বন্দরসুবিধায় অগ্রগতি নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমদানি-রপ্তানি কার্যক্রমে বন্দরসুবিধা খুব বেশি বাড়েনি। রপ্তানির ক্ষেত্রে পণ্য জাহাজীকরণে লিড টাইম আগের চেয়ে বেড়েছে। আমদানিতে লিডটাইম কমেছে। বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা; দলিলাদি দাখিল; পণ্য পরিদর্শনসহ বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রায় আগের মতোই রয়েছে।
সম্প্রতি প্রকাশিত বিশ্বব্যাংকের লজিস্টিক পারফরম্যান্স (এলপিআই) ২০১৬-এর প্রতিবেদনে এ চিত্র উঠে এসেছে। তবু ওই প্রতিবেদনের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থানের অগ্রগতি হয়েছে। বন্দরসুবিধায় বাংলাদেশের খুব অগ্রগতি না হলেও ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান এখন ৮৭তম। দুই বছরের ব্যবধানে বাংলাদেশ ৩১ ধাপ এগিয়েছে। ২০১৪ সালের আগের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম।
সম্প্রতি বিশ্বব্যাংক এ প্রতিবেদনটি প্রকাশ করেছে। সমুদ্র ও স্থল—দুই ধরনের বন্দরের সুবিধা নিয়ে প্রতি দুই বছর অন্তর এ প্রতিবেদনটি প্রকাশ করে থাকে বিশ্বব্যাংক। মূলত বন্দর ব্যবহারকারীদের ওপর জরিপের ভিত্তিতে এ প্রতিবেদনটি তৈরি করা হয়। এ গতবারের মতো এবারও র্যাঙ্কিংয়ে শীর্ষস্থানে রয়েছে জার্মানি। শুল্কায়ন, অবকাঠামো, আন্তর্জাতিক জাহাজীকরণ, বিভিন্ন পর্যায়ে আনুষঙ্গিক কার্যক্রমের সুবিধা, পণ্য খালাসে সময়সীমা—এসব সূচকের মাধ্যমে এই র্যাঙ্কিং প্রকাশ করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, বন্দর ব্যবহারে কারিগরি-সুবিধা বৃদ্ধি করা হয়েছে। শুল্ক বিভাগে অটোমেশন করা হয়েছে। কিন্তু ব্যবস্থাপনার ক্ষেত্রে খুব একটা অগ্রগতি হয়নি। বিশ্বব্যাংকের প্রতিবেদনেই বলা হয়েছে, ঘুষ, দুর্নীতিসহ নানা কারণে ব্যবস্থাপনা পর্যায় বেশ দুর্বল। জাহিদ হোসেনের মতে, ব্যবস্থাপনায় দুর্বলতার কারণে কারিগরি-সুবিধা পুরোপুরি ভোগ করা যাচ্ছে না।
বন্দরসুবিধা: বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পণ্য খালাস বা জাহাজীকরণ করতে বন্দরের আনুষ্ঠানিকতায় গড়ে দুই দিন সময় লাগে। আর সরেজমিনে পরিদর্শন করা হলে ওই পণ্যের চালানে সময় লাগে গড়ে তিন দিন। দুই বছর আগে অর্থাৎ ২০১৪ সালেও একই চিত্র ছিল। ৩৫ শতাংশ চালানের কাগজপত্র ঠিক থাকে না। ৬৫ শতাংশ চালানের আমদানি-রপ্তানিকারকেরা যথাযথ নিয়ম অনুসরণ করেন। দুই বছর আগেও ৭২ শতাংশ চালানে যথাযথ নিয়ম অনুসরণ করা হতো।
