বন্দরসহ অবকাঠামো উন্নয়নে দিকনির্দেশনা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন বাজেটে চট্টগ্রাম বন্দর, রেলওয়ে, সড়কসহ অবকাঠামো খাতে চলমান ও আসন্ন প্রকল্পসমূহ দ্রুত বাস্তবায়নে দিকনির্দেশনা দাবি করেছেন এখানকার মানুষ। তাঁদের মতে, চট্টগ্রামে গ্যাস-বিদ্যুতের যে সমস্যা রয়েছে, সেটি সমাধানে বিশেষ উদ্যোগ নেওয়া জরুরি।
স্কুলশিক্ষক এনামুল হক মনে করেন, দেশে প্রকৃত মানবসম্পদ তৈরির জন্য শিক্ষা খাতে ভালো বরাদ্দ থাকা উচিত।
দৃষ্টিপ্রতিবন্ধী আইনজীবী খাদেমুল ইসলাম বাজেটে প্রতিবন্ধী মানুষের জন্য বিশেষ সুবিধা চান।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের শিক্ষার্থী সামিনা ইসলাম বলেন, ‘পড়াশোনা শেষ করে উদ্যোক্তা হতে চাই। সে জন্য বাজেটে কি কোনো নীতি-সহায়তা পাব?’
নগরের নাসিরাবাদ এলাকার দোকানি মোহাম্মদ মোসলেম উদ্দিন প্রশ্ন করেন, ‘শুনলাম, এবারের বাজেটে নাকি ভ্যাট বাড়বে? তাহলে তো আমরাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হব। তাই ভ্যাট বাড়ানোর বাজেট চাই না।’
তবে বাজেট নিয়ে কোনো আগ্রহই দেখা গেল না নিম্নআয়ের মানুষের। নাসিরাবাদ এলাকার পান-সিগারেট বিক্রেতা মোহাম্মদ ফারুক বলেন, ‘বাজেট তো শুধু জিনিসপত্রের দাম বাড়ায়। এই বাজেট দিয়ে আমাগো কী?’