বন্দরে জাহাজ বিকল, বিপাকে রপ্তানিকারকেরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কনটেইনারবাহী একটি জাহাজ বন্দরের বহির্নোঙরে বিকল হয়ে পড়ায় গত নয় দিনেও হাতে পাওয়া যায়নি ওই জাহাজে আনা পোশাকশিল্পের কাঁচামাল। কাঁচামাল হাতে না পাওয়ায় পণ্য উৎপাদন করে রপ্তানির সুযোগও হাতছাড়া হতে যাচ্ছে।
বন্দর সূত্রে জানা গেছে, এমভি ইউনি প্রুডেন্ট নামের জাহাজটিতে ১ হাজার ১৭২ একক কনটেইনারভর্তি পণ্য রয়েছে। সিঙ্গাপুর থেকে জাহাজটি ১৭ আগস্ট বন্দরের বহির্নোঙরে আসে। পরদিন জেটিতে ভেড়ানোর জন্য আনার সময় বহির্নোঙরেই আরেকটি জাহাজের সঙ্গে সংঘর্ষে বিকল হয়ে যায়। নয় দিন ধরে জাহাজটি কনটেইনার নিয়ে ভাসছে।
রপ্তানিকারকেরা বলছেন, বিকল জাহাজটি টাগবোটের সাহায্যে বন্দরের জেটিতে ভেড়ানো গেলে কিছুটা হলেও রক্ষা হয়। সে ক্ষেত্রে বিমানে পণ্য পাঠিয়ে তাঁরা রপ্তানি আদেশ রক্ষা করতে পারবেন। তবে বিকল জাহাজটি জেটিতে ভিড়িয়ে ঝুঁকি নিতে চাইছে না বন্দর কর্তৃপক্ষ।
এ বিষয়ে বন্দরের পর্ষদ সদস্য জাফর আলম গত শনিবার প্রথম আলোকে বলেন, বিকল জাহাজটি কোনো অবস্থাতেই বন্দরের জেটিতে ভেড়ানোর সুযোগ দেওয়া হবে না। কারণ, তাতে যদি কোনো দুর্ঘটনা ঘটে, তাহলে বন্দর অচল হয়ে যাবে। এর আগে এর চেয়ে ছোট একটি বিকল জাহাজ বন্দরে ভেড়ানোর সময় মোহনায় আটকে গিয়েছিল। বহির্নোঙরে কনটেইনার খালাসের সুযোগ না থাকায় এটি সিঙ্গাপুরেই নিতে হবে।
বন্দরের জেটিতে ভেড়ানোর সুযোগ না থাকায় টাগবোটের সাহায্যে সিঙ্গাপুরে টেনে নিয়ে কনটেইনার খালাস করতে হবে জাহাজ কোম্পানিকে। পরে আরেকটি জাহাজে করে কনটেইনার নিয়ে আসতে হবে।
জাহাজটিতে করে ১১ কনটেইনার কাপড় ও তিন কনটেইনার হ্যাঙ্গার আমদানি করেছিল চট্টগ্রামের কর্ণফুলী রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের প্রতিষ্ঠান ক্যানপার্ক বাংলাদেশ অ্যাপারেল (প্রাইভেট) লিমিটেড। জানতে চাইলে প্রতিষ্ঠানের ব্যবস্থাপক (বাণিজ্যিক) আবদুল মালেক প্রথম আলোকে বলেন, ‘এই কাঁচামাল দিয়ে ট্রাউজার তৈরি করে যুক্তরাষ্ট্রের কয়েকজন ক্রেতার কাছে রপ্তানি করার কথা ছিল। নির্ধারিত সময়ে জাহাজ ভেড়ানো হলে কাঁচামাল এনে ২২ আগস্ট উৎপাদন শুরু করে দেড় লাখ পিস ট্রাউজার তৈরি করে ৫ সেপ্টেম্বর কারখানা থেকে সরবরাহ করার কথা। এখন আর কোনো সম্ভাবনা দেখছি না।’
ক্যানপার্কের মতো প্যাসিফিক জিনস, জেএমটেক্স লিমিটেডসহ বহু পোশাকশিল্প-প্রতিষ্ঠানের কাঁচামাল রয়েছে জাহাজটিতে। যোগাযোগ করা হলে বিজিএমইএ ও প্যাসিফিক জিনসের পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর প্রথম আলোকে বলেন, জাহাজটি সিঙ্গাপুরে টেনে নিয়ে গেলে পণ্য হাতে পেতে এক মাসের বেশি সময় লাগবে। সে ক্ষেত্রে বিমানে পণ্য পরিবহন করতে হবে বা রপ্তানিকারকদের ডেমারেজ (ক্ষতিপূরণ) গুনতে হবে।
এর আগে ২০১৩ সালের সেপ্টেম্বরে এর চেয়ে ছোট আকারের একটি বিকল জাহাজ বন্দরের জেটিতে ভেড়ানো হয়েছিল। তবে প্রথম দফায় সেটি কর্ণফুলীর মোহনায় চরে আটকে যায়। পরে টাগবোটের সাহায্যে টেনে নির্ধারিত সময়ের দেড় মাস পর জাহাজটি জেটিতে ভেড়ানো সম্ভব হয়।