বন্দরবিশারদদের হিসাব মিলছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশি-বিদেশি বন্দরবিশারদেরা চট্টগ্রাম বন্দর দিয়ে সমুদ্রপথে আমদানি-রপ্তানি কনটেইনার ও সাধারণ পণ্য পরিবহনের পূর্বাভাস দিয়েছিলেন। সেই অনুযায়ী ধাপে ধাপে বন্দরের অবকাঠামোগত উন্নয়নসহ সক্ষমতা বাড়ানোর পরামর্শ ছিল তাঁদের। বাস্তবে বন্দরবিশারদদের সেসব হিসাব মেলেনি।
চট্টগ্রাম বন্দর নিয়ে ছয়টি বড় আকারের গবেষণায় ১৯৮৮-৮৯ অর্থবছর থেকে ২০১২-১৩ পর্যন্ত মোট ২৫ বছরের কনটেইনার পরিবহনের পূর্বাভাস পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে। একই সময়ে সাধারণ পণ্য পরিবহনের পূর্বাভাসেও ছিল বিশাল ফারাক। হিসাব না মেলায় পণ্য পরিবহন বাড়ার সঙ্গে সক্ষমতায় এগিয়ে নেওয়া যায়নি বন্দরকে। হঠাৎ করেই পণ্য পরিবহন বাড়ার সঙ্গে বিপদের মুখোমুখিও হতে হচ্ছে বন্দরকে। প্রতিনিয়ত কলাকৌশল করে পণ্য পরিবহন সামাল দিয়েছে বন্দর।
পূর্বাভাস অনুযায়ী, কোন সময়ে কী পরিমাণ অবকাঠামো দরকার, তা হিসাব করে উন্নয়ন পরিকল্পনা ও বাস্তবায়ন করতে হয়। বন্দরে টার্মিনাল ও ইয়ার্ড তৈরির মতো অবকাঠামো করতে হয় ৩০ থেকে ৫০ বছর মেয়াদের হিসাব মাথায় রেখে। এ জন্য পরিকল্পনা করতে হয় দীর্ঘ মেয়াদে।
বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ সম্প্রতি প্রথম আলোকে বলেন, আগের মহাপরিকল্পনায় হয়তো পূর্বাভাস না-ও মিলতে পারে। তবে এবার নতুন করে মহাপরিকল্পনা তৈরির প্রক্রিয়া শুরু হয়েছে। আবার মহাপরিকল্পনা ছাড়াও বন্দরের সক্ষমতা বাড়ানোর জন্য এখন নিয়মিত উন্নয়নকাজ চলছে। যেমন কনটেইনার পরিবহন বাড়তে থাকায় সংস্কার করে কনটেইনার রাখার জায়গা তৈরি করা হয়েছে। নতুন ইয়ার্ড তৈরির কাজেও হাত দেওয়া হয়েছে। এ কারণে পণ্য পরিবহন বাড়লেও তা মোকাবিলা করার জন্য বন্দরের সক্ষমতা আছে।
পরামর্শকদের হিসাব ও বাস্তব চিত্র: চট্টগ্রাম বন্দরের প্রথম মহাপরিকল্পনা তৈরি হয় স্বাধীনতার আগে, ১৯৬৫ সালের সেপ্টেম্বরে। হ্যারিস পরিকল্পনা নামে পরিচিত ‘ফ্রেডরিক আর হ্যারিস ইনকরপোরেশন’ প্রতিষ্ঠানের এই গবেষণায় পণ্য পরিবহনের হিসাবের অর্ধেক পরিবহন হয়েছিল বাস্তবে। ১৯৭৭ সালে এই বন্দরে কনটেইনার পরিবহনের সূচনার পর ঢাকার প্রকৌশলী সংসদ লিমিটেড ১৯৭৯ সালের জুনে সেই মহাপরিকল্পনা যুগোপযোগী করে প্রতিবেদন দেয়। এই মহাপরিকল্পনায় পরামর্শকেরা আঁচই করতে পারেননি যে কনটেইনারই হবে পণ্য পরিবহনের সবচেয়ে জনপ্রিয় মাধ্যম। ১৯৮০ সালে প্রণীত অস্ট্রেলিয়ার মনসেল কনসালট্যান্ট ১৯৯২-৯৩ সালে এক লাখ কনটেইনার পরিবহনের পূর্বাভাস দেয়। বাস্তবে সেই বছর বন্দর দিয়ে কনটেইনার ওঠানো-নামানো হয় এক লাখ ৫০ হাজার ৪৮৭ একক।
১৯৯৫ সালে প্রণীত চট্টগ্রাম বন্দরের মহাপরিকল্পনায় বলা হয়, ২০০৯-১০ সালে কনটেইনার পরিবহন হবে প্রায় সোয়া সাত লাখ একক। একই সময়ের জন্য যুক্তরাজ্যের মট ম্যাকডোনাল্ড ১১ লাখ ১৬ হাজার এবং যুক্তরাষ্ট্রের টেরা ইন্টারন্যাশনাল ১০ লাখ ২৪ হাজার কনটেইনার পরিবহনের পূর্বাভাস দেয়। তবে এই তিন পরামর্শক প্রতিষ্ঠানের হিসাবের চেয়ে কনটেইনার পরিবহন হয়েছে অনেক বেশি, সংখ্যার হিসাবে ১২ লাখ ১২ হাজার ৬৫২ একক। কনটেইনার পরিবহনের মতো সাধারণ পণ্যের পূর্বাভাসেও একই অবস্থা।
বন্দরের ১৯৯৫ সালের মহাপরিকল্পনা তৈরির কাজে প্রধান সমন্বয়ক ছিলেন বন্দরের বোর্ডের সাবেক সদস্য হাদী হোসেন। জানতে চাইলে সম্প্রতি তিনি প্রথম আলোকে বলেন, ‘এটা ঠিক, আমরা যা ধারণা করেছিলাম, তার চেয়ে কনটেইনার পরিবহন অনেক বেশি বেড়েছে। মূলত পোশাকশিল্পের অগ্রযাত্রা ধরতে না পারাই কনটেইনার পরিবহনের পূর্বাভাস ছাড়িয়ে গেছে। আবার সাধারণ পণ্যের ক্ষেত্রে সিমেন্ট শিল্পের অগ্রযাত্রা ধরতে ব্যর্থ হওয়ায় হিসাব মেলেনি।’