বাংলাদেশ স্ট্যান্ডার্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই) থেকে পণ্যের গুণগতমানের সাময়িক ছাড়পত্র দেওয়া বন্ধ থাকায় চট্টগ্রাম বন্দরে সিরামিক টাইলসভর্তি অন্তত ১০৮টি কনটেইনার আটকা পড়েছে।এসব কনটেইনার ন্যূনতম দুই সপ্তাহ থেকে আড়াই মাস ধরে পড়ে আছে বন্দরে। যে কারণে বন্দরে কনটেইনার রাখার অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে আমদানিকারক ব্যবসায়ীদের।হিসাব করে দেখা গেছে, আটকে পড়া ১০৮টি কনটেইনার বন্দরে অতিরিক্ত অবস্থানের জন্য ব্যবসায়ীদের অতিরিক্ত ভাড়া প্রায় অর্ধকোটি টাকা শোধ করতে হবে।সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলাপ করে জানা যায়, দেশের নতুন আমদানিনীতি আদেশে (২০০৯-২০১২) সিরামিক তৈজসপত্র বিএসটিআইয়ের নির্ধারিত মান অনুযায়ী নমুনা পরীক্ষা করাতে হয়। এই পরীক্ষার প্রতিবেদন শুল্ক কর্তৃপক্ষের কাছে দাখিলের পরই কেবল বন্দর থেকে পণ্য খালাস করতে পারেন আমদানিকারকেরা।নতুন এই আদেশে বিএসটিআই থেকে সাময়িক ছাড়পত্র নিয়ে কিছু কনটেইনারভর্তি পণ্য খালাসও করেন আমদানিকারকেরা। কিন্তু একপর্যায়ে আমদানিকারকেরা হাইকোর্টে একটি রিট আবেদন করেন। এর পরিপ্রেক্ষিতে গত ১৮ মে থেকে সাময়িক ছাড়পত্র দেওয়া বন্ধ করে দেয় বিএসটিআই। ফলে বন্দরে সিরামিক পণ্যভর্তি কনটেইনারের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এ প্রসঙ্গে বাংলাদেশ মোজাইক মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি রিয়াজুল আহসান প্রথম আলোকে বলেন, বন্দরে পণ্য আসার পর ৪৮ দিনেও ছাড়পত্র পাচ্ছেন না আমদানিকারকেরা। সাময়িক বা চূড়ান্ত কোনো ধরনের ছাড়পত্র না পাওয়ায় চট্টগ্রাম বন্দর থেকে ১০৮টি কনটেইনার খালাস করা যাচ্ছে না। যে কারণে সিরামিক টাইলস আমদানিকারকদের ব্যবসা এখন স্থবির হয়ে পড়েছে। বিএসটিআইয়ের চট্টগ্রামের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, সিরামিক টাইলসের রাসায়নিক পরীক্ষা চট্টগ্রামে এবং ফিজিক্যাল পরীক্ষা ঢাকায় করাতে হয়। বন্দরে এই পণ্য আসার পর নমুনা সংগ্রহ করে ঢাকায় পাঠাতে সময় লাগে অন্তত সাত দিন। আর পরীক্ষা করে প্রতিবেদন পেতে সময় লাগে এক মাসের বেশি। এ পরিস্থিতিতে আমদানিকারকেরা বিএসটিআই থেকে সাময়িক ছাড়পত্র নিয়ে তা কাস্টমস হাউসে দাখিল করার পর পণ্যের শুল্কায়ন করা হয়। চূড়ান্ত ছাড়পত্রের আগে এসব পণ্য বাজারজাত করা যাবে না, এমন শর্তেই সাময়িক ছাড়পত্র দেওয়া হয় বলে জানান এই সরকারি সংস্থার কর্মকর্তারা। সাময়িক ছাড়পত্র দেওয়া বন্ধ থাকার বিষয়টি স্বীকার করে বিএসটিআইয়ের উপপরিচালক নুরুল আমিন প্রথম আলোকে বলেন, আদালতের রায়ের ওপর নির্ভর করছে সাময়িক ছাড়পত্র দেওয়া হবে কি না।তবে সিরমিক টাইলস পরীক্ষা করতে এক থেকে দেড় মাসের মতো সময় লেগে যাওয়ার বিষয়টি স্বীকার করে বিএসটিআইয়ের উপপরিচালক বলেন, জরুরি হলে ১২-১৪ কর্মদিবসে এবং স্বাভাবিক সময়ে ২০ থেকে ২২ কর্মদিবসের মধ্যে ছাড়পত্র দেওয়া যায়।বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরে জাহাজ থেকে পণ্য ইয়ার্ডে রাখার প্রথম চার দিন বিনা ভাড়ায় রাখা যায়। এরপর প্রথম সপ্তাহে প্রতিদিন প্রতি কনটেইনারে ছয় ডলার, দ্বিতীয় সপ্তাহের প্রতিদিন ১২ ডলার এবং এরপর থেকে প্রতিদিন ২৪ ডলার হারে ভাড়া গুনতে হয় আমদানিকারকদের।