বন্দরে জাহাজের গড় অবস্থান সময় কমেছে
চট্টগ্রাম বন্দরে কনটেইনার জাহাজের গড় অবস্থান সময় (টার্ন অ্যারাউন্ড টাইম) কমে এখন গড়ে তিন দিনে নেমে এসেছে। যা গত বছরের জুলাই মাসে ছিল সাড়ে চার থেকে পাঁচ দিন।বন্দরের দক্ষতা বাড়ায় জাহাজের গড় অবস্থান সময় কমেছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করেন। তাঁদের মতে, কোনো বন্দরে জাহাজ অবস্থানের গড় সময়কে ওই বন্দরের দক্ষতা নির্ণয়ের সূচক হিসেবে বিবেচনা করা হয়।এর আগে ২০০৭ সালে জরুরি অবস্থার সময় সেনাবাহিনীর সহায়তায় ব্যাপক সংস্কার কার্যক্রম শুরু হলে এই বন্দরে জাহাজের গড় অবস্থান সময় আড়াই দিনে নেমে এসেছিল। কিন্তু রাজনৈতিক সরকার ক্ষমতায় আসার এক বছর পরে ২০১০ সালের মে মাস থেকে পরিস্থিতির অবনতি হতে থাকে। একপর্যায়ে গত বছরের অক্টোবর মাসে জাহাজের গড় অবস্থান সময় সাত দিনে ওঠে যায়।প্রসঙ্গত, একটি জাহাজ বন্দরে আসার পর থেকে ছেড়ে যাওয়া পর্যন্ত সময়কে গড় অবস্থান সময় বলা হয়। এই সময়ের মধ্যেই জাহাজে কনটেইনার খালাস-বোঝাই সম্পন্ন করা হয়।চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান কমোডর এম আনওয়ারুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘কনটেইনার জাহাজের গড় অবস্থান দুই দিনে নামিয়ে আনার লক্ষ্য আছে আমাদের।’ বন্দরে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু হলে এটা সম্ভব হবে বলে মনে করেন তিনি।জাহাজ কোম্পানি সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দর থেকে সিঙ্গাপুর, কলম্বো ও মালয়েশিয়া—এই তিন দেশের চারটি নৌপথে ফিডার জাহাজ চলাচল করে। এসব বন্দরের মাধ্যমে ইউরোপ-আমেরিকাসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া হয়।জাহাজ কোম্পানির কর্মকর্তারা বলছেন, গড় অবস্থান সূচকের অগ্রগতির কারণে চট্টগ্রাম বন্দরে জাহাজ কোম্পানিগুলোর অর্থ সাশ্রয় হচ্ছে। তাঁদের মতে, বন্দরে একটি কনটেইনার জাহাজ এক দিন কম অবস্থান করলে ভাড়া বাবদ ১০ থেকে ১২ হাজার মার্কিন ডলার বেঁচে যায়। সুতরাং, যত কম সময়ে একটি জাহাজ বন্দর ছেড়ে যেতে পারবে, ততই খরচ সাশ্রয় হবে জাহাজ কোম্পানিগুলোর।শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের পরিচালক মো. মুনতাসীর রুবাইয়াত প্রথম আলোকে বলেন, ‘জাহাজের গড় অবস্থান বর্তমানে সন্তোষজনক। তবে স্বয়ংক্রিয়-পদ্ধতি চালু হলে তা দুই দিনে নেমে আসবে বলে আমরা আশা করছি।’চট্টগ্রাম বন্দরের পরিসংখ্যানে দেখা যায়, জাহাজের গড় অবস্থান তিন দিনের নিচে ছিল ২০১০ সালের এপ্রিল মাসে। সেই মাসে ৭৫টি জাহাজ গড়ে ২ দশমিক ৬৫ দিন অবস্থান করে এই বন্দরে।জানা গেছে, বর্তমানে এই বন্দরের পাঁচটি জেটিতে পরীক্ষামূলকসহ মোট ১৯টি মূল জেটিতে পণ্য ওঠানো-নামানো হচ্ছে। এর মধ্যে কনটেইনার ওঠানো-নামানো হচ্ছে ১০টি জেটিতে। এসব জেটিতে সাতটি বেসরকারি অপারেটর পণ্য ওঠানো-নামানোর কাজ করছে। বাকিগুলোতে বাল্ক ও ব্রেকবাল্ক জাহাজ থেকে পণ্য খালাস করা হয়।