুপারিশ নেওয়া হয়। বন্দর ব্যবহারকারীদের সঙ্গে আলোচনা শেষে সুপারিশগুলো পড়ে শোনান এনবিআর সদস্য মো. ফরিদ উদ্দিন।
বৈঠকে বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এম খালেদ ইকবাল, নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম জিকরুর রেজা খানম, কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বক্তব্য দেন। বৈঠকে বন্দর ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধিরা নিজেদের সমস্যা তুলে ধরেন।
বৈঠকে ফরিদ উদ্দিন বলেন, এসব সুপারিশ বাস্তবায়নের জন্য অর্থ মন্ত্রণালয় ও নৌপরিবহন মন্ত্রণালয়ে পাঠানো হবে। এরপর মন্ত্রণালয়ের সচিবের মাধ্যমে দুই মন্ত্রীর অনুমোদন নেওয়া হবে। আমদানি-রপ্তানি কার্যক্রমে বৈশ্বিক প্রতিযোগিতা সক্ষমতা বাড়ানোর জন্য এসব পদক্ষেপ নেওয়া জরুরি বলে তিনি জানান।
বৈঠকে বন্দর ব্যবহারকারীরা জানান, বর্তমানে বন্দরের পরিচালন কার্যক্রম দিন-রাত ২৪ ঘণ্টা খোলা থাকলেও প্রশাসনিকসহ অন্যান্য কার্যক্রম সপ্তাহে পাঁচ দিন সচল থাকে। আবার কাস্টম হাউসে রপ্তানি কার্যক্রম সাত দিন সচল থাকলেও আমদানি কার্যক্রম সাধারণত পাঁচ দিন সচল রয়েছে। এ কারণে সার্বক্ষণিক খোলা না থাকায় পণ্য খালাসেও বিলম্ব হয়। ব্যবহারকারীদের এ দাবির পর নতুন এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে শনিবারও খোলা থাকবে।
বৈঠকে বন্দর ও কাস্টম হাউসের পরিচালন কার্যক্রম-বিষয়ক সমস্যা সমাধান করতে বন্দরের পর্ষদ সদস্য (হারবার ও মেরিন) পদের কর্মকর্তাকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে। এই কমিটি আমদানি পণ্য দ্রুত খালাসের জন্য সমস্যা চিহ্নিত করে সমাধান দেওয়াসহ পরিচালন কার্যক্রম গতিশীল করতে পদক্ষেপ নেবে। কমিটিতে ব্যবহারকারী সংগঠনগুলোর প্রতিনিধিদের রাখা হবে। প্রতি ১৫ দিন পর কমিটির বৈঠক হবে।
বৈঠকে বলা হয়, পণ্য আমদানির ঋণপত্রে পণ্যের সঠিক বর্ণনা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংক বাণিজ্যিক ব্যাংকগুলোকে নির্দেশনা দেবে। আমদানি পণ্য আনার পর সিঅ্যান্ডএফ এজেন্টরা ওই ঋণপত্র অনুযায়ী পণ্যের সঠিক বর্ণনা অনলাইনে প্রদান করবে। যেসব সিঅ্যান্ডএফ এজেন্ট সবচেয়ে বেশি অনিয়ম করবে বা কাস্টমস কর্মকর্তা বা পণ্য পরীক্ষাগারের কর্মকর্তা সবচেয়ে খারাপ, তাঁদের চিহ্নিত করা হবে। এ ছাড়া নিলাম পণ্য দ্রুত বিক্রি, কনটেইনার পণ্য পরীক্ষার জন্য স্ক্যানার যন্ত্র স্থাপন, বন্দরের যন্ত্রপাতি ক্রয়, মহাসড়কের ওজনসেতুর সঙ্গে কাস্টমসের অনলাইনপদ্ধতির সংযোগ স্থাপনসহ নানা সুপারিশ এসেছে বৈঠকে। এ সময় বলা হয়, কাস্টমসের কর্মকর্তা যাঁরা ভালো করবেন, তাঁদের জন্য পুরস্কার এবং যাঁরা ভালো করবেন না, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথাও আলোচনা হয়।
বৈঠকে চেম্বারের পরিচালক মাহফুজুল হক শাহ বলেন, কাস্টমসে স্ক্যানিং মেশিনের সংকট প্রকট। এতে পণ্য খালাসে বিলম্ব হচ্ছে। পণ্য ছাড়করণের আগে পরীক্ষা করতে হয়। পরীক্ষার প্রতিবেদনেও বিলম্ব হয়। কাস্টমসে জনবল-সংকটেও পণ্য খালাস বিলম্ব হচ্ছে।
শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক সাহেদ সরওয়ার বলেন, আমদানিকারকেরা পণ্য খালাস না নিলে ৩০ দিনের মধ্যে নিলাম তুলে বিক্রি করার কথা থাকলেও বছরের পর বছর কনটেইনার ভর্তি পণ্য পড়ে থাকে। শিপিং এজেন্ট এসব কনটেইনার ভাড়া না পেলেও উল্টো বন্দরের মাশুল দিতে হচ্ছে। আমদানি দলিল সংশোধনে ন্যূনতম ৫ হাজার টাকা জরিমানা গুনতে হচ্ছে।
কাস্টমস কমিশনার এ এফ এম আবদুল্লাহ খান বলেন, ‘জনবল-সংকট মেটাতে তিন মাসে চারটি চিঠি দিয়েছি। এখন চাহিদার ২৮ শতাংশ জনবল নিয়ে কাজ করতে হচ্ছে।’
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হোসাইন আহমদ বলেন, চট্টগ্রাম অঞ্চলে আটজন পরিদর্শক দিয়ে গোয়েন্দা কার্যক্রম তদারকি করতে হয়। কাস্টমসে কয়েক দফা পরীক্ষার পরও শুল্ক গোয়েন্দা কর্মকর্তাদের যাচাই-বাছাইয়ের সময় পণ্যে গরমিল পাওয়া যায়। এখন কোনো পর্যায়েই ঠিকমতো পণ্যের পরীক্ষা হয় না। এ জন্য যেসব কর্মকর্তা দায়ী হবেন, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। প্রয়োজনে দুদকের মাধ্যমে মামলা দেওয়া উচিত। ভালো মানের সেবা পেতে হলে শুল্ক গোয়েন্দার পরিদর্শকদের প্রণোদনা ভাতা প্রদান করা উচিত।