বন্দর সিবিএর দুই অংশের সমাবেশে নিষেধাজ্ঞা
চট্টগ্রাম বন্দর কলোনির ১২ নম্বর রোড এলাকায় গতকাল বুধবার বিকেলে একই সময়ে দুটি পক্ষ সমাবেশের আহ্বান করেছিল। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় দুই পক্ষকে সমাবেশ না করার জন্য চিঠি দেয় পুলিশ। ফলে ওই স্থানে কোনো সমাবেশ হয়নি।
বন্দর সূত্রে জানা গেছে, বন্দর কর্মচারী পরিষদের (সিবিএ) সাধারণ সম্পাদক ওয়াহিদুল্লাহ সরকার কর্মী সমাবেশ আহ্বান করেন বন্দর কলোনির ১২ নম্বরে শহীদ মিনার চত্বরে। অধিকাল ভাতার বাজেট বাড়ানো, কর্মচারীদের গৃহঋণ প্রদানের সিদ্ধান্ত বাস্তবায়নসহ কয়েকটি দাবিতে এ কর্মিসভা আহ্বান করেন তিনি। তবে সভাপতিকে না জানিয়ে সভা আহ্বান করায় একই স্থানে বন্দর সিবিএর সভাপতি মমতাজ উদ্দিন আরেকটি সভা আহ্বান করেন। এ পরিস্থিতিতে বন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দেয়।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, দুই পক্ষ একই স্থানে সমাবেশ ডাকায় বন্দর এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে। এ আশঙ্কায় দুই পক্ষই যাতে সমাবেশ করতে না পারে, সেজন্য নিষেধ করা হয়েছে।