বন্দরে আটক হলো কনটেইনার জাহাজ
আন্তর্জাতিক নিরাপত্তাবিষয়ক ইন্টারন্যাশনাল শিপ অ্যান্ড পোর্ট ফ্যাসিলিটি সিকিউরিটি (আইএসপিএস) কোডের শর্ত পরিপালন না করায় চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনারবাহী জাহাজ আটক করা হয়েছে। আইএসপিএসের শর্ত পূরণ করার আগে জাহাজটি বন্দর ত্যাগে নিষেধাজ্ঞা দিয়ে গতকাল বুধবার জাহাজের মাস্টারসহ সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছে নৌ-বাণিজ্য অধিদপ্তর। নৌ-বাণিজ্য অধিদপ্তর সূত্র জানায়, গত মঙ্গলবার জাহাজটিতে জরিপ করে আইএসপিএস কোডের ব্যত্যয় ঘটার চিত্র দেখতে পায় নৌ-বাণিজ্য অধিদপ্তরে একজন সার্ভেয়ার (জরিপকারক)। এ সময় দেখা যায়, জাহাজের নিরাপত্তায় নিয়ন্ত্রণ ছিল না, যে কারণে অবৈধ লোকজনের আসা-যাওয়া ছিল জাহাজটিতে। এ ছাড়া জাহাজ থেকে পানি বের হওয়ার পথে তেল বের হলে সতর্কসংকেত বেজে ওঠে। কিন্তু এই জাহাজে সতর্কসংকেতটি অকেজো ছিল। জানতে চাইলে নৌ-বাণিজ্য অধিদপ্তরের মুখ্য কর্মকর্তা ক্যাপ্টেন হাবিবুর রহমান বিষয়টি স্বীকার করে গতকাল প্রথম আলোকে বলেন, আইএসপিএস কোডের ব্যত্যয় হওয়ায় জাহাজটি ডিটেইন (আটক) করা হয়েছে। শর্ত পূরণ করলে জাহাজটি বন্দর ত্যাগ করতে পারবে। এ বিষয়ে জাহাজের স্থানীয় প্রতিনিধি জিবিএক্স লজিস্টিক লিমিটেডের একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, ‘এগুলো ছোটখাটো সমস্যা। আজ-কালের মধ্যে এসব বিষয় প্রতিপালন করা হবে। মালিকপক্ষ আগে থেকেই জাহাজটির কিছু কিছু বিষয় সার্ভে করার জন্য এখানে নিয়ে আসে। এ কারণে আমরা কনটেইনারও পরিবহন করিনি।’ বন্দর সূত্রে জানা গেছে, পানামার পতাকাবাহী ওই এল বেঙ্গল জাহাজটি সিঙ্গাপুর বন্দর থেকে গত ৩০ ডিসেম্বর বন্দরের বহির্নোঙরে এবং পরদিন বন্দরের সিসিটি জেটিতে ভেড়ে। বন্দরের ঘোষণা অনুযায়ী জাহাজটির বুধবার বন্দর ত্যাগের কথা ছিল।