আগামী ১ জুলাই থেকে টানা নয় দিনের ছুটি শুরু হচ্ছে। এ সময় চট্টগ্রাম বন্দর কার্যত বন্ধ থাকবে ২০ ঘণ্টা। ঈদের দিন ছাড়া খোলা থাকবে কাস্টম হাউসও। তবে বন্দর ও কাস্টম হাউস সচল থাকলেও পণ্য খালাসের সঙ্গে সংশ্লিষ্ট অনেক সরকারি-বেসরকারি সংস্থায় ছুটির কারণে বন্দর থেকে এ সময় সেবা পাওয়া নিয়ে সংশয় রয়েছে।
বন্দর সূত্র জানায়, নয় দিনের ছুটিতে শবে কদরের রাতে ১২ ঘণ্টা এবং ঈদের দিন সকালে আট ঘণ্টা বন্দরে জাহাজ থেকে পণ্য ওঠানো-নামানোসহ পরিচালন কার্যক্রম বন্ধ থাকবে। অর্থাৎ আট দিনই বন্দরের কার্যক্রম চলবে। তবে পণ্য খালাসের জন্য কাস্টমস, ব্যাংক, বেসরকারি প্রতিষ্ঠান ফ্রেইট ফরোয়ার্ডের শিপিং এজেন্ট, সিঅ্যান্ডএফসহ অনেকগুলো সংস্থার সংশ্লিষ্টতা রয়েছে। এসব সংস্থা খোলা না থাকলে আমদানিকারকেরা বন্দর থেকে পণ্য খালাস করে নিতে পারবে না।
চট্টগ্রাম চেম্বারের পরিচালক মাহফুজুল হক গতকাল প্রথম আলোকে বলেন, আগের অভিজ্ঞতায় দেখা গেছে, ছুটির সময় জরুরি কাজ ছাড়া স্বাভাবিক কার্যক্রম হয় না। পণ্য পরিবহনের জন্য গাড়ি পাওয়া যায় না। ফলে এ সময়ে পণ্য খালাসের সেবা পাওয়া নিয়ে সংশয় থাকে।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদের ছুটিতে বন্দরের কার্যক্রম স্বাভাবিক রাখার জন্য কিছু পরিকল্পনা নিয়েছে বন্দর। ছুটি শুরু হওয়ার আগে আজ মঙ্গলবার বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনালের পাশে ডক লেবার কলোনি এলাকায় ‘নিউমুরিং ওভারফ্লো ইয়ার্ড’ চালু করা হচ্ছে। এই ইয়ার্ডে এক হাজার খালি কনটেইনার রাখার ব্যবস্থা করা হচ্ছে। ঈদের ছুটিতে যাতে কনটেইনার-জট না হয়, সে জন্য এই ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জানতে চাইলে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, বন্দর থেকে পণ্য খালাসের সঙ্গে সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি সংস্থাগুলোর অফিস খোলা না থাকলে পণ্য খালাস করতে পারবে না আমদানিকারকেরা। এতে বন্দরের কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
বন্দর ছাড়াও এবার নয় দিনের ছুটিতে আট দিনই কাস্টম হাউস খোলা রাখার নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। গতকাল সোমবার রাজস্ব বোর্ড থেকে এক নির্দেশনায় বলা হয়, ঈদের দিন ছাড়া বাকি আট দিন কাস্টম হাউস খোলা রাখতে হবে। আরেকটি চিঠিতে বলা হয়, ঈদের ছুটিতে এবার পণ্য শুল্কায়ন কার্যক্রমে ব্যবহৃত সফটওয়্যার অ্যাসাইকুডা ওয়ার্ল্ড আপগ্রেডেশনের কাজ হাতে নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড। আগামী ৭ জুলাই সন্ধ্যা সাতটা থেকে ৯ জুলাই সন্ধ্যা সাতটা পর্যন্ত ৪৮ ঘণ্টা সার্ভার বন্ধ থাকবে।
জানতে চাইলে চট্টগ্রাম কাস্টমসের কমিশনার হোসেন আহমদ গতকাল প্রথম আলোকে বলেন, ‘নয় দিনের ছুটিতে ঈদের দিন ছাড়া কাস্টম হাউস খোলা রাখার নির্দেশনা পেয়েছি। তবে অ্যাসাইকুডা ওয়ার্ল্ড পদ্ধতির আপগ্রেডেশনের জন্য দুই দিন কাস্টম হাউসের কার্যক্রম বন্ধ থাকবে।’
কাস্টমস কর্মকর্তারা জানান, প্রতিবার ঈদের দিন ছাড়া ছুটির সময়ও রপ্তানি কার্যক্রমসহ জরুরি কার্যক্রম সচল রাখা হয় কাস্টম হাউসে। এবার কাস্টম হাউস খোলা রাখায় সাধারণ আমদানি পণ্যেরও শুল্কায়ন করা যাবে।
সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এ কে এম আকতার হোসেন প্রথম আলোকে বলেন, ‘শুধু বন্দর ও কাস্টম হাউস খোলা রেখে সুফল পাওয়া যাবে না। কারণ, সরকারি নির্দেশনা অনুযায়ী রপ্তানিসহ জরুরি পণ্য ছাড়া ঈদের তিন দিন আগে ও তিন দিন পরে মহাসড়কে ভারী যানবাহন চলাচলে নিষেধাজ্ঞা রয়েছে। ছুটির সময় সব ব্যাংক খোলা থাকবে না। পণ্য পরীক্ষার অফিসগুলোও বন্ধ থাকবে। ফলে শুধু পণ্য শুল্কায়ন করেও বন্দরেই ফেলে রাখতে হবে।’
বন্দরের প্রতিবেদনে দেখা যায়, বন্দরে ৩৬ হাজার ৩৫৭ একক কনটেইনার রাখার ধারণক্ষমতা রয়েছে। এর মধ্যে গতকাল সকাল পর্যন্ত কনটেইনার পড়ে ছিল ৩১ হাজার ৮০৫টি। অর্থাৎ ধারণক্ষমতার ৮৭ শতাংশ জায়গা কনটেইনারে ভর্তি হয়ে আছে। দুই-তিন দিন পণ্য খালাস বন্ধ থাকলে বন্দরে কনটেইনার রাখার ধারণক্ষমতা ছাড়িয়ে যাবে। কনটেইনার রাখার জায়গা থাকবে না।