এ ছাড়া আমদানি পর্যায়ে চারটি সংস্থার কাছে পাঁচ ধরনের কাগজপত্র জমা দিতে হয়। পরিস্থিতির কোনো পরিবর্তন হয়নি। রপ্তানি পর্যায়ে একটি সংস্থা কমে এখন তিনটি সংস্থানের কাছে চার ধরনের কাগজপত্র জমা দিতে হয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাংলাদেশে মাত্র ৩০ শতাংশ পণ্যের চালানের সরেজমিনে পরিদর্শন করা হয়। এর মধ্যে আবার ১২ শতাংশ চালানে নানা ধরনের বা একাধিক ধরনের পরীক্ষা-নিরীক্ষা করা হয়। সরেজমিনে পরিদর্শন করা না হলে দুই দিনের পণ্য খালাস করা সম্ভব হয়।
শুল্কায়ন-প্রক্রিয়া, অবকাঠামো, আন্তর্জাতিক জাহাজীকরণ, সুবিধার মান, পণ্যের চালান বাছাইকরণ এবং সময়—এ ছয়টি বিষয়ের ওপর আলাদা র্যাঙ্কিং করেছে বিশ্বব্যাংক। সেখানে দেখা গেছে, বন্দর ব্যবহারে সুবিধার মান সূচকে বাংলাদেশ সবচেয়ে ভালো অবস্থানে রয়েছে। এ সূচকে বাংলাদেশ ৮০তম। আর সবচেয়ে খারাপ অবস্থানে সময় সূচক। এ সূচকে বাংলাদেশের অবস্থান ১০৯তম। এর মানে হলো, বাংলাদেশের বন্দরসুবিধা থাকলেও পণ্য খালাস করতে তুলনামূলক বেশি সময় লাগে। মূলত ব্যবস্থাপনার দুর্বলতার কারণেই সুবিধা ভোগ করা যাচ্ছে না।
বাংলাদেশে একটি রপ্তানিমুখী পণ্যের চালান রপ্তানিকারকের কারখানা থেকে সমুদ্রবন্দর কিংবা বিমানবন্দর পর্যন্ত যেতে গড়ে চার দিন সময় লাগে। পণ্য পরিবহনের সময় আগের চেয়ে দ্বিগুণের বেশি হয়েছে। দুই বছর আগের প্রতিবেদন অনুযায়ী, এসব বন্দরে যেতে গড়ে দুই দিন সময় লাগত। অন্যদিকে আমদানির ক্ষেত্রে সমুদ্রবন্দর কিংবা বিমানবন্দর থেকে আমদানিকারকের কাছে পৌঁছাতে গড়ে পাঁচ দিন লাগে। দুই বছর আগে লাগত মাত্র তিন দিন।
৮৭তম বাংলাদেশ: সমুদ্র ও স্থল এই ধরনের বন্দরসুবিধায় বিশ্বের অন্য দেশের তুলনায় বাংলাদেশ বেশ পিছিয়ে রয়েছে। অথচ বর্ধনশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের বন্দরসুবিধা বাড়ানোর বিকল্প নেই। ২০১৬ সালের এলপিআই সূচকে দেখা গেছে, ১৬০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৮৭তম। ২০১৪ সালের চেয়ে এবার বাংলাদেশ ৩১ ধাপ এগিয়েছে। ওই বছর বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম। এবার প্রথম স্থানে রয়েছে জার্মানি। এর পরের দুটি স্থানে যথাক্রমে লুক্সেমবার্গ ও নেদারল্যান্ডস। সিরিয়ার বন্দরসুবিধা বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ।
দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান তৃতীয়। এ অঞ্চলে শীর্ষে রয়েছে ভারত, দেশটির বিশ্ব অবস্থান ৩৫তম। এ ছাড়া পাকিস্তান ৬৮, মালদ্বীপ ১০৪, নেপাল ১২৪, ভুটান ১৩৫ ও আফগানিস্তান ১৫০তম স্থানে রয়েছে। শ্রীলঙ্কা এ র্যাঙ্কিংয়ের তালিকায় নেই। এশিয়ার মধ্যে শীর্ষ অবস্থানে রয়েছে সিঙ্গাপুর। দেশটির বিশ্ব র্যাঙ্কিং ৫।